
মাসুম বিল্লাহ, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অবস্থিত শত বছরের পুরনো ভুবনসাহা কাচারির কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফলের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মন্দির সংস্কারের আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য স্পষ্টভাষায় বলেন, “যে বাগানে ফুল থাকে, সে বাগানে দুই-একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই প্যাঁচা বাগান নষ্ট করার চেষ্টা করে। তাই বাগানের মালীকে সতর্ক থাকতে হয়। সমাজে ভালো-মন্দ মানুষ থাকবেই, তবে মন্দ লোকের সংখ্যা কম। আমরা সেই মন্দ লোকদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।”
তিনি আরও বলেন, “মন্দিরে প্রবেশ করে কালীর মাথা যারা ভেঙে ফেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মন্দির ঘর সংরক্ষণে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শনের সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শহরের নেতা-কর্মীরা এবং স্থানীয় হিন্দু কমিউনিটির সদস্যরা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৮ শে ফেব্রুয়ারী রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে শতবর্ষী কালী প্রতিমার মাথা ভেঙে দেয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিলে সংসদ সদস্যের পরিদর্শন ও বক্তব্য পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখে। বাউফল উপজেলার সদর ইউনিয়নের ভুবনসাহা কাচারি এলাকায় মন্দিরটি অবস্থিত। এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে ধর্মীয় ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত। সংসদ সদস্যের আশ্বাসের পর এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।