Author: নিউজ ডেক্স

  • হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক

    হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক

    আব্দুস সামাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন পৌরসভার চটকাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    অভিযানকালে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের আগেই মূল অভিযুক্ত পালিয়ে যায়।

    পলাতক আসামি: মোঃ হোসেন পিতা: মোঃ আব্দুল আজিজ সাং: চটকাবাড়ীয়া থানা: হরিণাকুন্ডু জেলা: ঝিনাইদহ গ্রেফতারকৃত আসামি: নাম: তাছলিমা আক্তার (৩৫) পিতা: সাফায়েত আলী মাতা: রুপালি বেগম সাং: চটকাবাড়ীয়া থানা: হরিণাকুন্ডু জেলা: ঝিনাইদহ

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

    বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

    (২৮ জানুয়ারি) বুধবার বিকালে জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাসিংমং মারমা।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। পার্বত্য জেলা পরিষদ শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সবসময় সহযোগিতা করে যাচ্ছে এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে মেধা ও নৈতিকতায় গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

    অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার মোট ২৭টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন বিজয়ীর হাতে  পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই

    বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া সদর বাজার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিলন চৌকিদারের লেপ-তোষকের তুলার গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কামাল খানের ঘর ও রান্নাঘরে।

    আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় কিছু মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

  • চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

    চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মায়ের সাথে অভিমান করে আবদুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বনয়াপাড়া পানিরছড়া গ্রামে ঘটে এ ঘটনা।

    নোমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার মার সাথে অভিমান করে কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নোমান বর্ণিত ইউনিয়নের পুর্বনয়াপাড়া গ্রামের প্রবাসী ফকির মোহাম্মদের ছেলে।

    স্থানীয় ওয়ার্ড মেম্বার জিসান শাহরিয়ার বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

    চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

    আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

    মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ীর প্রবাহমান খালে ২০১৯.২০২০ সালে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দিয়েছে আমতলী ভুমি অফিসের ড্রাইভার মো. সোহেল ও তার স্ত্রী সানিয়া আক্তারের নামে ভুমি বন্দোবস্ত কমিটি।

    বুধবার বেলা ১১ টার সময় সোহেল তার লোকজন নিয়ে খালের মধ্যে পাইলিং এর কাজ শুরু করলে স্থানীয় লোকজনের বাধার মুখে চলে যায়।

    তখন তখন কয়েকশত নারী পুরুষ ভুক্তভোগিরা উক্ত বন্দোবস্ত বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। তখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তার কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগিদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।

    জানাগেছে, বন্দোবস্ত কেস নং ৬০/২০১৯-২০২০ নংকেসের মাধ্যমে কালীবাড়ী প্রবাহমান খালের মধ্যে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে সোহেল পিতা আব্দুর রহিম ও সোহেলের স্ত্রী সানিয়া আক্তারের নামে উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটি অনুমোদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। জেলা খাসজমি বন্দোবস্ত কমিটি উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশ ও অনুমোদন করায় জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি কালিবাড়ী খালের ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বরাদ্ধ দেন।

    ভূক্তভোগি মো.মোমেন আকন জানান, এই কালিবাড়ী খাল প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়ে ২ শতাধিক পরিবার খালের পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।এই পরিবারগুলোর শতশত একর কৃষি জমিতে খালের পানি দিয়ে কৃষি কাজ করতে হয় ।খালের মুখে উপজেলা খাস বন্দোবস্ত কমিটি ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় ফুসে উঠেছে ওই এলাকার ভুক্তভোগিরা। তারা অবিলম্ভে এই বন্দোবস্ত বাতিলের দাবী জানান।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাকিবুল ইসলাম. ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

    এবিষয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভুক্তভোগিদের দাবীর কথা শুনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

    কালীগঞ্জ, লালমনিরহাট: “দুনিয়ার মজদুর এক হও, এক হও”-এই স্লোগানকে ধারণ করে লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-২৩৯) জেলা শাখার এক বিশেষ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

    সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়াসহ ৮ ইউনিয়নের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, একজন শ্রমিকের জীবন সবকিছুর আগে। সভায় “নিরাপত্তা আগে, পরে কাজ” নীতিটি প্রতিটি নির্মাণ সাইটে বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ সুরক্ষা সরঞ্জাম (PPE) ছাড়া কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা যাবে না।

