রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আমার স্বপ্নের শুরুটা হয়েছিল মাত্র নয় বছর বয়সে, যখন অধিকাংশ সময় কাটত টেলিভিশনের সামনে খবরের অপেক্ষায়। পর্দার ওপাড়ে থাকা সেই সাবলীল সংবাদ উপস্থাপক আর মাঠ-ঘাটে ছুটে চলা প্রতিবেদকদের কাজ আমাকে ভীষণভাবে টানত। তাঁরা মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য যেভাবে প্রতিকূলতা জয় করেন, তা আমার শিশু মনে গভীর দাগ কেটেছিল।
সময়ের সাথে সাথে আমি কেবল খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকিনি; দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা বিশ্লেষণমূলক আলোচনা আমাকে ভাবাতে শুরু করে। আমি গভীরভাবে উপলব্ধি করতে পারি, সংবাদকর্মীরা কতোটা সাহসী। জীবনের ঝুঁকি আর নানামুখী ভয়-ভীতি উপেক্ষা করে তাঁরা যে সত্য প্রকাশ করেন, তা সত্যি অভাবনীয়। সাংবাদিকদের এই অকুতোভয় মানসিকতা আমার ভেতরে একটি স্বপ্নের বীজ বুনে দিয়েছে—আমিও একদিন সাংবাদিক হব।
তবে আমি এও জানি যে, দেশের সেবা করার জন্য আরও অনেক পথ খোলা আছে। আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিটি পেশারই রয়েছে আলাদা মর্যাদা। একজন চিকিৎসক অসুস্থ রোগীকে সুস্থ করে তোলেন, শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন, কৃষক রোদে পুড়ে আমাদের জন্য খাদ্যের জোগান দেন আর পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের নিরাপত্তায় রাত জাগেন। দেশের অগ্রযাত্রায় প্রতিটি পেশাই অপরিহার্য।
কিন্তু সাংবাদিকতা আমাকে টানে অন্য এক বিশেষ কারণে। সাংবাদিকরা মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচান। কোনটি সত্য আর কোনটি রটনা—তার পার্থক্য বুঝিয়ে দিয়ে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। একটি দেশ তখনই উন্নতির শিখরে পৌঁছাতে পারে, যখন সেখানে সত্যের জয়গান গাওয়ার মতো সাহসী মানুষ থাকে।
মানুষের জানার অধিকার রক্ষা করা আর সত্যের পথে অবিচল থেকে সমাজের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্যই আমি বড় হয়ে একজন আদর্শ সাংবাদিক হতে চাই
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