প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর পৌর বাপ্তা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা সমাজ ও অর্থনীতিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিসিকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, স্থানীয় বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড.নজরুল হক অনু, পিসিসির নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ, গ্রীন ডেইরির ব্যবস্থাপনা পরিচালক তাহসিন মাহমুদ এবং পিসিসির প্রকল্প ব্যবস্থাপক স্নিগ্ধা মৌ ঘোষ।



