    ঐক্যবদ্ধ হওয়া: সকল নির্মাণ শ্রমিককে অধিকার আদায়ে ফেডারেশনের পতাকাতলে একতাবদ্ধ হওয়ার আহ্বান।

    সুরক্ষা নিশ্চিতকরণ: কর্মস্থলে হেলমেট, সেফটি বেল্ট এবং বুট জুতার ব্যবহার বাধ্যতামূলক করা।

    মজুরি বৃদ্ধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জ রেখে নতুন মজুরি নির্ধারণ।

    তথ্য হালনাগাদ: যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে ফেডারেশনের অধীনে সকল সদস্যের ডাটাবেস তৈরি করা।

    মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন মক্কা। এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সদস্য সচিব ও জেলা সভাপতি মোঃ আল আমিন এর অনুমতিক্রমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি এস এম সাইদুল ইসলাম ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া। আরও উপস্থিত ছিলেন ৮ ইউনিয়নের শ্রমিক নেতারা।

    সভায় বক্তারা শ্রমিকদের মর্যাদা রক্ষায় আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে, আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রোকন উদ্দিন বাবুল-এর পক্ষে সংহতি প্রকাশ করে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

    সভা শেষে একটি বর্ণাঢ্য র‍যালি বের করা হয়। র‍যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় লিফলেট ও স্লোগানের মাধ্যমে সাধারণ শ্রমিকদের অধিকার এবং কর্মকালীন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।

  • রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণা করায় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল করিম শিকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ করা হয়।

    মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর

    উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক এ্যাডঃশাহ আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক শাকিল আহমেদ,মূখ্য সমন্বয়ক তানিম আহমেদ,এনসিপির যুব সংগঠন এর কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক বদিউন নবি পলাশ, ইসলামি ছাত্র শিবির এর জেলা সভাপতি এনামূল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

    সমাবেশ থেকে বিএনপির যুবদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি বাচ্চু হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার এড়াচ্ছেন।

    সমাবেশে বক্তাতারা আরও বলেন, “সন্ত্রাসীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও তাকে গ্রেপ্তার করা হয় না—এটি অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

     

  • রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

    রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী বলেছেন, “আমরা চাই রাজাপুর–কাঁঠালিয়া একজন ভালো লোকের হাতে থাকুক। এমন একজন মানুষ আসুক, যিনি মানুষের জন্য কাজ করবেন, নিজের ব্যক্তিগত আখের গোছানোর জন্য নয়।”

    তিনি বলেন, “সাধারণ মানুষের বিবেচনাশক্তি অনেক বেশি। তারা ভালো মানুষকে কোথায় মূল্যায়ন করতে হয়, তা ভালোভাবেই বোঝে। অনেকেই বলে ভালো মানুষের মূল্যায়ন নেই—আমি তা বিশ্বাস করি না। মূল্যায়ন আপনাদের হাতেই।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি, লেবুবুনিয়া ও আমতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী আরও বলেন, “আমাকে মূল্যায়ন করার জন্য বিদেশি সার্টিফিকেট লাগবে না। শুধু আপনারা বিবেচনা করবেন—কোন মানুষটা রাজাপুর–কাঁঠালিয়ার হাল ধরতে পারবে এবং কার নেতৃত্বে এই এলাকায় একটি ভালো ভবিষ্যৎ আসবে।”

    তিনি বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সাহায্য থাকলে আল্লাহ হয়তো আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেবেন। আমি একজন ব্যারিস্টার। অনেকেই বলে—এক ব্যারিস্টার গেছে, আরেক ব্যারিস্টার আসছে। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই—রাজাপুর–কাঁঠালিয়া একজন শিক্ষিত, ভালো ও যোগ্য মানুষের হাতে থাকা উচিত।”

    তিনি আরও বলেন, “এমন একজন প্রতিনিধির প্রয়োজন, যার কাছে আপনারা নির্দ্বিধায় যেতে পারবেন, যার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে এবং যে যেকোনো সমস্যায় আপনাদের পাশে দাঁড়াবে। ইনশাআল্লাহ, আগামী দিনে আমি চেষ্টা করব আমার প্রতিশ্রুতি ঠিক রাখতে।”

    এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কী করা যায়—তা খুব কঠিন কিছু নয়। আমি রাজাপুর–কাঁঠালিয়ায় বিশাল সম্ভাবনা দেখি। এখানে একটি ভালো ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা সম্ভব। অনেক ফ্যাক্টরি হতে পারে।”

