রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালুর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা এসেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটি ও আশপাশের উন্নয়নমূলক কাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে এ সভা করা হয়েছে। একটি সংস্থার কাজ শেষ হওয়ার পর একই স্থানে অন্য সংস্থার পুনরায় খোঁড়াখুঁড়ি যাতে না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো নগরবাসীর ভোগান্তি কমানো, তাদের স্বস্তি দেওয়া এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি শিফটিং ও অন্যান্য নির্মাণকাজ একসঙ্গে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও ডেসাসহ অন্যান্য সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে এবং প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে যান চলাচলে শৃঙ্খলা বাড়ছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন। একই সঙ্গে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ইউটিলিটি শিফটিংয়ের কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর ওপর যানবাহনের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ জন্য জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় পরিকল্পনার কাজ চলছে। এর মধ্যে শহরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে রাজধানীর যানজটের অন্যতম কারণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে কাউকে আকস্মিকভাবে বেকার না করে ধাপে ধাপে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে। ইতোমধ্যে অনেক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনের ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রকাশিত সম্ভাব্য সূচি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাময়িক আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি বলেন, গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার প্রস্তুত।



















