Author: নিউজ ডেক্স

  • নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৬ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

    মো: জাকির হোসেন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

    লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার বিকেলে সদর উপজেলার চন্দ্র প্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি এলাকার প্রবাসী কিরণের বাড়ির টাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।

    শনিবার বিকেলে স্থানীয়রা চন্দ্র পবাহ বাগ গ্রামের শেখের বাড়ির একটি টাংকির উপর রাব্বির মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

    ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

    এ.এস আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

    ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় অজ্ঞাতনামা এক গাড়ির ধাক্কায় মোফা মালিতা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোফা মালিতা শৈলকুপা উপজেলার ১৪ নং দুধসর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেড়বাড়ী গ্রামের মৃত তাইজাল মালিতার ছেলে। সকালে তিনি গাবলা গ্রামের সামনে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া অভিমুখী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    শৈলকুপা থানা ও হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

    ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য স্লোগানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান। সম্মানীয় অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)নুরুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ। প্রেসক্লাবের সহ সভাপতি কাফি আনোয়ারের  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিন ও ছাত্রনেতা হাবিব আজাদ প্রমুখ।

    উপস্থিত ছিলেন এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক বেদারুল ইসলাম,  ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ,  ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, জুলাই যোদ্ধা এড. এসকে ফারুকী, এড মোবারক সাঈদ, মানবিক ফাউন্ডেশনের মনির আহমদ, ইউপি মেম্বার জুনাইদ হোসেন জিকু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন,  আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, বাংলা মেইল প্রতিনিধি নুরুুল আমিন হেলালী,  দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচএন আলম, সাংবাদিক বদিউল আলম বাহাদুর, ঈদগাঁও লাইভ টিভি সম্পাদক মোঃ বজলুর রহমান, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ সেলিম ও ঈদগাঁও উপজেলা দর্পনের রবিউল আলম প্রমুখ ।

    অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি – সাধারন সম্পাদককে সম্মাননা স্মারক ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেয়া হয়।

    পরে চট্টগ্রামের সাড়া জাগানো দৈনিক সাঙ্গুর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। শেষে দুপুরের মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়।

  • বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

    বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে আয়োজিত এ সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে। পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

    ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, “আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই। কিন্তু এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের ভোটাধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।”

    প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। দেশ গড়ার সংগ্রামে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কোনো জায়গা হবে না।”

    নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের রাজনীতির আহ্বান বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, “দেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

    ”নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি বাউফলের এমপি হতে আসিনি, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতেই আমার লড়াই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল গড়ে তুলব।”

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

    সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

    বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া এবং ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বর্তমান কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

    শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নতুন কমিটিতে পদ দেওয়া হয়েছে। এতে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি। এ কারণে নবগঠিত কমিটিকে বাউফলের মাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

    বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে দলের হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুনঈমুল ইসলাম মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল; সাদিকুজ্জামান রাকিব, সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদল; আপেল মাহমুদ মুন্না, সভাপতি, বাউফল সরকারি কলেজ ছাত্রদলসহ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

    তারা জানান, দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত কমিটি পুনর্গঠন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

    ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক জনসমাগমপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।

    পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। তিনি জনগণের অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী, এনসিপি ঈদগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক রহিম চৌধুরী, এবং অধ্যাপক মোঃ হাকিম আলী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আগামী দিনের দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

    সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেনাগীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়নের সভাপতি আলী হোসাইন জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পথসভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল ও সাংবাদিক মিসবাহ উদ্দিন।

    পথসভাটি মাগরিবের পর দক্ষিণ মেহেরঘোনা এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

  • ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

    ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

    মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে নাটোর-২( নাটোর সদর-নলডাঙ্গা) ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন(চরমোনাই)। নৈতিকতা, আমানতদারি ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার নিয়ে দলটির নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী, নেতাকর্মীরা গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন।

    প্রচারণাকালে দলীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা দাবি করেন, ইসলামী আন্দোলনের রাজনীতি ক্ষমতার লড়াই নয়; বরং ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার নিশ্চিত করার সংগ্রাম।