    তিনি বলেন, “আমাদের ইয়াং জেনারেশনের কর্মসংস্থানের বড় প্রয়োজন রয়েছে। সেই কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করতেই হবে। আজ অনেক ছেলে-মেয়ে ড্রাগসে জড়িয়ে পড়ছে। তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে হলে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”

    তিনি আরও বলেন, “একজন মানুষের পক্ষে একা এটা সম্ভব নয়। কিন্তু একজন জনপ্রতিনিধির যদি সঠিক ইচ্ছা ও ভালো করার নিয়ত থাকে, তাহলে সে এটা করতে পারে। এই অঞ্চলে একটি ইকোনমিক জোন করার চেষ্টা করা যেতে পারে। সেখানে দশটি ফ্যাক্টরি হলে—বিশেষ করে কুটির শিল্প, কৃষিনির্ভর শিল্প, শীতলপাটি শিল্পসহ বিভিন্ন কারখানা গড়ে উঠতে পারে।”

    এলাকার ভৌগোলিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, “রাজাপুর–কাঁঠালিয়া একটি আদর্শ জায়গা। এখানে নদীবন্দর রয়েছে, ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ভালো, রামপাল বিদ্যুৎ কেন্দ্র কাছেই, বিদ্যুতের কোনো সমস্যা নেই এবং পায়রা সমুদ্রবন্দরও খুব কাছে। সবকিছু আমাদের হাতের নাগালে।”

    ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “যদি এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হয় এবং দশটি ফ্যাক্টরি গড়ে ওঠে, তাহলে এক হাজার থেকে দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তারা কাজ পেলে পরিবার সচ্ছল হবে এবং খারাপ পথে যাবে না।”

    তিনি বলেন, “এই কাজগুলো করার সুযোগ আমার আছে। আমি বহু মানুষের সঙ্গে পরিচিত, আইন পেশায় নিয়োজিত এবং বিদেশে অনেক কোম্পানির সঙ্গে কাজ করেছি। আমি চাইলে ইনশাআল্লাহ এই কাজটা করতে পারব। এজন্য যে জায়গাটা দরকার—সেই জায়গায় আপনারাই আমাকে নিয়ে যান।”

    শেষে তিনি বলেন, “ইনশাআল্লাহ, এই এলাকার প্রতিনিধি হলে আমার জন্য কাজ করা সহজ হবে। আপনাদের কাছে এটুকুই দাবি—আমাকে সুযোগ দিন। আগামী পাঁচ বছরে রাজাপুর–কাঁঠালিয়ার চিত্র বদলে যাবে।”

  • ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

    ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

    জাহিদুল ইসলাম , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলা উপজেলায় লোহা রড চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। এ সময় চোরাই লোহা রডও উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন,তারিকুল ইসলাম সম্রাট (২৮), মো. সাজ্জাদ (২৩), হাসনায়েন হানজালা হৃদয় (২৭), বাদশা মিয়া (২৫) ও মাসুদ রানা (২০)। তারা সবাই চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান স্বপনের বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে বেশ কিছু লোহা রড চুরি হয় । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
    মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, খগার হাট এলাকায় বাদশা মিয়ার ভাঙারি দোকানে চোরাই মালামাল বিক্রি করা হচ্ছে। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার নিশ্চিত করেছে।

    স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে চুরি ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

     

     

  • কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

    কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

    সানজানা তালুকদার, (কুবি) প্রতিনিধিঃ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে।

    অভিভাবকদের কোন অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে পারবে না।

    কমিটির সিদ্ধান্তক্রমে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

    উল্লেখ্য, আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অভিভাবক প্রবেশের অনুমতি ছিল প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

    নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারিং করেছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ইলিয়াস।

    আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে পোস্টারগুলো শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নজরে আসে।

    জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টানান শিক্ষার্থী ইলিয়াস।

    এ বিষয়ে শিক্ষার্থী ইলিয়াস বলেন, বর্তমান সময়ে যখন অনেকে ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত, তখন আমরা জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ। তাই গণভোট—যেটা সংস্কারের চাবিকাঠির মতো গুরুত্বপূর্ণ—এই বিষয়টি রেখে শুধু সংসদ নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা করা ঠিক হয়নি। ১৪০০ শহিদ শুধু হাসিনাকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় বসাতে জীবন দেননি। আজ যদি ন্যায়যুক্ত না হয়, এক স্বৈরাচার বিদায় করতে যেমন ১৭ বছর লেগেছে, আরেকটি বিপ্লব হতে ৩৪ বছর লাগবে।

