চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ হাটহাজারীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর হাটহাজারী এলাকায় মোটরসাইকেলে তেল নিতে গেলে ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের একজনের হাতে ক্ষুর ছিল।
আহত মাসুম বিল্লাহ জানান, পূর্বের একটি ঘটনার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। গত ৪ মার্চ একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং অভিযুক্তদের কাছ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়সহ সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। সেই ঘটনার ক্ষোভ থেকেই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান জানান, হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



















