Author: নিউজ ডেক্স

  • গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

    গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

    এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

    সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাতনী গ্রামের জামাল মুরুব্বির বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। শুরুতে একটি ঘর থেকে আগুন লাগলেও দাহ্য বস্তু থাকার কারণে মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানবিক প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

    একটি একটি করে সাতটি বসতঘরই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক, রান্নার উপকরণসহ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জমির দলিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে ভস্মীভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
    আশ্রয়হীন।

    অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও ক্ষতির পরিমাণ অত্যন্ত ব্যাপক। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের সহায়তায় কোনোরকমে দিন পার করছেন। শীতের এই সময়ে খাদ্য, পোশাক, অস্থায়ী আশ্রয় এবং আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

    স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

  • কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’

    কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫- ২০২৬ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম কাগজ ডট কম। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ট্রেইলব্লেজার।

    শুক্রবার (২৩ জানুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটি সাবরিনা আলমের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দীন এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসাইন এবং হোসটিং ডট কমের ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া।

    গত ২৬ অক্টোবর হাল্ট প্রাইজ এর অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রাথমিকভাবে ১২০ টি দল রেজিস্ট্রেশন করে। বিভিন্ন ধাপ শেষ করে ২৪ টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে ১০ টি দল ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে তিন বিজয়ী দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়।

    ফাইনালে যে দশটি দল প্রতিযোগিতা করে তারা হলো টিম আউটলায়ার্স, ফিনোভা, সিওইউ ইম্প্যাক্ট ক্যাটালিস্ট, ট্রেইলব্লেজার, প্রসপারেক্স, চেকমেট, পাওয়ার পিক্সেল, কাগজ ডটকম ২.০, থ্রি ডট, নাইট আউল।

    ফাইনালে টাইটেল পার্টনার হিসেবে ছিল স্পিড, সিলভার পার্টনার হিসেবে ছিল আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল, স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল আর এফএল, ফ্যাশন পার্টনার হিসেবে ছিল সৃষ্টিশীলা, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য বিজনের স্ট্যান্ডার্ড, ইউথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে ছিল টিবিএস গ্র্যাজুয়েট, হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল এলিট প্যালেস, মিডিয়া পার্টনার হিসেবে ছিল বণিক বার্তা, ফুড পার্টনার হিসেবে ছিল পেশওয়ারি টেলস, জাইতুন, ফুড হ্যাভেন, মার্কেটিং পার্টনার হিসেবে ছিল স্ট্র্যাটেজিক্স, নলেজ পার্টনার হিসেবে ছিল বিওয়াইসিএল, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল এক্স বিডি, হাইয়ার এডুকেশন পার্টনার হিসেবে ছিল এবরোড স্টাডি।

    বিজয়ী দল এর সদস্য ফাইরোজ বিনতে জাকারিয়া বলেন, ‘ আমাদের এই জার্নিটা শুধু জেতার জন্য না শেখার জন্যও ছিল। এর আগেও আমরা এখানে অংশগ্রহণ করেছি সেকেন্ড রানারআপ হয়েছিলাম। এবার চ্যাম্পিয়ন হলাম, বেশ ভালো লাগছে কারণ আমরা টিম হিসেবে সকল ভুলের উর্দ্ধে গিয়ে জিতেছি। ‘

    অনুষ্ঠানে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো: আবিদ শাহরিয়ার বলেন,”সব গ্রুপের প্রেজেন্টেশন খুব ভালো ছিলো,এখন আপনারা ১০ মিনিট করে সময় পেয়েছেন জাতীয় এবং বিশ্ব পর্যায়ে ৪ মিনিট সময় পাবেন বিট করার জন্য আর ৪ মিনিট সময় থাকবে প্রশ্ন উত্তরের জন্য.হাল্ট প্রাইজ আপনার কাছ থেকে ডিজাইন চায় না,আপনার থেকে একটা বিজনেস মডেল বা আইডিয়া চায় যেটা বিশ্বকে পরিবর্তন করবে আর চ্যাম্পিয়ন টিমের ৭২ ঘন্টার মধ্যে মেইলে একটা এপ্লিকেশন আসবে এপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার ডিটেইলস সাবমিট করতে হবে অন্যথায় আপনি জাতীয় পর্যায়ে আসতে পারবেন না।

    হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশ এর ন্যাশনাল কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম বলেন,’ আপনারা যারা বিচারক হিসেবে এসেছেন এবং দূর দুরান্ত থেকে সমন্বয়কারীরা এসেছেন সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এখানে বলছি এসডিজি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের উৎপাদন, বিশ্বের মার্কেটিং এর কথা, সব বিজনেসকে যদি আমরা টেকসই করতে চাই আমাদের ধারণার দরকার আছে,এসব ধারণা আমাদের অনুজ থেকে পাবো, বলছি ভূমি এবং সমুদ্রের কথা যেটাকে ব্লু ইকোনোমি বলে থাকি। আমাদের দেশকে, বিশ্বকে শিশুদের জন্য ১৭ টি যে এসডিজি গোলস আছে সেগুলোর মাধ্যমে একটি ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারি.আমি বিশেষ করে হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমকে বাংলাদেশের অর্থনীতি,বাংলাদেশের সমাজনীতি ভালো ভাবে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

    হোসটিং ডট কম এর ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর এবং বিচারক আহমেদ কবির চয়ন বলেন, ‘আমরা ইতোমধ্যেই বহু অনুরোধ, ব্রিফিং ও মূল্যায়ন সম্পন্ন করেছি এবং বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ভিন্নধর্মী ধারণাগুলো দেখেই বোঝা যায় যে আজকের সময় ব্যয় একেবারেই বৃথা যায়নি। কিছু শেষ মুহূর্তের বাধা থাকলেও আয়োজক দলের নিষ্ঠা ও অংশগ্রহণকারীদের আগ্রহের কারণে ‘হাল্ট প্রাইজ’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে এর জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, একে অপরের সঙ্গে কথা বলো, নেটওয়ার্ক করো ও পরস্পর থেকে শেখার চেষ্টা করো; কেউ আর্থিক মডেলে ভাল, কেউ ব্যবসায়িক ধারায় এই বৈচিত্র্যই আমাদের শক্তি। সার্বিকভাবে সফলতার পথ প্রতিযোগিতা নয়, সহযোগিতা; পরাজয় মেনে নেওয়া ও বিনয়ের সঙ্গে কাজ করা আপনাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও বড় রাউন্ডগুলো দেখতে চাই। ‘

    ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিচারক আদনান হোসেন বলেন, ‘আজকের অনুষ্ঠান দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। তরুণদের পিচিং ভবিষ্যতের সুযোগকে সামনে নিয়ে এসেছে বিচারক হিসেবে বলতে পারি প্রতিযোগিতাটি কঠিন ছিল এবং এক বিজয়ী ও দুইজন চূড়ান্তপ্রার্থী বেছে নেওয়া হয়েছে। এটি কেবল সূচনা; হিউম্যানিটি ফাউন্ডেশন ১৬ জেলায় কাজ করছে এবং যদি আপনার প্রকল্প আমাদের উদ্দেশ্যের সঙ্গে মিলে, আমরা পরামর্শ, নেটওয়ার্ক ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন।’

    এক্সিলারেটিং বাংলাদেশ এর ন্যাশনাল মেন্টর এবং বিচারক তারিফ মোহাম্মদ খান বলেন, ‘আজকের অভিজ্ঞতা আমাকে ও আমার সহকর্মীদের গভীরভাবে স্পর্শ করেছে বিশ্ববিদ্যালয় ও আয়োজকদের ধন্যবাদ। আমরা ডেকোতে পরিবেশ, জলবায়ু ও এসডিজি ভিত্তিক উদ্ভাবন।’

    প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন, ‘আমাদের এই টপ থ্রি টিম পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। এইবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের দিকেও ফোকাস করেছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম দেখিয়েছেন এবং আমাদের সামনে আরও কিছু প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম হবে।’

     

  • ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড

    ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড

    ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ত্রিশাল বাজারে থানার সামনের মিজান টাওয়ার মার্কেটে অবস্থিত একটি কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানটির নাম বাবুল প্রসাধনী এন্ড ব্যাগ হাউজ, যা বাসমতি কাচ্চি ঘরের পাশেই অবস্থিত।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি আনুমানিক রাত ১১টার দিকে হঠাৎ দোকানটিতে আগুন লাগে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী সার্কেল এএসপি ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন

    ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
    প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও দোকান মালিকের বরাতে জানা গেছে।