    তিনি আরও বলেন, সরকারি দপ্তর থেকে গণভোটের প্রচারণা নিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আর জনগণ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীই জানে না কেন গণভোট হচ্ছে এবং কোন কোন পরিবর্তনের জন্য এই গণভোট। এই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম।

    রাতে ব্যানার ও পোস্টারিং করার বিষয়ে তিনি বলেন, বাধা বা ভয়ের কারণে রাতে পোস্টারিং করেছি—বিষয়টা এমন নয়। কোনো বাধাবিপত্তির সম্মুখীন হইনি। আসলে সারাদিন আমার পরীক্ষা ও ক্লাস ছিল, তাই দিনে সময় পাইনি। সে কারণে রাতেই সব কাজ শেষ করে এগুলো টানিয়েছি।

  • বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

    বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলায় ধানের শীষের প্রচার প্রচারণার জন্য নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ জানুয়ারী (মঙ্গলবার) বাদ আছর উপজেলার চিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিউটি মার্কেটে ৭ ও ৮নং ওয়ার্ড কতৃক আয়োজিত উঠান বৈঠকের আলোচনা সভার আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার,চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইলিয়াস শেখ সহ এছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তৃতায় আবু হোসেন পনি বলেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি সব সময় সামনের দরজা দিয়ে আসছেন,১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমরা সবাই এখন থেকে ধানের শীষের হয়ে কাজ করবো যাতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই উঠান বৈঠকের উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • নওগাঁয় চালককে গাছে বেঁধে চার্জার ভ্যান ছিনতাই

    নওগাঁয় চালককে গাছে বেঁধে চার্জার ভ্যান ছিনতাই

     মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর নজিপুর-মাতাজি সড়কে এক চালককে গাছে বেঁধে রেখে তার উপার্জনের একমাত্র মাধ্যম চার্জার গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।  ২৮ জানুয়ারি রাত ১:১৫ মিনিটে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

    ভুক্তভোগী চালকের নাম মোসাদ্দিক। তিনি নওগাঁ সদর উপজেলার রোজাকপুর এলাকার মোকলেস হোসেনের ছেলে।

    জানা গেছে, লোহাটা যাওয়ার কথা বলে তিনজন ব্যক্তি যাত্রীবেশে মোসাদ্দিকের চার্জার গাড়িতে ওঠে। পথিমধ্যে নজিপুর-মাতাজি রোডের নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং রাস্তার পাশের একটি গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। এরপর তারা মোসাদ্দিকের চার্জার গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

    পরবর্তীতে স্থানীয়রা বা পথচারীরা তাকে উদ্ধার করলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী মোসাদ্দিকের পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে আতঙ্কিত থাকায় তাৎক্ষণিকভাবে কোনো মোবাইল নম্বর দিতে পারেননি তিনি।

    এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নওগাঁ জেলা জুড়ে চলমান নিরাপত্তা ব্যবস্থা ও চেকপোস্ট কার্যক্রমের মধ্যেই এমন ঘটনায় সাধারণ চালকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

     মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁ সদর উপজেলার ১১নং শিকারপুর ইউনিয়নে একটি সেফটি ট্যাংকি থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিল ভবানীপুর গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংকির ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি দীর্ঘদিনের হওয়ায় তাতে পচন ধরেছে এবং প্রায় অর্ধগলিত অবস্থায় রয়েছে। মরদেহের পাশে কিছু কাপড়চোপড় ও একটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

    ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে এই সেফটি ট্যাংকিতে ফেলে রাখা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্ত করতে আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করছে পুলিশ।

  • মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব

    মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব

    ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

    নওগাঁর মান্দায় ৪নং মান্দা ইউনিয়নের পীরপালী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং মান্দা ইউনিয়ন আমির মাওলানা ইসমাইল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

    তিনি বলেন, “আগামী নির্বাচন হবে গোলামী থেকে মুক্তির নির্বাচন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। অবহেলিত মান্দার উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কেউ তা রুখতে পারবে না—ইনশাআল্লাহ।”

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।

    অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

    জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

    বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

     

  • পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার

    পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়িতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের পর থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা উপজেলা মার্কেট ও চৌমুহনী মার্কেট এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

    গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দীন বাবু। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন বাহারী।

    এছাড়াও বিএনপি ও এর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন। প্রচারণাকালে বাজার এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

    গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে রাঙামাটির মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা দাবি করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।

