Month: February 2026

  • বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

    বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোঃ শাকিল মৃধা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি-২০২৬) দুপুরে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত শাকিল মৃধা আদাবাড়িয়া ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা–বাউফল–দশমিনা রুটে চলাচলকারী পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    স্থানীয় দফাদার মোঃ রফিকুল ইসলাম জানান, রোববার বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফেরেননি শাকিল। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও শীতের পোশাক পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করে। স্বজনরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

    নিহতের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা অভিযোগ করে বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

    আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

    আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়নের জামিরুল ইসলাম ও রাকিবুল হাসান খান দিপুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সকালে জামিরুলের সমর্থক কালাম ও সালামের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা করে আহত করে। এরপর জামিরুলের সমর্থক নাসির মেম্বারের লোকজন পাল্টা হামলা চালালে দিপুর সমর্থক আকলিমা নামের এক মহিলা আহত হয়।

    পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বারইহুদা গ্রামে এসে জামিরুলের দলীয় মাতব্বর নাসির মেম্বারকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাধা দেয়। এসময় পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ বাধে। এতে হাটফাজিলপুর ক্যাম্প পুলিশ সদস্য সোহেল রানা, বারইহুদা গ্রামের নাসির মেম্বারের কর্মী কবিরসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    এ ঘটনায় বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, বারইহুদা গ্রামের আমার সমর্থকের উপর সকালে অতর্কিত হামলা চালায় দিপুর লোকজন। পুলিশ তাদের আটক না করে আমার লোকজনকে উল্টো ধরতে গেলে পুলিশের সাথে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপু জানান, আমি কোন দলাদলির ভেতরে নেই। যারা সংর্ঘষে লিপ্ত ও পুলিশের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

    শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, বারইহুদা গ্রামে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • লক্ষ্মীপুর-৪ আসনের তিনবারের সাংসদ নিজানকে মন্ত্রী চান রামগতি-কমলনগরবাসী

    লক্ষ্মীপুর-৪ আসনের তিনবারের সাংসদ নিজানকে মন্ত্রী চান রামগতি-কমলনগরবাসী

    মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তাঁর এই হ্যাট্রিক জয়ের পর এখন রামগতি ও কমলনগর উপজেলার সর্বস্তরের মানুষের দাবি— তৃণমূল থেকে উঠে আসা এই জনপ্রিয় নেতাকে নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।

    স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মতে, নিজান কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং মেঘনা উপকূলীয় অঞ্চলের মানুষের সুখ-দুঃখের বিশ্বস্ত নাম। বিগত সময়ে সংসদ সদস্য হিসেবে তিনি রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন এবং চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এবার তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের আড্ডায় তাঁকে ‘মন্ত্রী’ হিসেবে দেখার দাবি জোরালো হয়ে উঠেছে।

    কেন তাঁকে মন্ত্রী হিসেবে চায় জনতা? স্থানীয় বাসিন্দারা বেশ কিছু যৌক্তিক কারণ তুলে ধরছেন: ২০০১ এবং ২০০৮ সালের পর ২০২৬ সালের নির্বাচনেও তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সংসদীয় অভিজ্ঞতা তাঁকে মন্ত্রিসভার জন্য যোগ্য করে তুলেছে।

    রামগতি ও কমলনগরের প্রধান সমস্যা মেঘনার নদী ভাঙন। এলাকাবাসীর বিশ্বাস, তিনি মন্ত্রী হলে এই অঞ্চলের স্থায়ী বাঁধ নির্মাণ এবং মেঘনা উপকূলীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

    অবহেলিত চরাঞ্চল ও উপকূলীয় জনপদের সামগ্রিক উন্নয়নে একজন প্রভাবশালী মন্ত্রীর অভাব দীর্ঘদিন ধরে অনুভব করছে এই এলাকার মানুষ।

    উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, “নিজান ভাই তিনবারের নির্বাচিত এমপি। তিনি দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রেখেছেন এবং এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। রামগতি-কমলনগরের মানুষের দীর্ঘদিনের চাওয়া, আমাদের এই অভিভাবককে এবার মন্ত্রিসভায় স্থান দিয়ে বৃহত্তর নোয়াখালী ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নের সুযোগ করে দেওয়া হোক।”

    রামগতি বাজারের একজন সাধারণ ব্যবসায়ী বলেন, “আমরা শুধু এমপি নয়, এবার রামগতি-কমলনগর থেকে একজন মন্ত্রী চাই। নিজান সাহেবের হাত ধরে আমাদের এই অবহেলিত জনপদ বদলে যাবে বলে আমাদের বিশ্বাস।”

    এখন দেখার বিষয়, রামগতি ও কমলনগরবাসীর এই প্রাণের দাবি কেন্দ্রীয় পর্যায়ে কতটা গুরুত্ব পায়। তবে স্থানীয়রা আশাবাদী, দলের নীতিনির্ধারক মহল তৃণমূলের এই সেন্টিমেন্টকে মূল্যায়ন করবে।

  • দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

    দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

    সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণ মিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে।

    ‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।

    ‎শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো: আবুল বাশার বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে। দীর্ঘ সাড়ে সতেরো বছরের সংগ্রামের পর জনগণের ভোটাধিকারের প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে।’

    ‎তিনি আরো বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিগত সময়ের পেশীশক্তি ভিত্তিক ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি করবে না। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মৌলিক অধিকার আদায় ও বাস্তবায়নে লক্ষ্যে কাজ করবো। পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং গত আঠারো মাসে প্রশাসন সেসব ঘাটতি পূরণে ব্যর্থ হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কাজ করে যাবে।’

    ‎শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ ১৮ বছর লড়াই সংগ্রাম করে, বিএনপি’র সরকার গঠন উপলক্ষে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে গণ মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে সুস্থ ধারার ক্যাম্পাস ও রাজনীতি পরিচালনায় শিক্ষার্থীবান্ধব সংগঠন গুলোও আমাদের সহায়ক হবে। সকলের সার্বজনীন প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস সকলকে উপহার দিতে পারবো।’

    ‎শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজকের মিষ্টি বিতরন কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দকে স্বাগতম। সুখ-দুঃখ সবাই মিলে উপভোগ করলে জয়ের আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়। আমরা চাই আমাদের নিরঙ্কুশ জয়, ছাত্রদলের জয়, বিএনপির জয়, তারেক রহমানের জয়, সকলকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করতে। ক্ষণিকের এই বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে চাই।’

     

  • অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

    অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

    অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এ সময় সারাদেশ থেকে ০৮টি আগ্নেয়াস্ত্র, ০৬ রাউন্ড গুলি ও ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তর  থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ।

    আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষটি  জানানো হয়েছে।

    উক্ত বার্তায় প্রেস উইং জানিয়েছে,

    তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

  • মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

    মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা (১৫ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে বাসস-কে জানান, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।’

    তিনি আরো জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়।

    বঙ্গভবনের একজন কর্মকর্তা বাসস-কে জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

    মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন।

    বঙ্গভবনের ওই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কাজ করছে।

    নিয়ম অনুসারে, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের সংসদীয় নেতা নির্বাচন করা হবে।

    এরপর দলের নেতা রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং তাকে জানাবেন যে সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আবেদন করবেন।

    রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন।

    রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

    সংবিধান অনুসারে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হয়।

    শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে।

    এই নির্বাচনে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

    জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।

    রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি সাধারণত বঙ্গভবনে নতুন সরকারকে শপথ পাঠ করান।

    সূত্রঃ বাসস

  • ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

    ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

    মোঃ সুজন মিয়া, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

    সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এবং জাতীয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    পারস্পরিক সৌজন্য ও সম্মানের ভিত্তিতে অনুষ্ঠিত এই বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় ও সংলাপের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন ধারার দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎ বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলেও জাতীয় রাজনীতিতে এর প্রভাব ও বার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

  • কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর

    কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন গণফ্রন্টের মনোনীত প্রার্থী (মাছ মার্কা) আলমগীর হোসেন ।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণায় এ তথ্য জানা গেছে।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১১দলিয় প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লা মোহামমদ তাহের ১লাখ ৩৩ হাজার ৩০৮ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের কামরুল হুদা পেয়েছেন ৭৬হাজার ৬৩৮ ভোট। ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। ফলে ৫৬ হাজার ৬৭০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ডাঃ তাহের।

    তবে এই আসন থেকে গণফ্রন্টের মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ন্যাশনাল ” মাছ” প্রতীক নিয়ে ১০০শ ভোটের কোটায় পৌঁছতে পারেনী পেয়েছেন মাত্র ৯৮ টি ভোট । এই আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন তিনি। উল্লেখ্য চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪০৯০৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০৫১১০ জন এবং মহিলা ভোটার ২০৩৯৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

    এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি। এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ২লাখ ১৯ হাজার ৫১১টি।
    এরমধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৯৪ টি ভোট বৈধতা পায়। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫হাজার ৬১৭ ভোট।

  • জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

    জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

    আজ ১৬ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাঁর মরদেহ দেশে আনা হলে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তাঁর সামরিক জীবনের শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দক্ষতার পরিচয় দেন এবং অল্প বয়সেই মেজর পদে উন্নীত হন। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার তাঁকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয়। তাঁর নেতৃত্বে দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয় এবং সমন্বিত গেরিলা ও সম্মুখযুদ্ধ কৌশল গ্রহণ করা হয়। এতে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং শত্রুপক্ষের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি সম্ভব হয়।

    সিলেটের তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে গৃহীত কৌশলের ভিত্তিতে মুক্তিযোদ্ধারা গেরিলা হামলা, যোগাযোগব্যবস্থা ধ্বংস এবং রসদ সরবরাহে আঘাত হানেন। তাঁর অনুমোদনেই পরিচালিত ঐতিহাসিক অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম ও মোংলা বন্দরে পাকিস্তানি জাহাজে সফল আক্রমণ চালানো হয়।

    স্বাধীনতার পর গঠিত সরকারে তিনি জাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পুনর্গঠনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

    ১৯৭০ সালের নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

    সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন এবং ওসমানী জাদুঘর তাঁর স্মৃতি বহন করছে। এছাড়া ওসমানীনগর উপজেলা তাঁর নামানুসারে নামকরণ করা হয়েছে।

    বাংলাদেশ সরকার ১৯৮৫ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে। মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়কের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আজও।

  • চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

    চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে সেফটি টাংকিতে পড়ে সুমাইয়া তাবাসসুম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার বাতিসা ইউনিয়ন বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে। নিহত তাবাসসুম একই গ্রামের প্রবাসী ছালে আহমমদের দ্বিতীয় মেয়ে। তথ্যটি নিশ্চিত করছেন প্রতিবেশী আতিক হোসেন। তার মৃত্যুর খবর এলাকার শোকের ছায়া নেমে আসে।

    স্হানীয় সুত্রে ও প্রতিবেশীরা জানান, রবিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকার পর থেকে সুমাইয়া তাবাসসুম কে বাড়িতে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮ঃ০০ ঘটিকার সময় একপর্যায়ে একই বাড়ির জ্যাঠা আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেফটি টাংকির ভিতরে তাকে দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে যান। পরে ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, টয়লেটের সেফটি টাংকিতে পড়া সুমাইয়া তাবাসসুম ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

     

  • পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি বলেন, ‘রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।’

    পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।’

    পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।’

    প্রধান উপদেষ্টা বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।’

    সূত্রঃ বাসস

  • জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

    জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

    মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

    জনগনের সার্বিক কল্যানে আমরা রাজনীতি করি। বিগত দিনের কোন ঘটনা আমি উল্লেখ করতে চাই না। আপনারা জানেন বিদ্যুৎ উন্নয়নের নামে বিগত দিনে কি পরিমান টাকা পয়সা লুটপাট হয়েছে। সেই তুলনায় বিদ্যুৎ এর কোন উন্নয়ন হয় নাই। এজন্যই লোড সেডিং বেড়েছে। লোড সেডিং বন্ধ করার জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পনা করে পূবাইল কালীগঞ্জের লোড সেডিং কমানোর চেষ্ঠা করব।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি)সকালে কালীগঞ্জ ০৫ আসনের নব নির্বাচিত এম.পি ফজলুল হক মিলন তার নিজ বাস ভবনে পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করার সময় এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, বিগত দিনের অবহেলিত পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব। আজকের এ বিজয় আমার একার নয় এটা আমার নির্বাচনী এলাকার সকলের বিজয়। আপনারা বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।

    এ সময় পূবাইল সাংবাদিক ক্লাবের, সভাপতি রবিউল আলম, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল ভুঁইয়া, দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমস এর টঙ্গী-পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, আসিফ রায়হান, জাহিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

    ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনের কারাদণ্ড

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দণ্ডাদেশ কার্যকর করা হয়।

    বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) ও গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯)। এ ছাড়া শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) এবং খাড়ামোড়া এলাকার হাজ্বি কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০) রয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বর্তমানে বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সুযোগে একটি চক্র চোরাইভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে। এসব কার্যক্রম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

    ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

    জাবি প্রতিনিধিঃ

    সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের বাসিন্দা মো. শহীদুল ইসলাম (৩০) রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ‘ডেভিলস ব্রেথ’ নামে পরিচিত এক ধরনের চেতনানাশক পদার্থের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে শহীদুল তার বোনের বাসা বাবুরচর থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফেরেননি। বয়স ৩০ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা—এই বর্ণনা দিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়।

    শহীদুলের বাবা মো. শামসু গনমাধ‍যমকে জানান, সদরপুর উপজেলার একটি খাবারের হোটেলের সামনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শহীদুলের হাতে একটি কাগজ দেন এবং সেটি পড়ে শোনাতে বলেন। অভিযোগ রয়েছে, ওই কাগজে ‘ডেভিলস ব্রেথ’ (স্থানীয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নামক চেতনানাশক পদার্থ মাখানো ছিল। কাগজটি হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শহীদুল অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়

    পরবর্তীতে চেতনানাশকের প্রভাব কিছুটা কমে এলে শহীদুল বুঝতে পারেন যে তিনি অপহরণের শিকার হয়েছেন। একপর্যায়ে তিনি দুর্বৃত্তদের আস্তানা থেকে বের হয়ে রাস্তায় আসতে সক্ষম হন। পরে এক ইজিবাইক চালক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শৈলকুপা থানায় নিয়ে যান।

    শহীদুলের পরিবারের দাবি, থানায় নেওয়ার পথে আরেক প্রতারক চক্র ‘রক্ত দেওয়া লাগবে’ বলে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। আনুমানিক রাত ৯টার দিকে শহীদুলের জ্ঞান ফিরলে পুলিশ তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রাত ১টার দিকে তাকে বাড়িতে নিয়ে আসেন।

    সচেতন মহলের মতে, অপরিচিত ব্যক্তির দেওয়া কাগজ, খাবার বা কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগই পারে এ ধরনের অপরাধের শিকড় উপড়ে ফেলতে।

  • ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

    ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

    মোহাম্মদ সেলিম ঈদগাঁ (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বহুতল ভবন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও দমকল বাহিনীর ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

    (১৪ ফেবুয়ারি) শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার ঈদগাঁও গরু বাজারস্থ রমজান কোম্পানির বহুতল ভবনে ঘটে অগ্নিকাণ্ডের এ ঘটনা।

    খবর পেয়েে ছুটে আসেন স্থানীয় ক্যাম্পের সেনা, বিজিবি, ও ঈদগাঁও থানা পুলিশ। পরে যোগ দেয় রামু ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে আগুনের সুত্রপাত জানা যায়নি।

