
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়, জেলার সকল মোটরসাইকেল চালককে নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট থানা বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
ফুয়েল কার্ড পেতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (মূল কপি), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং একটি সচল মোবাইল নম্বর।
এছাড়া, অন্য জেলার বাসিন্দা যারা চাকরি বা অন্যান্য কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল ২০২৬ থেকে জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। এ নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের অপচয় ও কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।