    নেতা কর্মীরা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। ঘুষ, লুটপাট ও দলীয়করণের রাজনীতি বন্ধ করে যোগ্যতা ও সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে সংখ্যালঘুসহ সকল ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষার কথাও তুলে ধরেন।

    গণসংযোগে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। অনেক ভোটার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের ইনসাফভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করছেন।

    দলীয় সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত জনগণের দোরগোড়ায় ইনসাফের বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে জনগণ ন্যায়ভিত্তিক পরিবর্তনের পক্ষে রায় দেবে।

  • নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

    ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউসার আহমেদ(৩৭) পিতা: মৃত আব্দুল হক,গ্রাম মুড়িয়াুউক, উপজেলা লাখাই, জেলা -হবিগঞ্জ সেনাবাহিনীর হাতে গ্রেফতার।

    তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ছেড়ে নাসিরনগর থানার পেছনে ঘোষপাড়ায় হাজী মোঃ আলীর বাসায় আত্মগোপনে ছিলেন। এ সময় বাসার ভেতর এবং বাহিরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধ নজর রাখতেন। সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্প কর্তৃক মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করা হয়। আসামী পূর্ব পরিকল্পিত ভাবে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা কালে সেনাবাহিনীর চৌকস দল আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আসামীকে আটক করতে সক্ষম হয়।

    গ্রেপ্তারের সময় সেনাবাহিনী তার নিকট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, সিসি ক্যামেরা ৩টি এবং সিসি ক্যামেরা হার্ডডিক্স ১টি উদ্ধার করে।

    আসামী এবং উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্পসুত্রে জানা গেছে।

  • ‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

    ‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

    ‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে পবিত্র কুরআন ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘কিউসিএসসি ফেস্ট-১.০: হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

    ‎শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মায়াজের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

    ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন ঢাকার গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাসেম মোল্লা।

    ‎অনুষ্ঠানের শুরুতে হাফেজ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, মাফলার পরিধান ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের নতুন সদস্য এবং অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    ‎কুবির আইন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুরআন এন্ড কালচারাল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে এসে এমন সংবর্ধনা আসলে একরকম স্বপ্নের মতো। এমন পরিবেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অনেক সময় হীনমন্যতায় ভোগতে হয়। এ ধরনের প্রোগ্রাম আমাদের চলার পথে অনেক সহায়ক হবে বলে মনে করি।”

    ‎প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, “আপনারা যে পরিবেশ থেকে হাফেজ হয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বর্তমান পরিবেশে সেই হাফেজি গুণাবলি ধরে রাখতে পারবেন কি না সেটিই বড় চ্যালেঞ্জ। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ আপনার এসব ইবাদত কবুল করেছেন কি না, তা নিশ্চিত নয়। তবে আপনি যে পাপ করেছেন, তা নিশ্চিত।
    ‎​যারা হাফেজ হয়েছেন, তাদের জন্য এই পরিবেশে কুরআনকে হৃদয়ে ধরে রাখা অত্যন্ত জরুরি। মানুষ কে কী বলল, তা শোনা বা মানা আমল নয়, বরং আমার সৃষ্টিকর্তা আমার ওপর সন্তুষ্ট কি না, তা জানাই আসল কাজ। কারণ মৃত্যুর সাথে সাথেই মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। সেদিন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না।”

    ‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ​”হাফেজ ছাত্রদের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে যা উপলব্ধি করেছি, তার আলোকে বলতে পারি যে, মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো কুরআনকে বুকে ধারণ করা বা মুখস্থ করা।
    ‎​আজ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, এমন কিছু ছাত্রের সামনে কথা বলছি যারা কেবল কুরআনকে হৃদয়াঙ্গম করেই ক্ষান্ত হননি, বরং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছেন। নিঃসন্দেহে এটি একটি বড় প্রাপ্তি। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২২ জন হাফেজে কুরআন পড়াশোনা করছেন।”

