
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার পাচখোলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন—ওয়াসিম মাদবর (৫২), পিতা মৃত হেলাল উদ্দিন মাদবর, গ্রাম পশ্চিম পাচখোলা; মো. আরমান মাতুব্বর (২৬), পিতা চুন্নু মাতুব্বর, গ্রাম কালিকাপুর; এবং মো. সজীব মুন্সি (৩০), পিতা জালাল মুন্সি, মাতা রোকসানা বেগম, গ্রাম ছিলারচর নয়াকান্দি—তিনজনই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। তাদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অভিযানের দিন তারা মাদক বিক্রি করতে এসে ডিবির পাতা ফাঁদে ধরা পড়ে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা এবং ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযানের মাধ্যমে আমরা মাদক ব্যবসায়ীদের একটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। মাদারীপুরে মাদকের বিস্তার রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
