বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রযালি ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মিঠাখালী বাজার এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশকর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন ধ্বংস হলে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বও মারাত্মক হুমকির মুখে পড়বে।
সভায় সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শেখ রুস্তুম আলী, গোলাম রসুল, শাহ আলম শিপন, এম রেজাউল ইসলাম, পরিবেশকর্মী নাজমুল হক, জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, ছাত্রনেতা মঈন গাজী, আরাফাত দূর্জয় ও পরিবেশযোদ্ধা মেহেদী হাসান।
বক্তারা বলেন, বন উজাড়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে বিশ্বজুড়ে বাঘের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বনদূষণ নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টাইগার অ্যাকশন প্ল্যানের কার্যকর বাস্তবায়নের দাবি জানান তারা।
আলোচনা সভায় আরও উল্লেখ করা হয়, এক সময় বিশ্বের ৩৩টি দেশে বাঘের বিচরণ থাকলেও বর্তমানে মাত্র ৮টি দেশে এ প্রাণী টিকে আছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন ও বাঘ সংরক্ষণে সরকার, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য রযালি মিঠাখালী ও চাঁদপাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে বিকেলে বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঘ মহড়া এবং একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।


















