Author: নিউজ ডেক্স

  • গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

    গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

    এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট):

    সিলেটের গোয়াইনঘাটে বাল্যবিবাহ, শিশুশ্রম, ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধামুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আওতাধীন পশ্চিম আলীরগাঁও পিএফএর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মঞ্চনাটক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় কোওরবাজার উচ্চ বিদ্যালয় হলরুমে এ নাটক মঞ্চায়ন করা হয়। সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাকে কেন্দ্র করে তৈরি নাটকটিতে খোলা পায়খানা মুক্ত কমিউনিটি, বাল্যবিবাহ, শিশুশ্রম, অপুষ্টি, দারিদ্র্যমুক্তি ইত্যাদি বিষয়গুলোকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।

    বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শিশু শিল্পীরা গ্রুপভিত্তিক অভিনয়ের মাধ্যমে নাটকটি উপস্থাপন করে। শিশুদের আঞ্চলিক ভাষায় সামাজিক সমস্যা ও তার প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে নাটকটি উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের পশ্চিম আলীরগাঁও পিএফএর প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার দেব, সহকারী শিক্ষকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠপর্যায়ের সহায়তাকারীরা।

    এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন,“শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।ওয়ার্ল্ড ভিশন শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সবসময়ই সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।”

    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের সচেতনতা মূলক মঞ্চনাটক শিক্ষার্থীদের মানসিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা সামাজিক সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা পায়।

    ওয়ার্ল্ড ভিশনের এই অভিনব উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

  • দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

    দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন

    মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তেজগাঁও থানার ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত (২১) লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। নিহত হওয়ার ১ বছর ৬ মাস পর আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    লাশ কবর থেকে তোলার সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. ইসাহাক আলীসহ সঙ্গীয়ফোর্স উপস্থিতি ছিলেন।

    বানারীপাড়ার ইউএনও বায়েজিদ উর রহমান বলেন, তাহিদুল জুলাই গণ-অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য কবর থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান বলেন, তাহিদুলের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    পরিবারের সদস্যরা জানান, তাহিদুল ফার্মগেটের একজন ওয়ার্কার্সপ কর্মী ছিলেন। তাহিদুলের মা লাবলী বেগম শারীরিকভাবে অসুস্থ, বড় ভাই তরিকুল ইসলাম প্রায় অক্ষম। পরিবারে উপার্জনক্ষম হিসেবে তাহিদুলই ছিল একমাত্র ভরসা।

    পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বিকাল ৫ টায় তাহিদুল ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নানা জটিলতার পরে ঢাকা থেকে বরিশালের বানারীপাড়ার চাখারে গ্রামের বাড়িতে আনা হয় তাঁর লাশ। ৬ আগষ্ট সকার ১০টায় চাখার সরকারি ইউনিয়ন ইনিস্টিউশনের মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    তাহিদুলের বাবা আব্দুল মান্নান জানান, তাঁদের দরিদ্র পরিবারে তাহিদুল এই ছিলেন মূল ভরসা। তিনি দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। গ্রামের বাড়ি বানারীপাড়ার পশ্চিম চাখারে গ্রামে কোনো রকম বসবাস করেন। গ্রামের বাড়িতে একটি বড় ঘর বানিয়ে সবাইকে নিয়ে থাকার স্বপ্ন ছিল তাহিদুলের। কিন্তু সর্বনাশা শত্রুর গুলিতে সবকিছু তছনছ হয়ে গেছে।

     

  • জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

    জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

    মো. মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশজুড়ে জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে একটি রাজনৈতিক দল দিশেহারা হয়ে পড়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন দেখে তারা হতভম্ব ও আতঙ্কিত।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়নি। ভয় ও আতঙ্কের পরিবেশে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছিল। তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াতে ইসলামী জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

    তিনি আরও বলেন, যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, তারা আজ ভয় পেয়েছে। কারণ জনগণ আর প্রতারণা মেনে নিচ্ছে না। জামায়াতের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি তাদের সেই ভয় আরও বাড়িয়ে দিয়েছে।

    জামায়াত আমীর বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’
    তিনি দাবি করেন, যেখানে যেখানে জামায়াতে ইসলামী কাজ করার সুযোগ পেয়েছে, সেখানে সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। দুর্নীতি কমেছে এবং জনগণের স্বার্থ রক্ষা পেয়েছে। এ কারণেই দেশের মানুষ আবার জামায়াতের দিকে আশার চোখে তাকাচ্ছে।

    বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশ গভীর সংকটকাল অতিক্রম করছে। অর্থনীতি চাপের মুখে, তরুণ সমাজ বেকারত্বে জর্জরিত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ ক্ষমতাসীনরা জনগণের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন। এই সংকট থেকে উত্তরণের জন্য নৈতিকতা, যোগ্যতা ও দেশপ্রেমসম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। জামায়াতের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত। ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

    জনসভায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, ময়মনসিংহসহ সারা দেশে জামায়াতের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগামী দিনের জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

    বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা শেষ হয়।

  • কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

    কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

    কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে মসজিদের গাছের টাকা চাওয়া ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফজর উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ২৯ জানুয়ারি (২০২৬) সন্ধ্যায় উপজেলার নাজিরেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. রইছ উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, নাজিরেরগাঁও গ্রামের বাসিন্দা বাদী মো. রইছ উদ্দিন ও তার পরিবারের সাথে একই গ্রামের আফতাব উদ্দিন ও তার গোষ্ঠীর লোকদের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার কিছুদিন আগে বিবাদী পক্ষের ফয়জুল আহমদ (২৫) স্থানীয় নাজিরেরগাঁও মসজিদের কিছু গাছ বাকিতে ক্রয় করেন। ঘটনার দিন ভুক্তভোগী ফজর উদ্দিন সেই গাছের পাওনা টাকা চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

    এরই জেরে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাজিরেরগাঁও জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্র (দা, ডেগার, সুলফি, লোহার রড) নিয়ে ফজর উদ্দিনের গতিরোধ করে।

    অভিযোগে উল্লেখ করা হয়, ১১ নম্বর বিবাদী মনির মিয়ার (৬০) হুকুমে ১ নম্বর বিবাদী আফতাব উদ্দিন (৪৫) হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে ফজর উদ্দিনের মাথার সামনের অংশে কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। এরপর ২ নম্বর বিবাদী ফরিদ মিয়া (৫৫) ধারালো ডেগার দিয়ে ভুক্তভোগীর মাথার পেছনের অংশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। হামলাকারীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে।

    অভিযোগে অভিযুক্ত প্রধান আসামিরা হলেন— নাজিরেরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৪৫), মৃত আব্দুল মছব্বির মিয়ার ছেলে ফরিদ মিয়া (৫৫), মৃত খলিল মিয়ার ছেলে ফয়জুল আহমদ (২৫), মৃত খলিল মিয়ার ছেলে ফজরুল মিয়া (২৮) সহ মোট ১৩ জন।

    হামলায় গুরুতর আহত ফজর উদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বাদী রইছ উদ্দিন জানান, বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির এবং তারা আইন-কানুনের তোয়াক্কা করে না। তিনি প্রশাসনের কাছে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

    সোমবার (২ ফেব্রুয়ারি ২৬) এ নোটিশ জারি করা হয়। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় মো. খলিলুর রহমানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থী প্রকাশ্যে জনসম্মুখে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।

    অভিযোগ অনুযায়ী, গত ২০ জানুয়ারি একটি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতাকালে তিনি ঘোষণা দেন, ২২ জানুয়ারির পর যেন প্রতিপক্ষ প্রার্থী এলাকায় কোনো বাড়িতে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মানহানিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। এছাড়াও অভিযুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হত্যা ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “রোববার নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জারি করা হয়েছে।

  • দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

    দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

    আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এদিন বেলা ১১টার দিকে বাউফল পৌরশহরের বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লার পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

    বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইছাহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে বাউফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণসহ প্রচার-প্রচারণা শুরু করেছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা আমির জানান, জনসভায় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে সোমবার দুপুরে সমাবেশস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির

    গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির এবং তাঁর সফরসঙ্গীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা শেষে একটি বর্ণাঢ্য র‍যালি বের করা হয়। র‍যালিটি উপজেলা মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবুপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাঁর পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

    উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি, ফারুক আহাম্মেদ সাব্বির বলেন, একজন আলেম ও একটি দলের আমীর হয়েও জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান নারীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    তিনি আরও বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম বিগত ফ্যাসিস্ট আমলে প্রকাশ্যে রাজনীতি না করে গুপ্তভাবে রাজনীতি করেছেন। তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “তাদের লুকোচুরি রাজনীতির সংস্কৃতি আজও বন্ধ হয়নি। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার স্বার্থেই ছাত্রদল এসব পাগলামি সহ্য করে যাচ্ছে।”

