Author: নিউজ ডেক্স

  • পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

    পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান গণসংযোগ অব্যাহত রেখেছেন।

    রবিবার দিনভর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে দিনব্যাপী গণসংযোগ করেন জামায়াত প্রার্থী। এ সময় বাসুপাড়া বাজার, তেতুলিয়া, কার্তিকপাড়া বাজার, শক্তিপাড়া, রাতোয়াল, সড়গাছি, মালিপাড়া, সাধনপুর, জগদীশপুর, পচামাড়িয়া বাজার, সাধনপুর বাজার ও মোল্লাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

    গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে জনগণের সমর্থন প্রয়োজন। এ লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এইচ এম মনসুরুল হক, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব হোসেন, জামায়াত নেতা নুর আলম ও হাসান আল-মামুন, ছাত্রনেতা মারুফ হোসেন, শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহবুব আলম, সেক্রেটারি বাবলুর রহমান, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

    গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জামায়াত প্রার্থীকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় অনেক সাধারণ ভোটার আগ্রহের সঙ্গে প্রার্থীর বক্তব্য শোনেন এবং গণসংযোগে অংশ নেন।

  • ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

    ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহের নেতৃত্বে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় সার্বিক সমন্বয় ও উপস্থিতি ছিল সহকারী রিটার্নিং অফিসার, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল)।

    যৌথ এই মহড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। মহড়ায় নেতৃত্ব ও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

    ত্রিশাল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মহড়াটি বৈলর, কাঁঠাল, কালীর বাজার, নতুন বাজার, বালিপাড়া, রামপুরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, সহিংসতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তুলে ধরা হয়।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই যৌথ মহড়া নির্বাচনী মাঠে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন।

    প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকালীন সময়ে এ ধরনের টহল ও মহড়া অব্যাহত থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করা হবে।

  • মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

    মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নে হাত পাখার প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন চিলা ইউনিয়নের সকল নেতা কর্মীরা।

    ২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বৈদ্যমারী থেকে শুরু হওয়া নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটের প্রচারণা শুরু হয় এবং চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার গিয়ে হাত পাখার নির্বাচনী প্রচারণা চালান।

    সরজমিনে ঘুরে দেখা যায়, তারা প্রতিটি বাড়ি, দোকান পাঠ, রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে হাত পাখায় ভোট চাচ্ছেন যাতে ১২ ফেব্রুয়ারি হাত পাখার পদপ্রার্থী আলহাজ্ব জিল্লুর রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করা যায়।

    এসময় উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক লোকমান খাঁন, চিলা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির প্রধান সাহিদুর খাঁন, যুব আন্দোলন বাংলাদেশ চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোহেল ব্যাপারী , সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শেখ, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জাকির শেখসহ অন্যান্য নেতা কর্মী ও সাধারণ ভোটারগণ।

    উক্ত নির্বাচনী প্রচারণা বিষয় জানতে চাইলে তারা বলেন”( রামপাল – মোংলা) বাগেরহাট -৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান। আমরা তাকে হাত পাখার প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত। তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে হাত পাখার প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো। আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান এবং আমাদের এই সকল কার্যক্রম আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন অব্যাহত থাকবে।

  • ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

    ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, পাকিস্তানি রাজাকারদের তৈরি দল জামায়াতে ইসলামীর সভাপতি ডা. শফিকুর রহমান কোনো আলেম নন। তারা বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

    রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রফিকুল ইসলাম জামাল বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী তৈরি হয়েছিল, সেই দলের সভাপতি ডা. শফিকুর রহমান কোনো আলেম না। ওরা বেহেশতের টিকিট বিক্রির নামে ভণ্ডামি করছে। আমাদের মা-বোনদের অপমান করেছে। ওরা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নাকি পতিতালয়ের সমান। আমি আমার মায়েদের অপমান করার জন্য ওদের ধিক্কার জানাই।”

