রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
পুর্ব সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
১ ফেব্রুয়ারি ( রবিবার ) দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী পার হয়ে হরিণটি চিলা ইউনিয়নের তেলিখালী এলাকার জনপদে ঢুকে পড়ে। হরিণটিকে দেখে স্থানীয়রা সেটিকে ধরার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর এলাকাবাসী সম্মিলিতভাবে হরিণটিকে কোনো প্রকার আঘাত ছাড়াই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
হরিণটি উদ্ধারের খবর তাৎক্ষণিকভাবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে চাঁদপাই রেঞ্জে নিয়ে যায়।
বন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হরিণটি একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ এবং এটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। এলাকাবাসীর সচেতনতার প্রশংসা করে বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এই ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।”
চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, সুন্দরবনের কোলঘেঁষা এলাকা হওয়ায় মাঝেমধ্যেই বাঘ, হরিণ কিংবা অজগর লোকালয়ে চলে আসে। তবে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলোকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