    ফারুক আহাম্মেদ সাব্বির আরও অভিযোগ করেন, জামায়াত নামের একটি সংগঠন জান্নাতের টিকিট বিক্রির নামে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করছে। তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে রাজনীতি করা অত্যন্ত ভয়ংকর এবং এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে।

    তিনি বলেন, “বিএনপি ও ছাত্রদল বিশ্বাস করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল অতীতেও লড়েছে, ভবিষ্যতেও লড়বে।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দীন রাজু এবং বাঘাইছড়ি পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নিশান ফানান্না।

    বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম নাহিদ এবং সঞ্চালনা করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার।

    বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম প্রধান লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।

  • আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের

    আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন আমরা ভারতের কাছে মাথা নত করবো না। দুর্নীতি হবে না। স্বাধীনতাও বিক্রি হবে না।অতীতে কোন সরকার মনে করতো না, ভারতের তোয়াজঁ না করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু আমরা এটা মনে করি। শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে।

    তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সাথে আমাদের প্রথমে যে গরমিল হবে, তাহলো দুর্নীতি বন্ধ করে দিবো। দুর্নীতি খতম হয়ে যাবে, কোন চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে কোন প্রশ্রয় আমাদের কাছে পাবে না।

    ডাঃ তাহের সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জামায়াত নেতা ডাঃ তাহের আরও বলেন, এই বারের নির্বাচনটি শুধু এমপি বানানোর নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা ৫৬ বছরে বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি সরকার ছিল। সেই তিনটি সরকার দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে প্রায় কাছাকাছি ছিল। মিল ছিল অনেক। দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করেছে। খুন, রাহাজানি, দখলদারিত্ব ও চাঁদাবাজি এটা সকল দলের সময়ে এক রকম ছিল। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের ভিতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে ছিল অনেকটা মিল। কিন্তু এইবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৬ বছরে যে তিনটি দলের দুর্নীতি হয়েছে, তা পরিবর্তন হয়ে যাবে।

    তিনি আরও বলেন, মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে ইলেক্টেড হতে পারি। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

    গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেম্বার হাফেজ উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, শাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হেলাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওঃ এটিএম মাসুম, মোহাম্মদ সাদেক, মঞ্জুর আহমেদ সাকি, নুরুল আমিন, আবু সাঈদ, জাফর আহমদ শিপন, খাইরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারন ভোটারবৃন্দ।

  • বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

    বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বানেশ্বর কাচারি মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. হাসানুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রেজাউর রহমান, রাজশাহী জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও হাফেজ হাফিজুর রহমান, জেলা পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রউব এবং রাজশাহী জেলা শাখার এনসিপির জয়েন্ট সেক্রেটারি আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধই একমাত্র পথ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কৃষককে সার ও ফসলের ন্যায্যমূল্য নিয়ে হতাশায় থাকতে হবে না, ব্যবসায়ীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।

    তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দেশের কোনো আসনেই তাদের দ্বিতীয় কোনো প্রার্থী নেই।

    সভায় দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে একটি মিছিল বের করে বানেশ্বর বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ করা হয়।

  • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

    নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

    সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

    সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মবিরতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি এ কে এম কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশের একজন কর্মচারী শখ করে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারেন না। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন করবেন।’

    আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুবি কর্মচারী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের বেতন মাসের ১০ দিন পার না হতেই শেষ হয়ে যায়। বাকি দিনগুলো ঋণ করে চলতে হয়। একজন রিকশাচালক প্রতিদিন ১ হাজার থেকে ১৫শ টাকা আয় করলেও আমরা সরকারি চাকরি করেও সেই পরিমাণ আয় করতে পারি না। বাজারদর ঊর্ধ্বগতির কারণে জীবনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে।’

    চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘নবম পে-স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মবিরতি কর্মসূচি চলমান থাকবে।’

    আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কুবি তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে যে পে-স্কেল দেওয়া হয়েছিল, তাতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। ২০ থেকে ১৯ গ্রেডে বেতনের পার্থক্য মাত্র ২৭০ থেকে ৫০০ টাকা হলেও ১১তম থেকে নবম বা দশম গ্রেডে এই ব্যবধান ৪ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।’

    তিনি আরও বলেন, ‘নবম পে কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। পে-স্কেলের স্বপ্ন দেখিয়েছেন আপনি, কমিশনও গঠন করেছেন আপনি। তাই নবম পে-স্কেল বাস্তবায়নের দায়িত্বও আপনাকেই নিতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে সারাদেশের কর্মচারীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

