ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ


মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাইপাস মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শাখার কেন্দ্রীয় শুরা সদস্য ও সেক্রেটারি হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদি।

তিনি বক্তব্যে বলেন, “৫ দফা দাবির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সময়ের দাবি হয়ে উঠেছে। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। কোনো ফ্যাসিবাদিকে ভোট দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না।” এ সময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জাম এবং ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *