আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীকে সঠিক সময়ে পরীক্ষা হলে উপস্থিত হতে সহায়তা করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট।
জানা যায়, পরীক্ষা কেন্দ্রে রিকশাযোগে আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে পায়ে আঘাত পান। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার পরীক্ষা কেন্দ্রে ফিরে আসেন। পায়ে আঘাত পাওয়ায় ঠিক মতো হাটতে পারছিলেন না তিনি। তাই পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের মাঝে কেন্দ্রে পৌছে দিতে সহায়তা করে গার্ল-ইন রোভার স্কাউট সদস্যরা।
তাদের সহযোগিতায় নিজের নির্ধারিত আসনে পৌঁছে সময়মতো পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন তিনি। পরীক্ষা শেষে একইভাবে তাকে নিরাপদে হল থেকে বের হতেও সহায়তা করেন তারা।
আহত সেই পরিক্ষার্থী বলেন, পরীক্ষা দিতে এসে এমন দুর্ঘটনার শিকার হবো ভাবিনি। পায়ে আঘাত পাওয়ার পর কিছুটা ভয় পেয়েছিলাম। তবে চিকিৎসা নেওয়ার পর নিজেকে সামলে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। এই পরিস্থিতিতেও পরীক্ষা দিতে পারায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
দায়িত্বরত এক গার্ল-ইন রোভার স্কাউট সদস্য হৃদিকা ত্রিপুরা ডানা বলেন, আমাদের দায়িত্ব শুধু শৃঙ্খলা বজায় রাখা নয়, বরং যেকোনো বিপদে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আহত শিক্ষার্থীকে দেখে আমরা দ্রুত তাকে সহায়তা করি, যাতে সে কোনো সমস্যায় না পড়ে পরীক্ষায় অংশ নিতে পারে। মানবিকতা থেকেই আমরা এই কাজ করেছি।


