     

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে ১০ম বার্ষিক নাট্যোৎসব-২০২৬-এর উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে।

    আজ (২ ফেব্রুয়ারী) থেকে শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়িত হবে।

    ‎নাট্যোৎসবের উদ্বোধন উপলক্ষে আজ দুপুর ১২টায় নতুন কলা ভবন থেকে একটি আনন্দ র‍যালি বের করা হয়। র‍যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. জাহাঙ্গীর আলম বলেন, “সাহিত্য, নাটক ও সিনেমা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। নাটকের মাধ্যমে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। যেহেতু এই নাটকগুলো শিক্ষার্থীদের পরীক্ষার অংশ, তাই এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবেও বিবেচিত হবে। ভবিষ্যতে তারা সমাজের অবিচার, অনাচার, অবহেলিত বাস্তবতা ও গ্রামীণ সংস্কৃতি আরও দক্ষতার সঙ্গে সকলের সামনে তুলে ধরতে পারবে।”

    ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সঞ্চালনা করেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

    ‎বিভাগীয় সূত্রে জানা যায়, এ বছর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় পরীক্ষার অংশ হিসেবে মোট ৭ দিনে ১৪টি নাটক মঞ্চায়িত হবে। নাটকগুলো হলো, উজানে মৃত্যু, টপ গার্লস, চোখের বালি, দ্যা ম্যারেজ প্রপোজাল, মুক্তি বন্দিদশা, নকশী কাথাঁর মাঠ, শনিবার, ফ্রাইড ব্রেইন, ৪০৪ ওপেলিয়া মেশিন, দ্য কোর্ট অব ডিসক্রিমিনেশন, নো এক্সিট, এবং ইন্দ্রজিৎ, নানারঙের দিন ও কাজলরেখা। নাট্যোৎসবে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা নাট্যকারদের নাটকের পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক নাটকও প্রদর্শিত হচ্ছে।

    ‎আজ উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় শিক্ষার্থী রাজন বিশ্বাসের নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ নাটকটি মঞ্চায়িত হবে। এরপর রাত ৮টা ৩০ মিনিটে রেজুওয়ানা সুলতানা কনার নির্দেশনায় পরিবেশিত হবে কারিল চার্চিলের রচিত নাটক ‘Top Girls’।

    ‎উল্লেখ্য আগামী ৯ ফেব্রুয়ারি মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নাটক ‘কাজলরেখা’ মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্যোৎসবের পর্দা নামবে।

  • ‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

    ‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

    সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    ‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলের বাস নতুন তিনটি রুটে চালুর দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুবি শিক্ষার্থীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) স্মারকলিপিটি প্রদান করা হয়।

    ‎স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ক্যাম্পাস থেকে ঢাকা, ক্যাম্প্যাস থেকে লাকসাম এবং ক্যাম্পাস থেকে চৌদ্দগ্রাম বাস চালুর দাবি করা হয়।

    ‎আইসিটি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ বলেন, ‘এই তিনটি রুটে বাস চালু আমাদের অনেক দিনের দাবি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস চালু হলে অনেক শিক্ষার্থী যাতায়াত করতে পারবে ওদিক থেকে অনেক শিক্ষার্থী যাওয়া আসা করে। এবং ঢাকার বাস চালু হলে আমরা সকলেই সুবিধা পাবো কারণ প্রায় সকলকেই ঢাকায় বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। এই তিনটি রুটে বাস চালু হলে আমাদের যাতায়াতের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের এই দাবি দ্রুত পূরণ হবে।’

    ‎এ ব্যাপারে রসায়ন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘আমরা আজকে ক্যাম্পাস থেকে লাকসাম, চৌদ্দগ্রাম এবং ঢাকা পর্যন্ত বাস চালুর জন্য স্মারকলিপি দিয়েছি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস গেলে ওদিকের সকল শিক্ষার্থী সুবিধা পাবে এবং ঢাকার বাসটি পেলে সকল শিক্ষার্থীদের সুবিধা হবে কারণ অনেক শিক্ষার্থীকে ঢাকা যেতে হয় বিভিন্ন প্রয়োজনে। তাই আমরা আশাকরি অতিদ্রুত এই তিনটি রুটে বাস চালু করা হবে।’

  • লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

    লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

    মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার:

    ভোলার লালমোহন উপজেলায় রহিমপুর ইউনিয়নের এক গৃহবধূ মুক্তা বেগমর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা, ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে জুয়েলএর স্ত্রী।

    সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের বাথরুমের আড়ার সঙ্গে দড়ি পেঁচানো অবস্থায় মুক্তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    নিহতের মা রানু বেগম অভিযোগ করেন, “আমার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। এটি আত্মহত্যা হতে পারে না। শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সেই নির্যাতনের কারণে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

    অন্যদিকে, মৃতের স্বামী জুয়েল জানান, ফজরের নামাজের পর তার স্ত্রী পাশে থেকে উঠে যান এবং তখন সবকিছু স্বাভাবিক ছিল। পরে ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখেন। আশপাশের লোকজনকে ডাকলে তাঁরা মিলে লাশ নামান।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং লাশ থানায় নিয়ে গেছে। প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    লালমোহন থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শারীরিক ও মানসিক নির্যাতনের তথ্য পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচার কামনা করছেন।

  • জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

    জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির আড়ালে যে অধিকার উপেক্ষিত হচ্ছে, তা হলো ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন।”

    তিনি আরও বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার। অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অযৌক্তিক যুক্তি, প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টার অনীহা কর্মচারী সমাজকে চরম হতাশার মধ্যে ফেলেছে।

    সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির সহ যুব উন্নয়ন অফিসার হানিফসহ আরো অনেক এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্লোগান দেন পে স্কেল দিতে হবে দিয়ে দেন।

  • তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২

    তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২

    এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পুরাণ বাড়ঙ্গা গ্রামের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

    সোমবার (২ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে বালিজুড়ী ইউনিয়নের পুরাণ বাড়ঙ্গা গ্রামের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

    জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০ এবং ২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

    সোমবার ( ২ ফেব্রুয়ারি ) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ” আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউিটে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং একই সালের প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউটের সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্তদের থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।”

    এ সময় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীগণ মেধার যে স্বাক্ষর রেখেছেন, কর্মজীবনেও তাঁরা সফলতার মধ্য দিয়ে নিজের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবেন। উপাচার্য বলেন, এই মেধার পাশাপাশি নৈতিক মানুষ হতে হবে এবং নৈতিকভাবে আলোকিত কাজই হবে তাদের জীবনের অংশ। উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তা এবং নিজের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।”

    আরও বলা হয়, “অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন্স কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।”

  • রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

    রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজাপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম মৌখিক বক্তব্যে অভিযোগ করেন, সোমবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় তার নেতৃত্বে একদল জামায়াত সমর্থিত নারী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় যান। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে প্রয়াত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বড় বোন মাজেদা বেগম প্রথমে তাদের প্রচারে বাধা সৃষ্টি করেন। পরে বিষয়টি মোবাইল ফোনে জানালে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, জেলা যুবদলের সদস্য রাসেল, মো. নাজমুল হক চমন, নাসিম, সাইফুলসহ কয়েকজন স্থানীয় নেতা সেখানে গিয়ে প্রচারে বাধা দেন বলে অভিযোগ করা হয়।

    জামায়াতের নারী নেত্রীরা আরও অভিযোগ করেন, তারা ওই স্থান থেকে সরে পাশের এলাকায় গিয়ে প্রচার চালাতে চাইলে সেখানেও বাধা দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বলেন, “সোহেল ভাইয়ের এলাকায় এসব প্রচার চলবে না।” খবর পেয়ে জামায়াতে ইসলামীর শুক্তাগড় ইউনিয়নের আমির আব্দুল আলিম ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির সঙ্গে কোনো ধরনের সংঘাতে না গিয়ে স্থান ত্যাগ করেন। তারা জানান, পাল্টা প্রতিক্রিয়া জানালে মারামারির পরিস্থিতি তৈরি হতে পারত।

    জামায়াতের নারী নেত্রীরা আরও অভিযোগ করেন, এর আগেও তিন থেকে চার দিন আগে একই এলাকায় প্রচার চালাতে গিয়ে তারা বাধার মুখে পড়ে ফিরে আসেন।

    সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কবির হোসেন, উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সেক্রেটারি মোসা. সাহিদা বেগম ও সহ-সেক্রেটারি মারিয়ম বেগম। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

    ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক বলেন, গত কয়েকদিন ধরে পিংড়ি এলাকায় বিএনপির সন্ত্রাসীরা বাধা প্রদান করে আসছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আজ তারা আমাদের বোনদের রাস্তায় অবরুদ্ধ করে রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। আমাদের বোনদের দাওয়াতি কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, অথচ বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল যেখানে ৪৩ শতাংশ নারী সদস্য যুক্ত রয়েছে—সে দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা নারীদের হেনস্তা করছে, স্কার্ফ টেনে ধরছে ও আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

