ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় কোহিনুর বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক যানটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামের জুড়কাঠি শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম ওই এলাকার মৃত শানু আকনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোহিনুর বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক অজ্ঞাত যানবাহনটি শনাক্ত এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



















