হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা হলে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, তেহরানের দাবির মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বন্ধ করা, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ দ্রুত অবমুক্ত করা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে তেহরান। এ প্রস্তাব গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।
এদিকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে এবং সামনে আরও বৈঠক হতে পারে। তবে সামরিক উত্তেজনা ও পারস্পরিক চাপ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি নিয়ে সমাধানের বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে।



