    গণসংযোগ শেষে নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে বাঘাইছড়ির প্রত্যন্ত অঞ্চলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক ও জনসংযোগ কার্যক্রম চালানো হবে।

  • ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা

    ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা

    মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পরিবেশগত ছাড়পত্র বিহীন একটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    ২৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও যৌথ উদ্যোগে সদর উপজেলার পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি (০১) অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

    জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইম আশরাফ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব তামিম হাসান

    অভিযানকালে অবৈধ ইটভাটাগুলোর চুলা ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে উক্ত ইটভাটাকে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

    এ সময় পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তামিম হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    এছাড়াও অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

    পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলার অবৈধ ও নিয়ম বহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

  • সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

    সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

    মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সাংবাদিকের পড়ে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে নিয়ে তা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আখিল আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী। ঘটনার দুই দিন পর হলের সিসিটিভি ফুটেজে সত্যতা মেলায় মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন তিনি।

    ভুক্তভোগী শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি সুজন চন্দ্র দাশ জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে যান। এসময় অসাবধানতাবশত তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায়। মানিব্যাগটি খুঁজে না পেয়ে তিনি তাৎক্ষণিক সেখানে উপস্থিত ছাত্রদল নেতা আখিল আহমেদসহ অন্যদের জিজ্ঞাসা করেন। কিন্তু আখিল সেটি পাওয়ার কথা সরাসরি অস্বীকার করেন।

    মানিব্যাগটির হদিস না পেয়ে ২৭ জানুয়ারি (সোমবার) হল কর্তৃপক্ষের সহায়তায় ডাইনিং এলাকার সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, সাংবাদিক সুজনের মানিব্যাগটি পড়ে যাওয়ার পর মো. আখিল আহমেদ নিজেই সেটি মাটি থেকে কুড়িয়ে পকেটে ভরছেন। ফুটেজের প্রমাণ পাওয়ার পর বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করা হলে অভিযুক্ত ছাত্রদল নেতা মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে মো. আখিল আহমেদ বলেন, “আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। পরে ভাইকে (সুজন) আর দেইনি, একদিন পরে দিয়েছি।” তবে ঘটনার পরপরই কেন তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।

    এদিকে, একজন ছাত্রনেতার এমন আচরণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতার কাছ থেকে এমন ‘অসততা’ কাম্য নয়।

     

  • কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

    কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

    সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার জন্য নয়টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।

    সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া নির্দেশনাসমূহ হলো:

    ১. পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ ও অন্য যে-কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
    ২. ওএমআর শিট পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে সাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি সিটের সাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
    ৩. প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। মুদ্রণ স্পষ্ট না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
    ৪. প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষার্থীকে ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
    ৫. ওএমআর শিটের নির্ধারিত স্থানে তিনটি ঐচ্ছিক বিষয় এর নির্বাচিত দুটি ঐচ্ছিক বিষয়ের নামের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।
    ৬. রোল নম্বর ও সেট কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
    ৭. পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
    ৮. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
    ৯. পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির উপর সাক্ষর করছেন কিনা পরীক্ষার্থীর ওএমআর শিট জমা দেয়ার পূর্বে নিশ্চিত হতে হবে।

    ‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান বলেন, ‘আসন্ন ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা জানেন যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বারের মতো কুমিল্লার বাহিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে এবং সেই কেন্দ্রে মোট ৩১,৯৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে অনিয়ম-দুর্নীতি এড়িয়ে চলার। তারপরও আমরা আশা করবো কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে সাংবাদিকরা দ্রুত প্রশাসনকে জানাবেন, যেন প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

    প্রক্টর অধ্যাপক আব্দুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা গেটের সামনে অবস্থান করতে পারবে না। নির্বাচনের কারণে সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবক খেলার মাঠ, শহিদ মিনারের আশেপাশে অবস্থান নিতে পারবে। পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে এক্ষেত্রে হলের বারান্দায় ব্যাগ রাখতে হবে। ১১টা থেকে পরীক্ষা শুরু এরপর কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’

    উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল তিনটায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     

  • পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

    পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

    মোঃ মোহায়মিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    ‎চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

    ‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

    ‎পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ জেলা হাসপাতালে প্রেরণ করেছে। সদর থানার ওসি নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

    ‎তিনি জানান, ট্যাপকলে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সাথে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই মারা যান নাসির। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।

    ‎চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান রোগিতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় হয়তো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।