
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে তলিয়ে যায়।
শাহজাহান শিকদার বলেন, এ পর্যন্ত মৃত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে ফায়ার সার্ভিস, ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করেছে।
তিনি জানান, জীবিতদের ব্যাপারে আপাতত তাদের কাছে কোনো তথ্য নেই। কারণ, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জীবিত অনেককে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে তলিয়ে যায়।