অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধের কাছ থেকে জমিসংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে বসে আছেন এক বৃদ্ধ। এ সময় এক নারী তার কাছ থেকে জমিসংক্রান্ত একটি কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন। ভিডিওতে ওই বৃদ্ধকে বেশ দুর্বল অবস্থায় দেখা যায়।
ভিডিও ধারণকারী নারী ওই বৃদ্ধের মেয়েকে হাসপাতালে জমির দলিল নিয়ে আসার বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে তাকে সেখান থেকে চলে যেতে বলছেন ওই নারী—ভিডিওতে এমন কথোপকথনও শোনা যায়।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটিকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। বিশেষ করে অসুস্থ ও শয্যাশায়ী একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তিসংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করা হতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



















