এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ পর্যন্ত ১৩৪টি হজ ফ্লাইটে মোট ৫২ হাজার ৩৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে জেদ্দায় মোট ১৩৪টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে গতকাল পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১১ জন মক্কায় এবং দু’জন মদিনায় মারা যান।
বুলেটিনে আরো বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ২৪ হাজার ৯৩৯ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ১৫ হাজার ২০ জনকে সেবা দিয়েছে।
হজ অফিসের পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৪৬ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৮৪৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাকি ২৬ হাজার ২৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরব পৌঁছাবেন বলে জানান পরিচালক।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২২টি।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ পালিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে।
সূত্রঃ বাসস



