    ঘটনার পরপরই ত্রিশাল ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রিশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা প্রসাধনী সামগ্রী ও ব্যাগসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।

    এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

  • বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র

    বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

    এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলা জামেয় মসজিদ মাঠ থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

  • পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র

    পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াসউদ্দিন।

    জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, সালমা আলম লিলি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান খোকনসহ কালাইয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী।

    বক্তারা জনসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

  • বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

    বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে অবস্থিত শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী দিনে প্রতিযোগিতামূলক বাংলাদেশ ও বিশ্বের যেকোনো ক্ষেত্রে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সফলভাবে অংশগ্রহণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রম আরও জোরদার করতে আগামী নির্বাচনের পর এখানে একটি বই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আক্তার জাহান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ময়েন উদ্দিন, দাতা সদস্য আব্দুল হামিদ সরকার, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, জেলা বিএনপির সদস্য আমিনুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম তুষার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত সরকার, ইউপি সদস্য আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

  • ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ

    ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ

    মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:

    সড়কে প্রাণহানির মিছিল যেন থামছেই না। দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক যুবক।

    (২২ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় নাটোর বগুড়া হাইওয়ে পূর্ব হাগুড়িয়া পেট্রোল পাম্পের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে চলাচলের মুহূর্তে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভুক্তভোগীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক হলেন পাশের নওপাড়া গ্রামের মোঃ রেজাউল করিম সুজা মাস্টারের ছেলে মোঃ মনজুরুল করিম আকাশ (৩২)।

    খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেপরোয়া ট্রাক এসে মোটর সাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সিটকে নিচে পড়ে গেলে ট্রাক তার গায়ের উপর দিয়ে উঠে যায় এবং মটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার ট্রাকে সঙ্গে ছেচড়ে নিয়ে ফেলে রেখে যায়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

    দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রবিউর রায়হান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। উরুর গাঁও গ্রামের খোরশেদ আলমের পুকুর খননের নামে মাটি বিক্রি ও রাস্তা নষ্ট করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে বেআইনিভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে ভয়াবহ ভূমিক্ষয় ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ায়।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রবিউর রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।’

    স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে জাতীয়তাবাদী বিএনপি দলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

    বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃশহিদুল আলম তালুকদার।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, সহ কালাইয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ।

    মিছিল সহকারে স্থানীয় লোকজন জনসভায় যোগদান করেন। জনসভায় নেতারা বিএনপির ধানের শীষের পক্ষে সবাইকে ভােট দেওয়ার আহ্বান জানান।

  • নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

    নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

    মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:

    বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা নলছিটির রানাপাশা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) বাদ আছর ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুল বাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ঝালকাঠি -২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

    বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম মান্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো: সবুর মোল্লা, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী জুলহাস সিকদার।

    আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপি ও নলছিটি উপজেলা বিএনপি সহ রানাপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনা করেন পাশাপাশি ঝালকাঠি- ২ আসনের ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র জন্য ভোট প্রার্থনা করেন বক্তারা।

    আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

  • সিলেটে তারেক রহমানের জনসভায় জনসমুদ্র

    সিলেটে তারেক রহমানের জনসভায় জনসমুদ্র

    জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    বক্তব্যের শুরুতেই তারেক রহমান অনেকটা সিলেটি উচ্চারণে স্থানীদের কাছে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেন নি..?’
    এ সময় তিনি নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহবান জানান।

    তারেক রহমান বলেছেন, আজকে এখানে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের এই উপস্থিতির জন্য হাজারো মানুষ তাদের প্রাণ দিয়েছেন। আজকে আপনাদের এই রাজনৈতিক অধিকার আপনাদের বাক স্বাধীনতার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝের ইলিয়াস আলীকে হারিয়েছি। আমরা জুনায়েদকে হারিয়েছি, দিনারকে হারিয়েছি।

    আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চে তিনি এ কথা বলেন।

    এ সময় ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে মানুষ ২০২৪-এ রক্ষা করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই চেয়ারম্যান। বক্তব্যের মাঝে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।

    তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।

    এ সময় তিনি সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ ভোট চাওয়ার মাধ্যমে বেহেস্তের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ করেছেন।

    বিএনপির চেয়ারম্যান বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ ভোট চাওয়ার মাধ্যমে বেহেস্তের টিকিট বিক্রি করছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

