জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে হিট (HEAT) প্রজেক্টের আওতায় আধুনিকায়ন করা শ্রেণিকক্ষ ও নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৈতিকতা, শৃঙ্খলা ও সুশাসন বিষয়ে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আধুনিকায়ন করা শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উপাচার্য বলেন, আধুনিক, শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটাল শ্রেণিকক্ষ পাওয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে এসব অবকাঠামো দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার করার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, কোনো বিষয় না বুঝলে তা স্বীকার করে প্রশ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করাই নৈতিকতার অংশ।
তিনি আরও বলেন, সবাই সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবে না। তাই বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভাগীয় সিলেবাস নিয়মিত হালনাগাদ করা হচ্ছে, যাতে তারা কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্নেল আকন মো. মেহেদি ডাইয়ান পিএসসি এবং হিট প্রজেক্টের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ এএসপিএম।



















