ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৬ হাজার ৫৫৫টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় উৎসবকালীন সহায়তা হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংখ্যার ভিত্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইসলামপুর ইউনিয়নে ১ হাজার ১৭৩টি, পোকখালী ইউনিয়নে ১ হাজার ৬৫টি, ইসলামাবাদ ইউনিয়নে ১ হাজার ৪৭৩টি, ঈদগাঁও ইউনিয়নে ১ হাজার ৮৬৬টি এবং জালালাবাদ ইউনিয়নে ৯৭৮টি পরিবার এ সুবিধা পাবে। সব মিলিয়ে মোট ৬ হাজার ৫৫৫টি পরিবার এই ভিজিএফ সহায়তার আওতায় আসছে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব চাল বিতরণ করা হবে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

তবে ভূক্তভোগীরা জানান, আগের সময়ে এই বরাদ্দের চাল বিতরণ নিয়ে নানা অনিয়ম হয়েছিল। খরচের অজুহাতে কিছু কিছু ইউনিয়ন পরিষদে মাপজোখের সময় সুবিধাভোগীদের ১ থেকে ৩ কেজি পর্যন্ত চাল কম দেওয়ার অভিযোগ ছিল। এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের পরিবর্তে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আত্মীয়স্বজন এবং পছন্দের স্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিতরণের অভিযোগ উঠে। এতে বঞ্চিত হয়েছেন উক্ত চালের হকদার হত-দরিদ্ররা ।

সচেতন মহল জানিয়েছেন মোট বরাদ্দের এক তৃতীয়াংশ ভিজিএফ চাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হলে আগেকার অনিয়ম কিছুটা হলেও হ্রাস পেত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *