শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যাপক উৎসাহের মধ্যে গতকাল সোমবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে (উচ্চ বিদ্যালয়) ‘এক শিশু, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলার অন্যান্য উচ্চ বিদ্যালয়ের মতো জেলার সদর উপজেলার কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়েও উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প’-এর অধীনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার জন্য শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে মূল্যায়ন করতে সোমবার দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়।



















