Month: February 2026

  • রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম

    রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বইছে তীব্র নির্বাচনী হাওয়া। ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠের লড়াই এখন মূলত চার প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বিএনপি, জামায়াত এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম পুরো নির্বাচনী এলাকা।

    নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চার হেভিওয়েট প্রার্থী: ১. অধ্যাপক নজরুল ইসলাম: বিএনপি মনোনীত (ধানের শীষ)। ২. মাওলানা মনজুর রহমান: জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা)। ৩. ইসফা খায়রুল হক শিমুল: বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া)। ৪. রেজাউল করিম: স্বতন্ত্র প্রার্থী (ফুটবল)।

    স্থানীয় ভোটারদের মতে, লড়াই মূলত হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও ঘোড়া প্রতীকের মধ্যে। তবে ফুটবল প্রতীকের প্রার্থী রেজাউল করিমের একক আধিপত্য রয়েছে দুর্গাপুর এলাকায়, যা ভোটের হিসেবে ভিন্নমাত্রা যোগ করেছে। বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের এই বহুমুখী লড়াইয়ের সুযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

    এই আসনে ৪ জন দলীয় এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি প্রার্থীরা হলেন: রুহুল আমিন: ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। আলতাব হোসেন মোল্লা: বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)। রায়হান কাওসার: স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল)।

    সরেজমিনে দেখা গেছে, অলিগলি ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। মাইকিং, গণসংযোগ আর পথসভায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।

    বিএনপি নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক গোলাম মোসÍফা বলেন, “অতীতের ভেদাভেদ ভুলে বিএনপির এই ঘাঁটি পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ।”

    অন্যদিকে, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের রায়ে এবার আসনটি আমরাই জয় করবো।”

    রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যদি শেষ মুহূর্তে সমঝোতা হয় এবং একজন অন্যজনকে সমর্থন দেন, তবে পুরো নির্বাচনের ফলাফল আমূল বদলে যেতে পারে।

    রাজশাহী-৫ এর ভোটার পরিসংখ্যান মোট ভোটার: ৩,৫০,২১৪ জন। পুরুষ ভোটার: ১,৭৪,৫৩৯ জন। নারী ভোটার: ১,৭৫,৬৭০ জন।
    তৃতীয় লিঙ্গ: ৫ জন। পোস্টাল ব্যালট নিবন্ধন: ২,৯৫৯ জন।

    শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীদের অনড় অবস্থান নাকি বড় দলগুলোর সাংগঠনিক শক্তি—কে হাসবে শেষ হাসি, তা দেখতে এখন তাকিয়ে পুঠিয়া ও দুর্গাপুরের সাধারণ মানুষ।

  • ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

    ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাঁও ) আসনের আওতাধীন ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা চালু থাকবে।

    ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে ঈদগাঁও থানা পুলিশ কেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন ওসি এটিএম শিফাতুল মাজদার।

    ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা স্থাপনের সম্ভাব্য স্থান নির্ণয় ও আইনশৃংখলা স্বাভাবিক রাখতে গত ১ সপ্তাহ ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষামূলক কার্য সম্পাদন করেছেন।

    এসময় ওসি এটিএম শিফাতুল মাজমদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক এলাকা এবং সংখ্যালঘু এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে বিভিন্ন পয়েন্টে মতবিনিময় করেন। সেই সাথে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখতে স্থানীয় জনসাধারণকে সচেতন ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান ওসি এটিএম শিফাতুল মাজদার।

  • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, শবে বরাতের রাত ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হয়। সেখানে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

    তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায়। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

  • বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

    বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

    এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।

    (০৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে বান্দরবান সেক্টর সদর দপ্তরের আয়োজনে শহরের বান্দরবান সরকারি কলেজে প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশের বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

    তিনি জানান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, জেলার ৭টি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা এবার দায়িত্ব পালন করবেন।

    নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স, ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুুত রাখা হয়েছে।

    সকলের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এবং বলিপাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমসহ বিজিবির বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

    বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
    বাগেরহাট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলার উপজেলার চিলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
     মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি ) বিকাল তিনটায় বৈদ্যমারী বাজার মাঠে বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা এডভোকেট আব্দুল ওয়াদুদ এর দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে—যারা জনগণের ঘের লুট করছে, সন্ত্রাসী চাঁদাবাজিতে লিপ্ত, মানুষকে ভয়ভীতি দেখিয়ে সমাবেশে আসতে বাধা দিচ্ছে এবং নারীদের হয়রানির চেষ্টা করছে।”
    তিনি আরও বলেন, “জনগণ এখন আর ট্যাগের রাজনীতি খায় না। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে রাজনীতি করার দিন শেষ। এ দেশের মানুষ এখন সচেতন ও জাগ্রত।”
    জনসভায় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কিছু কর্মী জামায়াতের কর্মী-সমর্থকদের সমাবেশে আসতে বাধা দিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তাদের উদ্দেশে বলতে চাই—যদি আপনারা ১২ ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসতে না পারেন, তখন কী করবেন? জনগণ আর এসব হুমকিতে ভয় পায় না।”এই দেশ, এই সমাজ ও এই রাষ্ট্রে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।”
    জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা সেক্রেটারি মো. রশিদুজ্জামান শিশির, মোংলা উপজেলা সাবেক নায়েবে আমীর ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক কোহিনূর সরদার, পৌর জামায়াতের আমীর এম.এ. বারী, পৌর কর্মপরিষদ সদস্য ও চিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. আনিসুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা চিলা ইউনিয়নের আমীর মাওলানা মোজাম্মেল হোসেন।
    জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
  • ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় আসাদুজ্জামান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ত্রিশালের রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ, ত্রিশাল বাসস্ট্যান্ডের যানজট নিরসন, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তাদের অগ্রাধিকার থাকবে। পাশাপাশি কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করা হবে।

    তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও তাঁর নামে ত্রিশালকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ত্রিশালে বিভিন্ন বিনোদনমূলক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

    নির্বাচন প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। অনেক রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে দাবি করে তিনি বলেন, জামায়াত তা করবে না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। জাল ভোট ও কেন্দ্র দখলের মতো অনিয়ম রোধে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চান তিনি।

    তিনি আরও বলেন, তার দলের কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, সে বিষয়ে প্রশাসন যেন তাদের অবহিত করে। নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

    গণভোট প্রসঙ্গে আসাদুজ্জামান সোহেল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, কিছু লোক ও বিএনপির কয়েকজন কর্মী তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, তাদের মহিলা কর্মীদের প্রচারণায় ভিডিও ধারণ করে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

    সংস্কৃতি বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কাজ মানুষকে ভালো পথে নিয়ে যায় না, সে ধরনের কার্যক্রম তারা সমর্থন করেন না। ইসলাম ও ঈমানের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এমপি নির্বাচিত হলে রাজনৈতিক সংঘাত নয়, বরং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান চান বলে জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না—এমন একটি ঐক্যবদ্ধ ত্রিশাল গড়ার অঙ্গীকার করেন আসাদুজ্জামান সোহেল।

    এছাড়া অবৈধ নদী দখলসহ সব ধরনের দখলদারিত্ব উচ্ছেদ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

  • কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

    কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

    শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:

    সব ধরনের লেনদেনের সুযোগ-সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর কক্সবাজার সদর উপজেলা পিএমখালীতে চেরাংঘর বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (১লা ফেব্রুয়ারী) সকালে পিএমখালীর প্রাণকেন্দ্র চেরাংঘর স্টেশন রোডে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতা ও কেক কেটে নতুন এই আউটলেটের শুভ উদ্বোধন করে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা।

    উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর পরিচালক মোহাম্মদ ইকবাল মুহসিন, জয়েন্ট ডিরেক্টর পিনাকী রঞ্জন সরকার, সিটি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কামরুল মেহেদী, সিটি ব্যাংক পিএলসি কর্পোরেট এন্ড ইন্ড্রাজট্রিয়াল ব্যাংকিং চট্টগ্রামে ক্লাস্টার হেড সবির দাশ গুপ্তা, সিটি ব্যাংক পিএলসি এর হেড অব এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ মুহিবুর রহমান, সিটি ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এর হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট চন্দন কুমার নাগ সহ এজেন্ট আউটলেট এর স্বত্তাধিকারী নুরুল হকের পিতা, ব্যাংকের গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, এ আউটলেট থেকে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, সহজ শর্তে মোটর-সাইকেল লোন, ব্যবসায়ীদের এসএমই লোন, মহিলাদের জন্য ৪% সুদে সহজ শর্তে লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবে।

