চট্টগ্রাম প্রকৌশল ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হলসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২৪ ব্যাচের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়েটের কবি কাজি নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতরা হলেন, কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত বন্ধুদের সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে তারা পুকুরের মাঝামাঝি অংশে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্নব সাহার মৃত্যু হয়েছিল।



