    এসময় উপস্থিত জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

  • পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

    পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

    মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:

    বরিশাল, ২২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বরিশাল রেঞ্জ কার্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (সহকারী সাব-ইন্সপেক্টর) আল আমিন-কে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। ৫ এপিবিএন (উত্তরা, ঢাকা) থেকে পদোন্নতি পেয়ে বরিশাল রেঞ্জে যোগদান করা এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।

    ব্যাজ পরিধানকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরে আলম মহোদয় বরিশাল আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার)

    অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি অর্পিত দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের জন্য বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয় নতুন পদের এই অর্জন দেশ ও জনগণের সেবায় আরও উদ্যমী হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

  • নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায়

    নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায়

    মো:জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রাম আদালত দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছে। গ্রাম আদালতের শুনানি শেষে অভিযুক্ত পক্ষকে ভুক্তভোগী ও তার সন্তানের ভরণপোষণ বাবদ ৯৯ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মনি আক্তার (ছদ্মনাম) নাউতারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর কাকড়া গ্রামের বাসিন্দা মোঃ নুরুল হকের মেয়ে।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার তমিজ উদ্দিন কালা’র ছেলে মোঃ আব্দুল গফুর ওরফে গফুর বাদশা’র সঙ্গে ইসলামী শরীয়ত মতে তার বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ ওঠে।

    মোছাঃ মনি আক্তারের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সংসার টিকিয়ে রাখার জন্য তিনি একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে নির্যাতন বন্ধ না হওয়ায় একপর্যায়ে তাকে গর্ভাবস্থায় জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় সংসারে ফেরানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি আউটডোর ক্লিনিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ভর্তি করানো হয়। সেখান থেকে বাড়িতে এনে আবারও নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

    অভিযোগপত্রে আরও বলা হয়, পুনরায় নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলে তারা ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

    এর পরিপ্রেক্ষিতে নাউতারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গত ২২ নভেম্বর ২০২৫ ইং একটি দেওয়ানি মামলা (মামলা নং ৪৩/২৫) দায়ের করা হয়।

    পরবর্তীতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতের নিয়মিত শুনানি, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে ৪:১ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে নির্ধারণ করা হয় অভিযুক্ত মোঃ আব্দুল গফুরের বিরুদ্ধে আবেদনকারী মোছাঃ মনি আক্তার ও তার সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৯,০০০ টাকা এবং পূর্বের ১১ মাসের বকেয়া বাবদ মোট ৯৯,০০০ টাকা জরিমানা আরোপ করে আদেশ প্রদান করেন।

    আদেশ অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গ্রাম আদালতে উপস্থিত হয়ে উক্ত অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বিধি ১৯(১) অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

    এই সিদ্ধান্তের পক্ষে উপস্থিত ছিলেন ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালত সভাপতি মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ইউপি সদস্য জাফর উদ্দিন কাচুয়া, জিন্নুত আলী, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জসমুদ্দিন জসো।

    এ বিষয়ে নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর একটি মাধ্যম। এই মামলায় আমরা আইন অনুযায়ী সুষ্ঠু শুনানি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রায় প্রদান করেছি। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে গ্রাম আদালত সবসময় কঠোর অবস্থানে থাকবে।”

    এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পূরবী রানী রায় বলেন, “নারী নির্যাতন একটি গুরুতর সামাজিক অপরাধ। এ ধরনের ঘটনায় গ্রাম আদালতের দ্রুত ও ন্যায়সঙ্গত রায় ভুক্তভোগী নারীদের জন্য আশার বার্তা বহন করে। ভরণপোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও নারী নির্যাতন প্রতিরোধে গ্রাম আদালত, প্রশাসন ও সমাজের সকল স্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

    স্থানীয়রা মনে করছেন, গ্রাম আদালতের এ ধরনের কার্যকর ভূমিকার ফলে ইউনিয়ন পর্যায়ে পারিবারিক বিরোধ, নারী নির্যাতন ও সামাজিক অনিয়ম দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। এতে করে একদিকে যেমন ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন, অন্যদিকে সমাজে আইন মানার প্রবণতাও বাড়ছে।

    ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মনি আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করায় গ্রাম আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের নির্যাতন বন্ধে প্রশাসন ও সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

