Friday , 14 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা

। ইসতিয়াক আহমেদ । দক্ষিণ এশিয়ায় গত কয়েক দশকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই ইতিবাচক অগ্রগতির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রবণতা সামনে এসেছে—প্রতিবন্ধী হিসেবে জীবনযাপনকারী শিশুর সংখ্যা বেড়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, শিশু মৃত্যুহার কমার পাশাপাশি শৈশবকালীন প্রতিবন্ধিতার হারও বেড়েছে। গবেষকদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত সম্পর্ক (association)। তবে এটিকে সরাসরি কারণ-ফল সম্পর্ক (causation) হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। এই প্রবণতা স্বাস্থ্যব্যবস্থার জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

‘ডেভেলপমেন্টাল মেডিসিন অ্যান্ড চাইল্ড নিউরোলজি’ (Developmental Medicine & Child Neurology) জার্নালে প্রকাশিত এ গবেষণা পরিচালনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁনসহ দেশি-বিদেশি গবেষকদের একটি দল। গবেষণায় ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ড. মো. নুরুজ্জামান খাঁন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো হিসেবেও যুক্ত রয়েছেন।

গবেষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের তথ্য ব্যবহার করা হয়েছে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্বব্যাংক, বিভিন্ন জরিপ, গবেষণা নিবন্ধ এবং আন্তর্জাতিক ডাটাবেসের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা শিশু মৃত্যুহার ও শৈশবকালীন প্রতিবন্ধিতার প্রবণতার মধ্যে সম্পর্ক মূল্যায়ন করেছেন।

গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে প্রতি হাজার জীবিত জন্মে পাঁচ বছরের কম বয়সী ১২৬ শিশুর মৃত্যু হলেও ২০২২ সালে তা কমে ৩৭ জনে নেমে এসেছে। অর্থাৎ, এ সময়ে শিশুমৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ কমেছে।

গবেষকদের মতে, উন্নত জনস্বাস্থ্য ব্যবস্থা, টিকাদান কর্মসূচির সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টির উন্নতি, বিশুদ্ধ পানির সহজলভ্যতা এবং আর্থসামাজিক উন্নয়ন এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি হাজার জীবিত জন্মে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহারের গড় ছিল ৬২ দশমিক ৮। অন্যদিকে, ১৮ বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে গড়ে ৪৭ জন প্রতিবন্ধী হিসেবে জীবনযাপন করছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে শিশু মৃত্যুহার কমার প্রবণতা এবং প্রতিবন্ধী শিশুর হার বৃদ্ধির প্রবণতা একে অপরকে অতিক্রম করে। ২০১০ সালের পর থেকে প্রতিবন্ধী শিশুর হার শিশু মৃত্যুহারের তুলনায় দ্রুত বাড়তে শুরু করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—সব দেশেই এ ধরনের প্রবণতা দেখা গেছে, যদিও সময়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে শিশু মৃত্যুহার ও প্রতিবন্ধী শিশুর হারের মধ্যে একটি উল্লেখযোগ্য বিপরীত সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় দেখা যায়, শিশু মৃত্যুহার প্রতি একক কমার সঙ্গে প্রতিবন্ধী শিশুর হার গড়ে ০.২৪৫ একক বাড়ার পরিসংখ্যানগত সম্পর্ক রয়েছে। একইভাবে, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং অপরিণত (প্রিটার্ম) জন্মের হার বৃদ্ধির সঙ্গেও প্রতিবন্ধিতার হার বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণাটি এসব ফলাফলকে সরাসরি কারণ-ফল সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেনি।

গবেষকদের মতে, আগে যেসব শিশু অকাল জন্ম, জন্মের সময় শ্বাসকষ্ট, সংক্রমণ, জন্মগত ত্রুটি কিংবা অন্যান্য জটিলতার কারণে মারা যেত, আধুনিক চিকিৎসা ও নবজাতক সেবার উন্নতির ফলে তাদের অনেকেই এখন বেঁচে যাচ্ছে। তবে তাদের একটি অংশ দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতার ঝুঁকিতে থাকে। পাশাপাশি উন্নত শনাক্তকরণ ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির কারণেও আগের তুলনায় প্রতিবন্ধিতা বেশি শনাক্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ২৪ কোটি শিশু প্রতিবন্ধী হিসেবে জীবনযাপন করছে। এদের বড় একটি অংশ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে বাস করে।

গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ১৪ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছে। এর মধ্যে সেরিব্রাল পালসি, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধিতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উল্লেখযোগ্য।

গবেষকদের মতে, অপুষ্টি, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে, সংক্রমণ, সময়মতো প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা না পাওয়া, মাতৃস্বাস্থ্যসেবার সীমিত ব্যবহার এবং কম বয়সে অসংক্রামক রোগের বিস্তার শিশুদের প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়ায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পর্যাপ্ত ফলোআপ, প্রাথমিক হস্তক্ষেপ এবং পুনর্বাসন সেবার অভাবও এ চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে।

তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার উন্নতি, প্রতিবন্ধিতা শনাক্তকরণ পদ্ধতির অগ্রগতি, চিকিৎসকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং

সচেতনতা বাড়ার কারণে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতাসহ বিভিন্ন সমস্যা আগের তুলনায় বেশি শনাক্ত হচ্ছে। ফলে নিবন্ধিত প্রতিবন্ধী শিশুর সংখ্যাও বেড়েছে।

গবেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় অপুষ্টি এখনও বড় একটি সমস্যা। বর্তমানে এ অঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ শিশু খর্বাকৃতির (স্টান্টেড), যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। পাশাপাশি নিম্ন আয়ের পরিবারে স্বাস্থ্যসেবা পাওয়ার সীমাবদ্ধতা, রোগ শনাক্তে বিলম্ব, চিকিৎসার অভাব, জিনগত ও পরিবেশগত কারণ এবং নিকটাত্মীয়ের মধ্যে বিয়েও শিশুদের প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়ায়।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবন্ধী শিশুর প্রকৃত চিত্র নির্ধারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক উন্নয়নশীল দেশে এখনো প্রতিবন্ধিতা পর্যবেক্ষণের নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই এ গবেষণার ফলাফলকে সরাসরি কারণ-ফল সম্পর্ক হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রবণতা হিসেবে দেখা উচিত।

গবেষণাটি বলছে, দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমে যাওয়া একটি বড় অর্জন। তবে একই সঙ্গে শৈশবকালীন প্রতিবন্ধিতার হার বৃদ্ধি নতুন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধিতা প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ, প্রাথমিক হস্তক্ষেপ, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সহায়তামূলক সেবার ওপর গুরুত্ব দিয়ে সমন্বিত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন গবেষকরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে কর্মহীনরা পেলেন অটোরিকশা

মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী

আলভারেজকে বিক্রি করবে না এ্যাথলেটিকো

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