সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহের নেতৃত্বে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় সার্বিক সমন্বয় ও উপস্থিতি ছিল সহকারী রিটার্নিং অফিসার, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল)।
যৌথ এই মহড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। মহড়ায় নেতৃত্ব ও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রযাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ত্রিশাল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মহড়াটি বৈলর, কাঁঠাল, কালীর বাজার, নতুন বাজার, বালিপাড়া, রামপুরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, সহিংসতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই যৌথ মহড়া নির্বাচনী মাঠে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকালীন সময়ে এ ধরনের টহল ও মহড়া অব্যাহত থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