    ‎তিনি আরও বলেন, “​বিশ্ববিদ্যালয় জীবনে একজন হাফেজের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তা সাধারণ ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করছেন, সেই প্রত্যাশা আমরা করি। অনেক হাফেজ আছেন, যারা নিয়মিত চর্চা না করার কারণে কুরআনকে পরিপূর্ণভাবে ধরে রাখতে ব্যর্থ হন। তাই নিয়মিত কুরআন চর্চার জন্য আমাদের একটি সুনির্দিষ্ট পূর্বপরিকল্পনা প্রয়োজন।”

    ‎কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “ব্যস্ততার সময় মধ্য থেকেও আমাদের স্যারেরা এবং আমাদের প্রধান আলোচক সময় দিয়েছেন, সেজন্য আমরা কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, আমার যেন মহান আল্লাহ তায়লার কুরআনের বাণী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পারি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমারা প্রত্যাশা জানাই যেন আমাদের ক্লাবটিকে অতিদ্রুত নিবন্ধন দেওয়া হয়।”

  • কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

    কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর ১৩তম চার্টার্ড দিবস উপলক্ষ্যে ‘অঙ্কুর’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

    শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অঙ্কুর অনুষ্ঠান উদযাপন শুরু হয়।

    এরপর নাজমুস সাকিব এবং ফাহিমা সুলতানা রাতুয়ার সঞ্চালনায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান, রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।

    রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুৃম সজল বলেন, ‘দীর্ঘ ১৩ বছরের পথচলায় নেতৃত্ব ও সহযোগিতার মাধ্যমেই সংগঠনটি আজকের অবস্থানে পৌঁছেছে।‘Fellowship Through Service’ এই মূলমন্ত্রকে তুলে ধরে আগামী দিনে বিশ্ববিদ্যালয় ও সমাজকেন্দ্রিক বৃহৎ লক্ষ্য বাস্তবায়নে জন্য সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি।’

    অধ্যাপক ড. মইনুল হোসেন বলেন, ‘আমরা কেবল নিজ নিজ অঞ্চলের প্রতিনিধি নই, আমরা সবাই গ্লোবাল সিটিজেন। এই বিশ্বকে মানব বাসযোগ্য ও টেকসই রাখতে সম্মিলিতভাবে কাজ করাই রোটার‍্যাক্ট আন্দোলনের মূল দর্শন। সেবার মাধ্যমেই বন্ধন তৈরি হয়, নেতৃত্ব গড়ে ওঠে এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। এই ধরনের সংঘটনের সাথে পথ চলার মাধ্যমে তৈরি হয় এই সব গুণ। সংগঠনের ধারাবাহিকতা ও লিগ্যাসি বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

    রোটারি ক্লাব অব লালমাইয়ের রেজবাউল হক রানা বলেন, ‘ ‘অঙ্কুর’ আজকের অনুষ্ঠানের তেরো বছর আগে রোপিত বীজ। যা আজ পরিপক্ব বৃক্ষে রূপ নিয়েছে, যেটি নিয়মিত পরিচর্যার মাধ্যমেই টিকে থাকবে এবং ফল দেবে। রোটারি আন্দোলনের মূল দর্শন হলো মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা। রোটারি ও রোটার‍্যাক্ট শুধু সংগঠন নয়, এটি একটি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। রোটারিতে আর্থিক লাভ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানসিক শান্তি ও আত্মিক তৃপ্তিইটায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করার মাধ্যমে অঙ্কুরের সার্থকতা নিহিত।’

     

  • মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটারির একটি টহল দল মহিপুর উপজেলার আলীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদি। অভিযান চলাকালে মহিপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    সেনাবাহিনী জানায়, আটক জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মহিপুর থানায় আরও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

    এ বিষয়ে অভিযান কমান্ডার ক্যাপ্টেন সাদি জানান, এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল

    সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল

    জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট জেলা শাখার ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।

    গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে নয়া পল্টনে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহমুদ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সিলেট জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।

    অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান রাসেল মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লায়েক আহমদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে শাহীন আলী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে শেখ রুমন আলী, ফজলুল করিম এনাম, নাহিদ ইসলাম ও আব্দুল আউয়াল মিছবাহসহ মোট ৫৭ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

    কমিটি অনুমোদনের প্রতিক্রিয়ায় যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিছবাহ বলেন, বর্তমান সময়ে ইন্টারনেটভিত্তিক প্রচার-প্রচারণার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কার্যক্রমের অংশ হিসেবেই সিলেট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, জাতীয়তাবাদী প্রচার দল দেশ ও দেশের বাইরে শিক্ষিত, মার্জিত ও মেধাবীদের সম্পৃক্ত করে বিএনপির মিডিয়া সেলের মতোই কার্যক্রম পরিচালনা করবে।

  • আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

    আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

    মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি: 

    নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা সুমনের মৃত্যুর বিষয়টি অবশেষে নিশ্চিত হওয়া গেছে। উপজেলার কয়সা গ্রাম সংলগ্ন একটি এলাকা থেকে আজ তার শরীরের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সঙ্গে নিয়ে পুলিশ এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।

    নিখোঁজ সুমনের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের আশা প্রায় ক্ষীণ হয়ে এসেছিল। তবে আত্রাই থানা পুলিশের নিরলস তদন্তে এই জট খুলতে শুরু করে।

    পুলিশ জানায়, সুমনের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামি সুমনকে হত্যা করে লাশ পুঁতে রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে আজ (শুক্রবার) আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল আসামিকে সাথে নিয়ে উপজেলার কয়সা গ্রামের সেই নির্দিষ্ট স্থানে অভিযানে নামে। মাটি খুঁড়ে সেখান থেকে সুমনের শরীরের বিভিন্ন হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত দেহাবশেষ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

    আত্রাই থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, “আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা হাড়গোড় উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটনে কাজ করছি।”

  • কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ

    কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ

    কুড়িগ্রাম প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে কুড়িগ্রাম-২ আসনে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

    শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন এ প্রার্থী।

    এসময় তিনি সাধারণ মানুষ, খেটেখাওয়া, দিনমজুর, ব্যবসায়ী, দোকানী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করে ঈগল প্রতীকের জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

    গণসংযোগে উপস্থিত ছিলেন, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক ফজর আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

     

  • স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির

    স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির

    মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ছাত্র-ছাত্রী ও যুবকদের জন্য মাসে ১০ হাজার টাকা করে বেকার প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে আপনারা এমন নেতৃত্বকে নির্বাচিত করুন, যারা দেশের স্বার্থ রক্ষায় বিদেশে বন্ধু খুঁজবে—কিন্তু কাউকে প্রভু হিসেবে মানবে না। যারা এই বাংলাদেশকে সবাইকে নিয়ে একটি সুন্দর ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে চায়, সেই দলকেই আপনারা সমর্থন দিন।

    তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক রাজধানীতে রূপান্তর করা হবে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরকে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও আধুনিক ও উন্নত করা হবে, যাতে শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রপ্তানি করা যায়। এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

    বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা আর বেকারত্ব দেখতে চাই না। যারা বর্তমানে বেকার রয়েছেন, তাদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতিটি পরিবারকে একেকটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করবো।

    ঠাকুরগাঁও জেলা প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থী রয়েছেন। তাদের নির্বাচিত করে জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

    বক্তব্যের শেষে তিনি ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

    জনসভায় জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা, জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

     

  • নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার

    নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার

    ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

    ​নওগাঁ-রাজশাহী মহাসড়কের ‘১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

    ২৩ শে জানুয়ারী ২০২৬ সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

    (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

    ​পুলিশি অভিযান ও গ্রেফতার ​ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ। আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

    ​পুলিশ সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

    বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মুন্সীগঞ্জ পৌরবাসীর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে আধুনিকায়ন প্রকল্প

    মুন্সীগঞ্জ পৌরবাসীর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে আধুনিকায়ন প্রকল্প