    রামু ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোমেন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে যৌথবাহিনির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভবনের নিচতলার বেশকটি গুদাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন বলেও জানান এ কর্মকর্তা।

  • মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

    মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

    আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আজ রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।

    আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

    আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

    আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছে।

    আইন উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

    মন্ত্রিসভার শপথের জন্য দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্বরণীয়।

    এছাড়া প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

    শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা জানান, ‘কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে আমার জানা নেই।’

    সূত্রঃ বাসস

  • ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

    ডিমলায় বুড়ি তিস্তার ভাঙ্গন আতঙ্কে হাজারো পরিবার, সাতজানে বাঁধ নির্মাণ অনিশ্চিত

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান এলাকায় বুড়ি তিস্তা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পেতে চলতি শুকনো মৌসুমেই স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত বর্ষায় সর্বস্ব হারিয়েছে প্রায় এক হাজার পরিবার কিন্তু বর্ষা মৌসুম ঘনিয়ে এলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় চরম উদ্বেগ, হতাশা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ।

    স্থানীয়দের অভিযোগ, গত বর্ষায় জরুরি ভিত্তিতে পাইলিং বসিয়ে সাময়িকভাবে ভাঙন ঠেকানো হলেও স্থায়ী সমাধানের কাজ শুরু হয়নি। ফলে আসন্ন বর্ষায় আবারও ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। প্রতিবছর বর্ষা এলেই বুড়ি তিস্তার তাণ্ডবে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, শুধু গত বর্ষা মৌসুমেই নাউতারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। হাজার হাজার একর আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে যায়।

    নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে একাধিক স্কুল, মসজিদ, মন্দির, কবরস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতি বর্ষায় হুমকির মুখে পড়ে । কৃষিনির্ভর পরিবারগুলো জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

    নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, গত বর্ষায় জরুরি ভিত্তিতে পাইলিং দিয়ে ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ৭ টি ভাঙ্গন কবলিত এলাকায় মোট ৩.৩০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা করে নোটসীটে চাহিদা দেয়া হয়েছে। তার মধ্যে ১ টি পয়েন্টের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা চহিদার তুলনায় অতি নগণ্য। বরাদ্দ পাওয়া ১টির জন্য চলতি মাসের গত ১১ তারিখে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে ।

    তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত নভেম্বরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), ডিজাইন সার্কেল-৬, ঢাকা–কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়ণের কারণে নির্ধারিত সময়ে কমিটির পরিদর্শন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুজ্জামান বলেন, গত বর্ষায় আমি নিজে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে পাইলিং দেওয়া হয়েছে। চলতি শুকনো মৌসুমেই জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে স্থায়ী বাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি সমাধান বাস্তবায়নের কথা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন।

    এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মহোদয় মো. নায়েরুজ্জামান জানান, ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জরুরী ভিত্তিতে।

    সাতজান মৌজার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, জরুরি ভিত্তিতে নদী খনন,ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গাইড ওয়াল নির্মাণ, কার্যকর পানি নিষ্কাশন স্ট্রাকচার স্থাপন,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, কৃষি ও সেচ অবকাঠামো উন্নয়ন করা হোক ।

    নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, আমার ইউনিয়নের ভাঙনকবলিত মানুষের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

    সময়মতো কাজ না হলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে এলাকাবাসীর জানান, নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু না হলে আসন্ন বর্ষা মৌসুমে বুড়ি তিস্তার ভাঙন আরও ভয়াবহ রূপ নেবে। নতুন করে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে সৃষ্টি হতে পারে বড় ধরনের মানবিক বিপর্যয়।

     

     

  • বিএনপিতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই : নিজান

    বিএনপিতে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই : নিজান

    মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও স্থানীয় বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ বিষয়ে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় সে যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

    তিনি আরও বলেন, আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি-কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের যে কেউ অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।

    এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে। চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ রয়েছে।

    একই দিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান ও ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি সদস্য), চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

    তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

    এসময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

    সূত্রঃ বাসস