আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি বাংলাদেশের ব্যাটার মোমিনুল হক। শতক না পেলেও দলের জন্য অবদান রাখতে পেরে খুশি তিনি।
৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে তৃতীয় উইকেটে রানের ১৭০ রানের জুটি গড়েন মোমিনুল। সেঞ্চুরি তুলে শান্ত ১০১ রানে আউট হন। তবে ৯১ রানে আউট হন মোমিনুল। সেঞ্চুরি মিস করায় নিজের কোনো আফসোস না থাকলেও, স্ত্রীর মন খারাপ হবে বলে জানান তিনি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাসতে হাসতে মোমিনুল বলেন, ‘না, আমি (সেঞ্চুরি মিস করার জন্য) আফসোস করি না। তবে আজকে একটু আফসোস করছিলাম, কারণ বাসায় ফেরার পর স্ত্রী আমাকে বকাঝকা করতে পারে।’
দলের জন্য রান করাই প্রধান লক্ষ্য বলে জানান মোমিনুল। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার কাছে প্রতিদিন দলের হয়ে রান করাটাই সেঞ্চুরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
সেঞ্চুরি না পাওয়ার বিষয়ে মোমিনুল বলেন, ‘হতে পারে মনস্তাত্ত্বিক (সমস্যা)। আমি এখনও ধরতে পারিনি। আশা করি, ধরে ফেলব। আমি ব্যাটিংয়ে নামার সময় সেঞ্চুরি করার চিন্তা করি না। সেশন ধরে খেলার চিন্তা করি। সেশন ধরে খেললে সেঞ্চুরি আসবে।’
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মোমিনুল বলেন, ‘আমার মনে হয় না, আমি মন্থর হয়ে গিয়েছিলাম। আমি মনে হয়েছে, ঐ সময় রানের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না। লক্ষ্য ছিল আরও এক ঘণ্টা খেলা এবং সাধারণভাবে খেললে সেটি সম্ভব ছিল। বোলাররা ভালো বল করছিলেন এবং আমি স্বাভাবিকভাবেই খেলছিলাম, তবে একটা বল কিছুটা নিচু হয়ে যাওয়ায় আউট হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আসলে, সবাই সেঞ্চুরি চায়। এই মুহূর্তে আমি আমার ব্যাটিং উপভোগ করার চেষ্টা করছি এবং খুব বেশি চিন্তা না করে আমার স্বাভাবিক পরিকল্পনা অনুসরণ করার চেষ্টা করছি। আমার লক্ষ্য ধারাবাহিক থাকা।’
অধিনায়ক শান্তর ১০১ রানের ইনিংসের প্রশংসা করেছেন মোমিনুল। তিনি বলেন, ‘শান্ত অসাধারণ ফর্মে আছে। আপনি যদি তার শেষ কয়েকটা ইনিংস দেখেন, শ্রীলংকা-আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরি করেছে। অনেক সময় অনেক চাপে থাকার পরও একশ করেছে। আজও অনেক কঠিন কন্ডিশনে একশ করল। জীবনের সেরা ফর্মে আছে শান্ত।’
দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা নিরাপদে পার করে দিতে পারলে ৪০০-৫০০ রান সম্ভব বলে মনে করেন মোমিনুল। তিনি বলেন, ‘কালকে সকালের এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। উইকেট না হারিয়ে সময় পার করতে পারলে ৪০০-৫০০ রান হতে পারে। বল নতুন আছে। উইকেটে এখনও অনেক কিছু হচ্ছে। প্রথম এক ঘণ্টা ভালো খেলা জরুরি।’
সূত্রঃ বাসস



