    এ সময় আউটলেটের স্বত্তাধিকারী নুরুল হক বলেন, পিএমখালীর মত অবহেলিত এলাকায় ব্যাংকিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সিটি এর আউটলেট শাখার শুভ উদ্বোধন হয়েছে। প্রবাসীদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাংকটি সর্বাত্মক সেবা দিয়ে যাবে। যেকোন দেশ থেকে প্রবাসীর কস্টে উপার্জিত অর্থ নিরাপদে তাদের স্বজনদের কাছে ২.৫% বোনাস সহ বিশ্বস্তার সাথে সেবা দিয়ে যাবে এই প্রতিষ্ঠানটি।

    এছাড়া, তিনি বন্ধের দিন শনিবারে ও গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে বদ্ধ পরিকর। এই শাখায় গ্রাহক যেকোন ধরনের একাউন্ট, ডিপিএস, এফডিআর একাউন্ট খোলা ও পল্লী বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তাই সকলকে এই আউটলেটের আসার জন্য সকলকে অনুরোধ করছি।

    সিটি ব্যাংকের উক্ত আউটলেট শাখায় গ্রাহক ব্যাংকে টাকা জমা ও উত্তোলনের সময় গ্রহাকের ফোনে টোকেন নাম্বার যাবে, যেটিতে কত টাকা জমা হচ্ছে বা উত্তোলন হচ্ছে তা এসএমএসর মাধ্যমে জানানো হবে। গ্রাহক এটিকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন।

  • পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

    পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

    সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

    ‎‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের উদ্যোগে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

    ‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    ‎‎পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শবে বরাত উপলক্ষে আয়োজিত নিসফি শাবান উৎসবকে চারটি পর্বে ভাগ করে পালন করা হয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী মুসলিম বাংলার গান, গজল ও নাশীদ পরিবেশনা, পবিত্র কুরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল এবং মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি।

    ‎এছাড়াও গজল ও নাশীদ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে হালুয়া রুটি বিতরণের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করা হয়, এবং নিসফি শাবান বা শবে বরাতের রাত উপলক্ষে সবাইকে আজ রাত আল্লাহর ইবাদত বন্দেগি করার আহ্বান জানানো হয়।

    ‎কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ‘এই রাতে বাংলার ঘরে ঘরে আলো জ্বলে ওঠে, হালুয়া–রুটির সুবাস ছড়িয়ে পড়ে। মানুষ মানুষকে ডাকে, ক্ষমা চায় ও ক্ষমা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় নিসফি শাবানকে কেবল মাসআলার কঠোর তুলাদণ্ডে বিচার করতে গিয়ে এর সামাজিক, সাংস্কৃতিক ও আত্মিক আবেদন উপেক্ষা করে বসি। অথচ প্রশ্ন হলো যে সংস্কৃতি মানুষকে আল্লাহমুখী করে, যে উৎসব মানুষকে তওবার পথে ফেরায় এবং যে রাত অহংকার ভেঙে মানুষকে নরম করে, তা কি অস্বীকার করার মতো বিষয় হতে পারে? সংস্কৃতি তখনই মূল্যহীন হয়ে পড়ে, যখন তা মানুষকে গাফেল করে তোলে।’

    ‎‎তিনি আরও বলেন, ‘সংস্কৃতি তখনই জীবন্ত থাকে, যখন তা মানুষকে আল্লাহর দিকে ফেরায়। আমরা যদি নিসফি শাবানকে বাংলার নিজস্ব ঐতিহ্য, উৎসব ও আবহমান সংস্কৃতির অংশ হিসেবে সংযম, শালীনতা এবং ইসলামের মূলনীতির আলোকে বরণ করতে পারি, তাহলে এই রাত আবার আমাদের আত্মপরিচয়ের শক্ত ভিত্তিতে পরিণত হবে। আজকের এই নাশীদ সন্ধ্যার উদ্দেশ্য সেটিই নিজেদের শিকড়ে ফিরে যাওয়া এবং নিজেদের সংস্কৃতিকে ইসলামের সৌন্দর্যে আলোকিত করা। সবশেষে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, স্বল্প সময়ের ব্যবধানে আয়োজন করা এই নাশীদ সন্ধ্যা ও নিসফি শাবান কেন্দ্রিক কার্যক্রম যেন তিনি কবুল করেন, আমিন।’

