ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার জেরে পাঁচ বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক নারী। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার অভিযানে অল্প সময়ের মধ্যেই মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারী লাকি আক্তার, যিনি নলছিটি শহরের বাসিন্দা এবং আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফেরিঘাট এলাকায় মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। পরে মা ও শিশুকে নিরাপদে তীরে তুলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তারের দাবি, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা সমস্যা ছিল। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সন্তানের অভিভাবকত্বকে কেন্দ্র করে তিনি মানসিক চাপে ছিলেন। সেই দীর্ঘদিনের চাপ থেকেই আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি জানান।
এদিকে, ঘটনার বিষয়ে সাইদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মা ও শিশু সুস্থ ও নিরাপদ আছেন। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