    সচেতন মহলের অভিমত, নাউতারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এই রায় স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    উল্লেখ্য যে, এবিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুল গফুর ওরফে গফুর বাদশা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার মন্তব্য দিতে রাজি হয়নাই।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

    সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

    ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

    ‎শুক্রবার (২৩ জানুয়ারি), সকাল ৬ টায় মুক্তমঞ্চে প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্ত্র পাঠ শেষে পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রসাদ বিতরণ করা হয়। পরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

    ‎এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তমা সাহা, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহাসহ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

    ‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, ”আজকের এই সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি জ্ঞান, নৈতিকতা এবং বিনয় অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার এক বিশেষ সংকল্প। এই আয়োজন আমাদের শিক্ষাঙ্গনের ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে এবং আগামী দিনে সমাজ ও দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেয়।”

    ‎পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, “প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিশ্ববিদ্যালয়ে ২০ বছর পূর্তি সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই, আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা এমন একটা আয়োজন করতে পেরেছি। আজকের এই শুভ দিনে আমি ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করি।”

     

  • চবিতে ইতিহাসের সর্ববৃহৎ সরস্বতী পূজা, একযোগে ১৩টি মণ্ডপে উদযাপন

    চবিতে ইতিহাসের সর্ববৃহৎ সরস্বতী পূজা, একযোগে ১৩টি মণ্ডপে উদযাপন

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার একযোগে ১৩টি পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে, যা চবির ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে পূজা উদযাপন করা হয়। পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

    সরস্বতী পূজা উপলক্ষে চবি সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ‘শ্রীপঞ্চমীর শুভেচ্ছা’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অতীতে সর্বোচ্চ ছয়টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও এবছর সেই সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। ব্যবসায় প্রশাসন, কলা ও মানববিদ্যা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান অনুষদ, মুক্তমঞ্চসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পৃথকভাবে পূজার আয়োজন করা হয়। এছাড়া চারুকলা ও নাট্যকলা বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় পূজা উদযাপন করে। ছাত্রীদের প্রীতিলতা হল এবং ছাত্রদের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেও পূজা অনুষ্ঠিত হয়।

    আয়োজকরা জানান, সকালে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ও যজ্ঞের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে পুষ্পাঞ্জলি, বেদ ও গীতা পাঠ, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। শনিবার (২৪ জানুয়ারি) সকালে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে ‘সুরেশ্বরী বন্দনা–২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

    বিজ্ঞান অনুষদের পূজামণ্ডপ পরিদর্শনে এসে রসায়ন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজয় ভট্টাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সরস্বতী পূজা। আমরা দেবীকে মাতৃস্বরূপে উপস্থাপনের চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আত্মিক সংযোগ তুলে ধরেছি।”

    মামার সঙ্গে পূজামণ্ডপ ঘুরতে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উদিতা দে বলেন, “এটাই আমার প্রথমবার মামার বিশ্ববিদ্যালয়ে আসা। সবগুলো পূজা ঘুরে দেখেছি, আমার খুব ভালো লেগেছে।”

    পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সংহিতা দেবী বলেন, “বিজ্ঞান অনুষদে এই প্রথম সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। বিদ্যা ও জ্ঞানের দেবীর পূজা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুবই প্রয়োজনীয়। পূজা ঘিরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “সরস্বতী বিদ্যার দেবী। শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্ম মানুষকে কল্যাণের পথ দেখায়, অকল্যাণের নয়।”

    সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, “ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে প্রক্টরিয়াল বডির সদস্য মোতায়েন করা হয়েছে। টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

     

  • শ্রীবরদীতে বিএনপি’র প্র নির্বাচনী কার্যালয় উদ্বোধন

    শ্রীবরদীতে বিএনপি’র প্র নির্বাচনী কার্যালয় উদ্বোধন

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুরের শ্রীবরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে ।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্র পালকি মার্কেট সংলগ্ন স্থানে এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল। উপজপলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল রুবেল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকোনুজ্জামান জামান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড আব্দুর রউফ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও নির্বাচন অফিস উদ্বোধন করা হয়।

  • কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

    কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ -এর উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস -উল ইসলাম বিদ্যুৎ, ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাঃ হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান ও সহকারী অধ্যাপক মোর্শেদ রায়হান, বার্ডের সহকারী পরিচালক মো. বাবু ও ফারুক হোসাইন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রভাষক সৌরভী আলামিনসহ উত্তরবঙ্গ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিভাগীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থী মো. হাশর বলেন, ‘ক্যাম্পাসে আসার পর নতুন পরিবেশে মানিয়ে নিতে আমার কষ্ট হচ্ছিল এবং আপনজনের অভাব অনুভব করতাম। ঠিক তখনই উত্তরবঙ্গ ছাত্র পরিষদকে পাশে পেয়েছি।’

    সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিরাজ বলেন, ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ শুধু একটি সংগঠন নয়; এটি উত্তরবঙ্গ থেকে আগত সকল কুবিয়ানের জন্য একটি পরিবার ও আবেগের জায়গা। যেকোনো প্রয়োজনে এই সংগঠন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।’

    বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস -উল ইসলাম বলেন ‘তোমরা এখানে মূলত পড়াশোনার জন্য এসেছো। নিজেকে উন্নত করার জন্য যেসব কাজ প্রয়োজন, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। পড়াশোনাকে যদি জীবনের প্রধান ভিত্তি হিসেবে ধরে রাখো, তাহলে তোমাদের ব্যক্তিগত মান আরও বৃদ্ধি পাবে।’

    সংগঠনের সভাপতি মাহাবুর রহমান বলেন, ‘আজকের এই আয়োজন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সম্মিলিত সফলতা। এটি কোনো সাধারণ সংগঠন নয়, এটি আমাদের পরিবার। ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থেকে আরও সুন্দর ও কার্যকর কর্মসূচির আয়োজন করব।’

     

  • চবিতে হাল্ট প্রাইজ ফাইনাল: মঞ্চ কাঁপাল ‘টিম চতুষ্কোণ’

    চবিতে হাল্ট প্রাইজ ফাইনাল: মঞ্চ কাঁপাল ‘টিম চতুষ্কোণ’

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এইচপিসিইউ) ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস প্রোগ্রামের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১২, ১৩ ও ১৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে ‘টিম চতুষ্কোণ’।

    বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

    প্রতিযোগিতায় এসডিজি ৯, ১২ ও ১৩-কেন্দ্রিক প্রকল্প নিয়ে ‘টিম দ্য অপটিমিস্টিক’ প্রথম রানার-আপ এবং এসডিজি ১২, ১৩ ও ১৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প উপস্থাপন করে ‘টিম মৌমাছি’ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়।

    অনুষ্ঠানটি পরিচালিত হয় হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিকের নেতৃত্বে। এ সময় চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানাও উপস্থিত ছিলেন। বক্তব্যে কারিন সাফফানা বলেন, “হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।” কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ বলেন, “হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের উদ্ভাবন ও দলগত কাজের মাধ্যমে একত্রিত করে।”

    প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড চট্টগ্রাম জোনের আর্থিক প্রতিষ্ঠান বিক্রয় বিভাগের প্রধান আরিফ ইফতেখার এবং এন. মোহাম্মদ গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ফারমান তোয়ুব। বিচারকরা দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেন।

    চূড়ান্ত পর্বে মোট ছয়টি দল অংশ নেয়—টিম আবরণ, টিম দ্য ইনোভেটরস্, টিম ট্রিও গ্রাইন্ড, টিম মৌমাছি, টিম চতুষ্কোণ এবং টিম দ্য অপটিমিস্টিক। প্রতিটি দলকে অভিজ্ঞ মেন্টররা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

    উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতি বছর জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৈশ্বিক থিম নির্ধারণ করে। ২০২৫–২৬ সেশনের থিম ছিল “আনলিমিটেড”, যা আন্তঃসংযুক্ত বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধানে তরুণদের উৎসাহিত করে।

     

  • আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

    আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

    মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালী ৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

    তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে। এবারের নির্বাচন জনগণের, জনগণের মার্কা ধানের শীষ উন্নয়নের মার্কাও ধানের শীষ।

    বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা এখনও উন্নয়নের সাক্ষ্য বহন করছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলো পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

    বৃহস্পতিবার বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবিএম মোশাররফ হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

    সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ

  • ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

    ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোট সমর্থিত নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিজয় চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

    মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী, ইনশাল্লাহ, নীলফামারী-১ ডোমার–ডিমলা আসনটি আমরা বিপুল ভোটে বিজয় করে কেন্দ্রকে উপহার দেব। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

    মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, ও উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক লেবু, ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

    মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।