    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সিগঞ্জ পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধান এবং জরাজীর্ণ গ্যাস পাইপলাইনের কারণে সৃষ্ট ঝুঁকি নিরসনে আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে পৌর কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় পুরোনো ২ ইঞ্চি পাইপের পরিবর্তে ইঞ্চি ব্যাসের উচ্চক্ষমতাসম্পন্ন নতুন পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এতে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং পৌর এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হবে।

    একই সঙ্গে লিকেজজনিত দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের নির্দেশনা ও সরাসরি তদারকিতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

    পৌরসভা সূত্রে জানা যায় ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌরসভার প্রকৌশল বিভাগ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনে ওই এলাকায় ২ ইঞ্চি ব্যাসের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পাইপলাইন প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

    এরই প্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে রাস্তা খননের প্রয়োজনীয় আর্থিক প্রাক্কলন প্রস্তুত করা হয় এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হয়। তিতাস গ্যাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই ২০২৫ তারিখে মুন্সীগঞ্জ পৌরসভা রাস্তা কাটার ক্ষতিপূরণ ও ভ্যাটসহ মোট ৩২ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা জমার নির্দেশ দেয়।

    সূত্র আরো জানায়, নির্ধারিত অর্থ তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড গতবছরের ২৮ অক্টোবর ফি জমা দেয় এবং ১০ নভেম্বর তারিখে রাস্তা খননের চূড়ান্ত অনুমতির আবেদন জানায়। এরই ধারবাহিকতায় প্রশাসক মৌসুমী মাহবুব গতবছরের ৩ডিসেম্বর এক মাসের জন্য রাস্তা খননের অনুমতি প্রদান করেন। অনুমতির শর্ত হিসেবে তিনি খননকৃত রাস্তা দ্রুত বালি দিয়ে ভরাট, ইটের সলিং করে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর শর্তারোপ করেন। পরবর্তীতে কারিগরি কারণ ও পাইপলাইনের গুণগত মান নিয়ন্ত্রণের স্বার্থে তিতাস গ্যাসের আবেদনের প্রেক্ষিতে ২৮ ডিসেম্বর থেকে খনন কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ০৩ ফেব্রুয়ারিপর্যন্ত অনুমোদন দেওয়া হয়। যা বাস্তবায়ন হচ্ছে বর্তমানে

    এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেন, “নাগরিকদের প্রতিটি মৌলিক সমস্যা সমাধান করা আমাদের অগ্রাধিকার। আধুনিক গ্যাস পাইপলাইন স্থাপনের ফলে পৌরবাসী দীর্ঘমেয়াদে সুফল পাবেন। উন্নয়ন কাজ চলাকালীন সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করতে আমাদের টিম কাজ করছে।”

    এদিকে পৌরসভার সূত্র জানায়, পাইপলাইন স্থাপন শেষে রাস্তা সংস্কারের ক্ষেত্রে বালি দিয়ে ভরাট, ইটের সলিং, যানবাহন চলাচলের উপযোগী করা এবং প্রতিটি ধাপে পৌরসভার প্রকৌশল শাখার যৌথ তদারকি নিশ্চিত করা হবে। পাশাপাশি কাজের এলাকায় নিরাপত্তা ফিতা ও বাঁশের বেষ্টনী ব্যবহার করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গ্যাস লাইন মেরামত ও সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে মুন্সীগঞ্জ পৌরবাসীর গ্যাস সরবরাহ সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

  • ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা

    ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী (ইউএনও) ত্রিশাল স্যারের নির্দেশনায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

    এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান (এসিল্যান্ড) সরাসরি উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    অভিযানকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃ আব্দুছ ছাত্তার (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

    পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

  • শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

    শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

    এ.এস আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া থেকে রামচন্দ্রপুর সড়কটি বর্তমানে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। রাত নামলেই সড়কের ত্রিবেণী বিল এলাকায় ডাকাতদলের তৎপরতায় চরম ভীতির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ।

    স্থানীয়দের অভিযোগ, একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। নিয়মিত পুলিশ টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা চোখে পড়ে না বলে দাবি করেছেন সড়ক ব্যবহারকারীরা।