     

  • বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান

    বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান

    মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

    উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়ায় সদ্য জামায়াতে ইসলামীতে যোগদান করা শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনি ও এনসিপি নেত্রী এ কে ফ্লোরা।

    সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. খলিলুর রহমান শাহাদাৎ, সেক্রেটারি জেনারেল মো. মোজাম্মেল হোসেন মোকাম্মেল, এনসিপির বরিশাল জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আসিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উঠান বৈঠকে সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি কবির খান আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

    এসময় বক্তারা নবযোগদানকারী নেতৃবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

    উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

  • ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

    ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

    ‎সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নাত-ই-রাসূল (সা.) মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

    ‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, ক্যাম্পাস গেট ও শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    ‎‎জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবি কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও রুটি বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ মাগরিব কুবি শহীদ মিনারে নাত-ই-রাসূল (সা.) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    ‎কুবি গাউছিয়া কমিটির সদস্য আবরার আহমদ আশরাফি বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া-রুটি বিতরণ ও নাত-ই-রাসূল (সা.)-এর আসর আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই ফজিলতপূর্ণ রাতে আমাদের মূল লক্ষ্য তরুণ সমাজকে ইবাদত ও নবীপ্রেমে উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

    ‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘পবিত্র শবে বরাত আত্মশুদ্ধি ও তাওবার এক গুরুত্বপূর্ণ রজনী। এই রাতের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য। গাউছিয়া কমিটি বাংলাদেশ আগামীতেও ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”

     

  • মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ধালিরখন্ড এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। চটেরহাট থেকে তালের ঘেরের মোড় পর্যন্ত সংযোগ সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্প অনুযায়ী কাজ না করার অভিযোগে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের সার্থ হাসিলের জন্য সড়কের কাজে এমন অনিয়ম করা হচ্ছে। ইটের খোয়া ও বালুর গুণগত মান অত্যন্ত খারাপ। অনেক জায়গায় কাদা মিশ্রিত পচা ইটের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সড়কের বেড ও কার্পেটিংয়ের পুরুত্ব সরকারি সিডিউল অনুযায়ী করা হচ্ছে না। কাজ চলাকালীন সময়ে কোনো ইন্জিনিয়ার বা দায়িত্বশীল কর্মকর্তাকে সাইটে দেখা যায় নাই বলে স্থানীয়রা জানিয়েছেন।

    ঢালিরখন্ড এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই সড়কটির কাজ শুরু হলেও দুর্নীতির কারণে টেকসই রাস্তা পাওয়ার আশা এখন ফিকে হয়ে গেছে। “সরকারি টাকা লুটপাটের মহোৎসব চলছে। এভাবে কাজ করলে কয়েক মাস পরই রাস্তা আবার আগের মতো ভেঙে যাবে।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি ইতিমধ্যে লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    মোংলার সচেতন মহল জানান, চটেরহাট টু তালের ঘেরের মোড় সড়কটি এলাকার সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্ত দাবি।

  • শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

    শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

    পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানী ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শবে বরাতের পবিত্রতা বজায় রাখা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স–১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

    শবে বরাত শান্তিপূর্ণ ও ধর্মীয় মর্যাদার সঙ্গে উদযাপনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

  • আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

    আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

    মাইনুল ইসলাম রাজু, আমতলী ( বরগুনা ) প্রতিনিধি:

    বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে।

    দীর্ঘদিন ধরে এই সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। আজ নতুন এই কাঠের সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।

    আজ ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন ধরে সেতু নির্মাণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।

    সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।

    এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে আমাদের।”

    এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

    গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

    এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট):

    সিলেটের গোয়াইনঘাটে বাল্যবিবাহ, শিশুশ্রম, ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধামুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আওতাধীন পশ্চিম আলীরগাঁও পিএফএর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মঞ্চনাটক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় কোওরবাজার উচ্চ বিদ্যালয় হলরুমে এ নাটক মঞ্চায়ন করা হয়। সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাকে কেন্দ্র করে তৈরি নাটকটিতে খোলা পায়খানা মুক্ত কমিউনিটি, বাল্যবিবাহ, শিশুশ্রম, অপুষ্টি, দারিদ্র্যমুক্তি ইত্যাদি বিষয়গুলোকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।

    বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শিশু শিল্পীরা গ্রুপভিত্তিক অভিনয়ের মাধ্যমে নাটকটি উপস্থাপন করে। শিশুদের আঞ্চলিক ভাষায় সামাজিক সমস্যা ও তার প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে নাটকটি উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের পশ্চিম আলীরগাঁও পিএফএর প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার দেব, সহকারী শিক্ষকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠপর্যায়ের সহায়তাকারীরা।

    এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন,“শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।ওয়ার্ল্ড ভিশন শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সবসময়ই সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।”

    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের সচেতনতা মূলক মঞ্চনাটক শিক্ষার্থীদের মানসিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা সামাজিক সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা পায়।

    ওয়ার্ল্ড ভিশনের এই অভিনব উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

  • দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

    দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

    মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তেজগাঁও থানার ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত (২১) লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। নিহত হওয়ার ১ বছর ৬ মাস পর আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    লাশ কবর থেকে তোলার সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. ইসাহাক আলীসহ সঙ্গীয়ফোর্স উপস্থিতি ছিলেন।

    বানারীপাড়ার ইউএনও বায়েজিদ উর রহমান বলেন, তাহিদুল জুলাই গণ-অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য কবর থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান বলেন, তাহিদুলের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    পরিবারের সদস্যরা জানান, তাহিদুল ফার্মগেটের একজন ওয়ার্কার্সপ কর্মী ছিলেন। তাহিদুলের মা লাবলী বেগম শারীরিকভাবে অসুস্থ, বড় ভাই তরিকুল ইসলাম প্রায় অক্ষম। পরিবারে উপার্জনক্ষম হিসেবে তাহিদুলই ছিল একমাত্র ভরসা।

    পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বিকাল ৫ টায় তাহিদুল ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নানা জটিলতার পরে ঢাকা থেকে বরিশালের বানারীপাড়ার চাখারে গ্রামের বাড়িতে আনা হয় তাঁর লাশ। ৬ আগষ্ট সকার ১০টায় চাখার সরকারি ইউনিয়ন ইনিস্টিউশনের মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    তাহিদুলের বাবা আব্দুল মান্নান জানান, তাঁদের দরিদ্র পরিবারে তাহিদুল এই ছিলেন মূল ভরসা। তিনি দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। গ্রামের বাড়ি বানারীপাড়ার পশ্চিম চাখারে গ্রামে কোনো রকম বসবাস করেন। গ্রামের বাড়িতে একটি বড় ঘর বানিয়ে সবাইকে নিয়ে থাকার স্বপ্ন ছিল তাহিদুলের। কিন্তু সর্বনাশা শত্রুর গুলিতে সবকিছু তছনছ হয়ে গেছে।

     

  • জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

    জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

    মো. মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশজুড়ে জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে একটি রাজনৈতিক দল দিশেহারা হয়ে পড়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন দেখে তারা হতভম্ব ও আতঙ্কিত।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়নি। ভয় ও আতঙ্কের পরিবেশে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছিল। তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াতে ইসলামী জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

    তিনি আরও বলেন, যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, তারা আজ ভয় পেয়েছে। কারণ জনগণ আর প্রতারণা মেনে নিচ্ছে না। জামায়াতের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি তাদের সেই ভয় আরও বাড়িয়ে দিয়েছে।

    জামায়াত আমীর বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’
    তিনি দাবি করেন, যেখানে যেখানে জামায়াতে ইসলামী কাজ করার সুযোগ পেয়েছে, সেখানে সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। দুর্নীতি কমেছে এবং জনগণের স্বার্থ রক্ষা পেয়েছে। এ কারণেই দেশের মানুষ আবার জামায়াতের দিকে আশার চোখে তাকাচ্ছে।

    বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশ গভীর সংকটকাল অতিক্রম করছে। অর্থনীতি চাপের মুখে, তরুণ সমাজ বেকারত্বে জর্জরিত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ ক্ষমতাসীনরা জনগণের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন। এই সংকট থেকে উত্তরণের জন্য নৈতিকতা, যোগ্যতা ও দেশপ্রেমসম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। জামায়াতের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত। ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

    জনসভায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, ময়মনসিংহসহ সারা দেশে জামায়াতের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগামী দিনের জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

    বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা শেষ হয়।

  • কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

    কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

    কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে মসজিদের গাছের টাকা চাওয়া ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফজর উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ২৯ জানুয়ারি (২০২৬) সন্ধ্যায় উপজেলার নাজিরেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. রইছ উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, নাজিরেরগাঁও গ্রামের বাসিন্দা বাদী মো. রইছ উদ্দিন ও তার পরিবারের সাথে একই গ্রামের আফতাব উদ্দিন ও তার গোষ্ঠীর লোকদের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার কিছুদিন আগে বিবাদী পক্ষের ফয়জুল আহমদ (২৫) স্থানীয় নাজিরেরগাঁও মসজিদের কিছু গাছ বাকিতে ক্রয় করেন। ঘটনার দিন ভুক্তভোগী ফজর উদ্দিন সেই গাছের পাওনা টাকা চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

    এরই জেরে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাজিরেরগাঁও জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্র (দা, ডেগার, সুলফি, লোহার রড) নিয়ে ফজর উদ্দিনের গতিরোধ করে।

    অভিযোগে উল্লেখ করা হয়, ১১ নম্বর বিবাদী মনির মিয়ার (৬০) হুকুমে ১ নম্বর বিবাদী আফতাব উদ্দিন (৪৫) হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে ফজর উদ্দিনের মাথার সামনের অংশে কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। এরপর ২ নম্বর বিবাদী ফরিদ মিয়া (৫৫) ধারালো ডেগার দিয়ে ভুক্তভোগীর মাথার পেছনের অংশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। হামলাকারীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে।

    অভিযোগে অভিযুক্ত প্রধান আসামিরা হলেন— নাজিরেরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৪৫), মৃত আব্দুল মছব্বির মিয়ার ছেলে ফরিদ মিয়া (৫৫), মৃত খলিল মিয়ার ছেলে ফয়জুল আহমদ (২৫), মৃত খলিল মিয়ার ছেলে ফজরুল মিয়া (২৮) সহ মোট ১৩ জন।

    হামলায় গুরুতর আহত ফজর উদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বাদী রইছ উদ্দিন জানান, বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির এবং তারা আইন-কানুনের তোয়াক্কা করে না। তিনি প্রশাসনের কাছে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আজ পবিত্র শবে বরাত

    আজ পবিত্র শবে বরাত

    আজ পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং গুনাহ মাফ করেন। তাই রাতটি ইবাদত-বন্দেগি, দোয়া ও নফল নামাজের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

    শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও নফল নামাজ আদায় করা হয়। অনেকেই কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং আত্মশুদ্ধির মাধ্যমে রাতটি কাটান। এ উপলক্ষে অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের জন্য দোয়া করেন।

    এদিকে, শবে বরাতকে কেন্দ্র করে কিছু এলাকায় হালুয়া-রুটি ও মিষ্টান্ন বিতরণের রেওয়াজ দেখা যায়। তবে ইসলামি চিন্তাবিদরা অপচয় ও বিদআত পরিহার করে শুদ্ধভাবে ইবাদতের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    শবে বরাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। ফটকা ও আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।

    ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যাশা, এই পবিত্র রাত সবার জীবনে শান্তি, ক্ষমা ও কল্যাণ বয়ে আনবে।

  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

    সোমবার (২ ফেব্রুয়ারি ২৬) এ নোটিশ জারি করা হয়। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় মো. খলিলুর রহমানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থী প্রকাশ্যে জনসম্মুখে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।

    অভিযোগ অনুযায়ী, গত ২০ জানুয়ারি একটি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতাকালে তিনি ঘোষণা দেন, ২২ জানুয়ারির পর যেন প্রতিপক্ষ প্রার্থী এলাকায় কোনো বাড়িতে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মানহানিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। এছাড়াও অভিযুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হত্যা ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “রোববার নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জারি করা হয়েছে।

  • দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

    দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

    আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এদিন বেলা ১১টার দিকে বাউফল পৌরশহরের বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লার পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

    বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইছাহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে বাউফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণসহ প্রচার-প্রচারণা শুরু করেছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা আমির জানান, জনসভায় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সোমবার দুপুরে সমাবেশস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।