শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার মধ্যেও পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত পর্যটক সমুদ্রের পানিতে গোসল ও আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন এবং ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।
সরকারি ছুটির দুই দিন কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকরা। আবহাওয়া অনুকূলে না থাকলেও সৈকতে পর্যটকদের উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
তবে বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল পরিস্থিতিতে পর্যটকদের সতর্কতার সঙ্গে সমুদ্রে নামার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি লাইফগার্ড ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


















