
ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী সোমবার ঘোষণা দিয়েছে যে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা না চালানোর পাঁচ দিনের স্থগিতাদেশ তারা বহাল রাখবে।
বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় প্রতিদিনই ইরাকসহ পুরো অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করে আসছে।
একই সঙ্গে এ সব গোষ্ঠীকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ঘোষিত ‘সন্ত্রাসী সংগঠন’ কাতায়েব হিজবুল্লাহ জানায়, নির্দিষ্ট কিছু শর্তে তারা বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা বন্ধ রাখবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরাকের আবাসিক এলাকায় ও বৈরুতের দক্ষিণ উপশহরে যুক্তরাষ্ট্রের হামলাও বন্ধ রাখতে হবে।
বৈরুতের দক্ষিণাঞ্চলে লেবাননের হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। ইরান সমর্থিত এই সংগঠনটি বর্তমানে ইসরাইলের সঙ্গে যুদ্ধে রয়েছে।
সোমবার এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহ জানায়, আমেরিকান অশুভ শক্তির দূতাবাসে হামলা স্থগিত করার জন্য নির্ধারিত সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো।
কাতায়েব হিজবুল্লাহ আরও জানায়, শত্রুপক্ষের হামলা স্থগিতের যে কোনো লঙ্ঘনের জবাব যথাযথভাবে দেওয়া হবে এবং পাশাপাশি তাদের ‘প্রতিক্রিয়ার পদ্ধতি’ একজন মধ্যস্থতাকারীকে জানানো হবে।
ফেব্রুয়ারি ২৮ তারিখে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছে ইরাক।
এর মধ্যে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও লজিস্টিকস কেন্দ্র লক্ষ্য করে রাতভর একাধিক হামলা হয়েছে।
রোববার গভীর রাতে বাগদাদের দক্ষিণেও তিনটি হামলা হয়। স্থানীয় জরুরি সংকট সেল জানায়, সেগুলো ছিল সাবেক আধাসামরিক জোট হাশদ আল-শাবির ঘাঁটি লক্ষ্য করে। এই জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) নামেও পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক কাতায়েব হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, তার গোষ্ঠী লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।