গাজীপুর মহানগরের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নোয়াপাড়া গ্রামের রিপন মিয়ার পুত্র। সে গাজীপুরার কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির মানবিক বিভাগে পড়াশোনা করছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যার পর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইয়াসিন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ঘটনার পর পরই পুলিশ চালক ও হেলপার পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।
তিনি জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ বাসস



