    অন্যদিকে, বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার জানা মতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, জামায়াতের প্রার্থীর বয়স অল্প এবং তিনি রাজনীতির অনেক বিষয় এখনো বুঝেন না। প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যা মোটেই কাম্য নয়।

    তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী ফয়জুল হক মাদ্রাসায় পড়ছেন এবং তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তার ভেতরে জঙ্গি ভাব রয়েছে।

     

  • কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফ্যাক্টচেকিং, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন বিষয়ক প্রশিক্ষণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল, ইউল্যাব (ULAB) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সোমবার (২ তারিখ) সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ব্যাচ প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সেমিনারে ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব, ভুয়া তথ্য শনাক্ত করার কৌশল, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের সামাজিক প্রভাব এবং দায়িত্বশীল তথ্য ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখে।

    আয়োজকদের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান সম্পা বলেন, ‘আজ আমরা ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ডিজিটাল লিটারেসি বাড়ানো, ভুল তথ্য ও অপতথ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ফ্যাক্টচেকিং টুলসের সঙ্গে পরিচিত করানো।

    তিনি আরো বলেন, ‘আমরা বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের ফ্রেশার্সদের নিয়ে এই কর্মশালাটি আয়োজন করেছি, যেন তারা শুরু থেকেই দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এই কর্মশালার মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের ফ্যাক্টচেকিংয়ের মৌলিক ধারণা, নির্ভরযোগ্য উৎস চিহ্নিত করা এবং মিডিয়ায় দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, আজকের ফ্রেশার্সরাই আগামী দিনের মতামতনেতা হবে। তাই এখন থেকেই যদি তারা সচেতন হয়, তাহলে একটি সুস্থ ও তথ্যভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘আমরা দেশের নাগরিক হিসেবে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করি। সেগুলো না মানলে জেল-জরিমানার মতো শাস্তি হয়। কিন্তু অনলাইন স্পেসে আমরা এসব বিষয়কে তেমন গুরুত্ব দিই না। ডিজিটাল স্পেসেও নির্দিষ্ট এটিকেট আছে—কী করা উচিত এবং কী করা উচিত নয়। বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কী, তা বুঝতে পারব এবং কোন তথ্য কীভাবে যাচাই করা হয় সে বিষয়েও জানতে পারব। এসব মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে আমাদের রেজিলিয়েন্স তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই আজকের এই সেমিনার।’

    সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘এই উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই। সময়োপযোগী একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। কারণ পৃথিবী স্মার্ট হলে চলবে না, আমাকেও স্মার্ট হতে হবে। পৃথিবীর সঙ্গে কানেক্টেড থেকে আমি যদি একটি মিসইনফরমেশন আমার ফেসবুকে শেয়ার করি, তাহলে মানুষ আমার সচেতনতার মান সেভাবেই মূল্যায়ন করবে।’

     

  • ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ

    ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে (১লা ফেব্রুয়ারি) রবিবার বিকালে গণসংযোগ করেছেন।

    গণসংযোগকালে তিনি বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন । এ সময় ডিমলা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী আমি তারেক রহমানের প্রার্থী, আমি বিএনপির প্রার্থী আমি জমিয়তের প্রার্থী, এই খেজুরগাছ আপনারা গ্রহন করবেন, আমরা আগামীর ডোমার ডিমলায় এই গাছ থেকে ফল খাব,রস খাব, ছায়া পাব। তারেক রহমানের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ট সর্ম্পক আমাকে নির্বাচিত করলে আমি অবশ্যই আপনাদের খেদমত করার সুযোগ পাব। গণসংযোগকালে তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের খেজুরগাছ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

     

  • কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

    কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের অংশগ্রহণে কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছে।

    সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ দিবস পালন করা হয়।

    বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর আয়োজনে আলোচনা সভা এবং মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

    এ বিষয়ে এম. রশিদ আলী বলেন, “জলাভূমি প্রকৃতির ফুসফুস ও জীববৈচিত্র্যের আধার, যা বন্যা নিয়ন্ত্রণ, পানি বিশুদ্ধকরণ এবং কার্বন শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলো শুধু মাছের আবাসস্থলই নয়, বরং লক্ষাধিক মানুষের জীবিকার উৎস। দূষণ ও ভরাট বন্ধ করে জলাভূমি রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থে জরুরি।”