    এলাকাবাসীর ভাষ্যমতে, গত ছয় মাসে এই এলাকায় অন্তত চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া একাধিকবার ডাকাতির চেষ্টার ঘটনাও ঘটে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে আবারও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

    ভ্যানচালক সেলিম হোসেন বলেন, “রাতে এই সড়ক দিয়ে চলাচল করতে খুব ভয় লাগে। নিয়মিত মানুষ যাতায়াত করলেও ডাকাতির ঘটনা ঘটছে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি।”

    চাকরিজীবী হামিদুর রহমান বলেন, “কাজের প্রয়োজনে আমাকে নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু কখনো পুলিশ টহল চোখে পড়ে না। একের পর এক ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত এই এলাকায় টহল জোরদার করা জরুরি।”

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই সড়কে পুলিশ টহল জোরদার করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নাইট ভিশন ক্যামেরা বসানোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

    এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা বলেন, “সর্বশেষ ডাকাতির চেষ্টার ঘটনার বিষয়ে আমার জানা নেই। টহল না থাকার অভিযোগ সঠিক নয়। ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হয়।

  • পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

    পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

    মোঃ সিজার হোসেন, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়া উপজেলায় দেশীয় হলুদের চাহিদা পূরণে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন গন্ডগোহালী গ্রামের তরুণ কৃষক মোঃ মিজানুর রহমান মিজান। মাত্র ১০ কাঠা জমিতে পাবনায়া জাতের হলুদ চাষ করে তিনি পেয়েছেন প্রায় ৯২ মন হলুদের ফলন, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

    সরেজমিনে দেখা যায়, হলুদ তোলার সময় প্রতিটি গাছের ছরিতে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হলুদ পাওয়া যাচ্ছে। এমন ফলন দেখে এলাকার অন্য কৃষকরাও হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

    হলুদ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, আমি রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে হলুদ কিনে থাকি। কিন্তু আমার ব্যবসায়িক জীবনে এমন ফলনশীল হলুদ কখনো দেখিনি। পুঠিয়ার গন্ডগোহালী গ্রামে এই ১০ কাঠা জমি থেকেই আমি নিজে ৮০ মন হলুদ ওজন করে নিয়েছি। পাবনায়া জাতের হলুদের এমন ফলন এই অঞ্চলে এই প্রথম দেখলাম।

    হলুদ চাষি মিজানুর রহমান জানান, আমি পাবনায়া জাতের হলুদ চাষ করেছি। ১০ কাঠা জমিতে মোট ফলন হয়েছে প্রায় ৯২ মন। এর মধ্যে ৮০ মন বিক্রি করেছি, নিজের জমিতে পরবর্তী চাষের জন্য ৪ মন বাসায় রেখেছি এবং প্রায় ৮ মন হলুদের মোথা সংরক্ষণ করেছি। সব মিলিয়ে এই ফলন আমার প্রত্যাশারও অনেক বাইরে। তিনি আরও বলেন, এই হলুদ চাষে আমার মোট খরচ হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। প্রতি মন ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করেছি। লাভের অঙ্কটা সহজেই হিসাব করা যায়। আমি অন্য কৃষকদের বলবো বীজ কেনার সময় যদি বাজারদরের চেয়ে ৫০০ টাকা বেশিও লাগে, ভালো মানের বীজ সংগ্রহ করবেন। তাহলে এমন ফলন পাওয়া সম্ভব এবং হলুদ চাষে লাভবান হওয়া যাবে।

    উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আমরা সবসময় কৃষকের পাশে আছি যে কোন পরামর্শের জন্য। উঁচু জমি, আমবাগান বা পরিত্যক্ত জমিগুলো হলুদ চাষের জন্য খুবই উপযোগী এগুলোতে বস্তায়ও হলুদ চাষ হচ্ছে। সঠিক পদ্ধতিতে এমন ফলনশীল হলুদ চাষ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।

    স্থানীয় কৃষকদের মতে, মিজানুর রহমানের এই সাফল্য পুঠিয়ায় হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।