ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের নারী দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়ে এ বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করে টাইগ্রেসরা।
বিশ্বকাপ বাছাই পর্বের দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফারজানা হকের জায়গায় সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা। ২০১৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শারমিনের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তার। এবার টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি শারমিনের সামনে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩০ এপ্রিল ও ২ মে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই : ফারজানা হক, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, তাজনেহার।
সূত্রঃ বাসস



















