জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে গাজী আইস প্ল্যান্টের কনডেনসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ২০ জন শ্রমিক ও জেলে অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, রাত ১টা ২৬ মিনিটের দিকে বরফকলের কনডেনসার পাইপ হঠাৎ ফেটে গেলে মুহূর্তেই তীব্র অ্যামোনিয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের প্রবাহ দক্ষিণমুখী থাকায় গ্যাসটি আলীপুর এলাকার ঘাটে নোঙর করা মাছ ধরার ট্রলারগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী ট্রলারে থাকা জেলেরা শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও বমি বমি ভাবের মতো উপসর্গে আক্রান্ত হন।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে। এ সময় ৯ জন জেলেকে তড়িঘড়ি করে তুলাতলি ২০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থদের মধ্যে রয়েছেন— ফিরোজ, দুলাল, ইয়াসিন, করিম, বসির, মাকসুদ, আওলাদ, সবুজ ও হাবিব।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অক্সিজেন সংকটের কারণে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইস প্ল্যান্টটির কারিগরি ত্রুটি নিরূপণ ও মেরামতের জন্য সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

ফায়ার সার্ভিসের সদস্য মো. জাকির হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত বিপজ্জনক। এটি শ্বাসনালী ও চোখে মারাত্মক প্রভাব ফেলে। সময়মতো নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহিপুর-আলীপুর এলাকায় বহু পুরনো বরফকল অরক্ষিতভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও কারিগরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *