পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান লাগাতার কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তারা জানান, হামলার সুষ্ঠু বিচার, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এসময় হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রফেসর ড. এবিএম সাইফুল্লাহসহ অন্যান্য শিক্ষক নেতারা।
পরে ডিন কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জরুরি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষক নেতা প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সিদ্ধান্ত অনুযায়ী, গত ১১ মে আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূর্বঘোষিত রুটিন অনুযায়ী আগামী ১৭ মে থেকে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ক্লাস, ক্লাস টেস্টসহ সকল প্রশাসনিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে আন্দোলনকারীরা উপাচার্যের অফিস, বাসভবন, রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১১ মে ভিসি অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।



















