Tuesday , 10 November 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
November 10, 2026 7:12 am

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন। এরপর লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত