জেলার ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান বেপারী নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক আকন ধুলগ্রাম এলাকার জালাল আকনের পুত্র। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর পুত্র।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আশিক আকন মোটরসাইকেলে রমজান বেপারীকে নিয়ে মাদারীপুর শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বাসসকে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত এবং চালকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সুত্রঃ বাসস



