    তিনি আরও বলেন, “এই অঞ্চলে যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছে, তাদের অসম্মানজনক ও বাঁদরামিপূর্ণ কথাবার্তা মানুষ দেখেছে। বিড়ির সুখটান দেখিয়ে বেহেশত দেওয়ার স্বপ্ন দেখায়। কোনো ভালো পরিবারে কিংবা আলেমের পরিবারে যদি কেউ জালেম হয়, তাকে সেই পরিবারের সম্মান দেওয়া যায় না। কারণ কায়েদে সাহেব হুজুর জীবনে যত বই লিখেছেন, সবগুলোই মওদুদী আকীদার বিরুদ্ধে। আর তুমি নেমেছো মওদুদী আকীদা নিয়ে—তোমাকে আমরা প্রত্যাখ্যান করলাম।”

    রফিকুল ইসলাম জামাল বলেন, “আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, তখন ওরা ফতোয়া দিচ্ছে—মোনাজাতে হাত তুলে দোয়া করা নাকি হারাম, এটা নাকি ইসলাম সমর্থন করে না। আমি তোমাদের ধিক্কার জানাই। আমরা কিছু চাইলে মহান আল্লাহর কাছেই চাই, তোমাদের কাছে কিছু চাই না।” তিনি আরও বলেন, “ওরা ইসলামের শত্রু। ইসলাম নিয়ে ওরা ভণ্ডামি করছে। ইসলামকে বিভিন্ন খাতে অপব্যবহার করে ইসলামকে বিতর্কিত করছে।”

    বিএনপির এই নেতা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ওলামা দল—যেখানে আলেম-ওলামারা ধর্মীয় মূল্যবোধ নিয়ে রাজনীতি করে—সেই দলেই শান্তি থাকে। ওদের মতো রাজাকার, আলবদর, আলশামস বাহিনী ৫৪ বছর ধরে দেখিয়েছে তারা রগ কাটতে জানে। পাকিস্তানের ২৩ বছরে আমরা দেখেছি তারা কী পরিমাণ নির্যাতন করতে পারে। তোমাদের আর নতুন করে আমাদের দেখানোর দরকার নেই।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এলিজা জামান। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, সদস্য সচিব রিয়াজ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজোয়ান হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

     

  • সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

    সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

    সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

    ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

    পথসভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সারওয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

    কর্মসূচিটি সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরপুর বাজার প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।

    পথসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি ন্যায়পরায়ণ, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। তারা জনগণকে সচেতন হয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. সারওয়ার হোসেন বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মৌলিক সংস্কার অপরিহার্য। এসব খাতে সুশাসন ও নৈতিকতার অভাব থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

    তিনি সদরপুরসহ ফরিদপুর-৪ আসনের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন”

    অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

    বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

    মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

    উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়ায় সদ্য জামায়াতে ইসলামীতে যোগদান করা শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনি ও এনসিপি নেত্রী এ কে ফ্লোরা।

    চাখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. শহিদুল ইসলাম চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. খলিলুর রহমান শাহাদাৎ, সেক্রেটারি জেনারেল মো. মোজাম্মেল হোসেন মোকাম্মেল, পৌর জামায়াতে ইসলামী আমীর কাওসার হোসেন এবং এনসিপির বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মো. আসিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত উঠান বৈঠকে বিএনপি থেকে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদার,সলিয়া বাকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সিরাজুল হক মিয়াসহ পাঁচজন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

    এদিকে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

     

  • শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুরের ঝিনাইগাতীতে শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো. ছামিউল হক ফারুক।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলায় শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বসার জায়গাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পোনে দশটায় তিনি মারা যান।

    তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে আরও সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

    ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

    ‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

    ‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশে ২০০ (দুইশত) গজ এলাকার মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে নিম্নোক্ত কার্যক্রমসমূহ নিষিদ্ধ থাকবে—

    ‎১. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না।
    ‎২. পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা বা কোনো ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।
    ‎৩. পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে মাইক বা মেগাফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
    ‎৪. পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।

    ‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে কিছু কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে আমরা সকলকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

    ‎উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল ৩ টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     

  • লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

    লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

    মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

    লালমনিরহাটের মোগলহাট সীমান্তের মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিজিবির অভিযানে ইউএসএ তৈরি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটিলিয়ন ৷

    গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ১৫বিজিবি এর একটি টহল দল টহল পরিচালনা করার অগ্যাত নামায় ২জন চোরাকারবারী বিজিবির গাড়ি দেখে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়, পরবর্তীতে পলিথিনের পেকেট হতে বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ১৫ বিজিবি লালমনিরহাট ৷

    লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনা টির সত্যতা নিশ্চিত করেছেন, তিনি জানান সীমান্ত চোরাচালান ঠেকাতে বিজিবি সবসময় কঠর ভুমিকা পালন করেন ৷

  • জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:

    জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সেনেরচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাজিরা উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সেনেরচরসহ আশপাশের এলাকায় মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

    জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। এ সময় উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির আড়ালে যে অধিকার উপেক্ষিত হচ্ছে, তা হলো ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন।”

    তিনি আরও বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার। অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অযৌক্তিক যুক্তি, প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টার অনীহা কর্মচারী সমাজকে চরম হতাশার মধ্যে ফেলেছে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্লোগান দেন পে স্কেল দিতে হবে দিয়ে দেন।

  • মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব

    মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব

    ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

    নওগাঁর মান্দায় ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি) ০২ নং ভালাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেলে ৩ টায় আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালাইন ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নুর নবী ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং ৪৯ নওগাঁ মান্দা৪ আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

    তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থী এবং বাংলাদেশ পন্থীরা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে সারা দেশের ন্যায় মান্দায় পাড়া মহল্লার দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কেউ তা রুখতে পারবে না—ইনশাআল্লাহ।” মান্দার এই আসন থেকে বিজয় ইসলামের হবে বিজয় হবে জনতার। আর জনতার ভালবাসার বিজয় নিয়ে সংসদে ইসলামি ঐক্যজোটগুলো আগামীতে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।

    এসম অুনস্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।

    অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন,আব্দুর রাকিব চৌধুরী এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

    জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

    বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে কাজ করে যেতে হবে, এসময় অনুষ্ঠান শেষে বৈদ্যপুর বাজারে সকল শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং দাড়িঁপল্লা মার্কায় ভোট চান।

     

  • কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

    কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।

    বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর দক্ষিণপাড়া, পরমতলা মাদরাসা মাঠ, বাঁশকাইট ও পান্তি বাজারে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

    পথসভায় কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমার জন্য দোয়া করবেন—আমি সারাজীবন আপনাদের সেবা করতে চাই।

    তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।

    মুরাদনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।

    এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল সরকার, মোঃ আবুল হাসান ছিটন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা।

  • সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার

    সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার

    আল শাহরিয়া আমিন, নড়াইল প্রতিনিধি:

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কাইসার এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ তারিখ) বিকাল ৩ টার সময় কালিয়া বাস স্টান্ড মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

    এই জনসভায় উপস্থিত ছিলেন নড়াইল- ১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কাইসার ,শিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মাদ ,কালিয়া উপজেলা আমির মাও: তরিকুল ইসলাম , সেক্রেটারি আলোমগির হোসাইন ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

    এসময় নেতারা বলেন,জনগণ যদি আমাদের কে দেশের সেবা করার সুযোগ দেয় তাহলে কালিয়াতে কোন অনার্স লেভেলের কলেজ নির্মাণ করবো এবং ৬০ বছরের উর্ধে যাদের বয়স এবং ৫ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে।

  • জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    জাবি প্রতিনিধি:

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু এর নেতৃবৃন্দ।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার, জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম। এছাড়া ইফসা কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

    অনুষ্ঠানে ইফসা’র সভাপতি মোঃ মুজাহিদ হোসাইন এক বার্তায় বলেন, “শীত সবার জন্য আনন্দদায়ক হয় না; বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সফল হবে যখন প্রতিটি শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যেসব শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

    সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “ইফসা’র এই মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়। জাকসু সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে এবং জনহিতকর কাজে এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”

    জাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজন করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

    ইফসা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার প্রকৃত অভাবী মানুষের তালিকা তৈরি করে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত

    শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে।

    বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

    রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল।

    নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আব্দুল আজিজের ছেলে এবং ফতেহপুর এস.এফ.এম. কে ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়।

    এ সময় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, ঝিনাইগাতী পৌর জামায়াতের আমীর তাহেরুল ইসলামসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    এ ঘটনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

    দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

    সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর দুমকিতে তদারকি ও নিরাপত্তার অভাবে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি। সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এক সময়ে পায়রা নদীর বুকে দাপিয়ে চলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ফেরি বিভাগের দুইটি ফেরি। রোদ-বৃষ্টি ও পানির নিচে ডুবে থাকা ফেরি দুইটি এখন সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে ঘাটে। দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি হয়ে যাচ্ছে ফেরির মূল্যবান যন্ত্রাংশও।

    সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে দুইটি ফেরি। ফেরিগুলোর শরীর এখন মরিচা ধরা লোহায় পরিণত হয়েছে। কোথাও ভাঙা দরজা-জানালা, কোথাও যন্ত্রপাতি উধাও। ভেতরে স্তূপ হয়ে আছে ময়লা-আবর্জনা। চারপাশে আগাছায় ঢেকে গেছে পুরো এলাকা।

    স্থানীয়রা জানান, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে ফেরি দুইটি তার নিজ বাড়ির সামনে বাহেরচর এলাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকেই ফেরিগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

    স্থানীয় বাসিন্দা মো: রফিক বলেন, ‘অনেকদিন ধরেই ফেরি দুইটি পড়ে আছে ঘাটে। কোনো রক্ষণাবেক্ষণ নেই, ফলে কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষ এগুলো নিলামে বিক্রি বা অন্য জায়গায় ব্যবহার করতে পারত।’

    মো: ফরহাদ বলেন, ‘সরকারি সম্পদ এভাবে ফেলে রাখা দুঃখজনক। অকেজো ফেরিগুলো সংস্কার বা বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।’

    এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জামিল আক্তার বলেন, ‘বাহেরচর এলাকায় ফেরি দুইটি পড়ে আছে বিষয়টি আমারা জেনেছি। দ্রুত সময়ের মধ্যে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

    স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ফেরি বিভাগের কোটি টাকার এ সম্পদ সম্পূর্ণরূপে অচল হয়ে পড়বে।

  • বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারীর মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮শে জানুয়ারি ( বুধবার ) বিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। এখন সময় এসেছে সঠিক লোককে নির্বাচিত করার। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন। তাহলে আগামী পাঁচ বছর এই সিদ্ধান্তের উপর চলতে হবে। আমি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করবো এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।

    এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক,চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ কাজল খাঁন, চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ এবং সঞ্চালনায় এস এম পলাশ আহবায়ক মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকদল।

    জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা এবং সাধারণ মানুষের ঢল নামে।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

    উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা ও রামপাল জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ইতিমধ্যে তিনি দুবলার চর ও উপকূলীয় বিভিন্ন এলাকায় জেলে ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

  • কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

    কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

    সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

    ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৩০ ও ৩১ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ওই দুই দিনে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে ঠিক ওই সময়েই কুমিল্লা শহর ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুবি শিক্ষার্থীরা।

    ‎বারখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে পরদিন ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নন্দনপুর ডিআরএস-এর এইচপি ডিআরএস ও আইপিডিআরএস অংশ বন্ধ রাখা হবে। এ কারণে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ওই সময় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

    ‎ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে গ্যাস সরবরাহ বন্ধের এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন কুবি শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসন, খাবারসহ নানাবিধ ভোগান্তি তৈরি হতে পারে। বিশেষ করে মেস, হোটেল ও আবাসিক এলাকায় গ্যাস না থাকলে রান্না ও দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

    এ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে খাবারসংক্রান্ত সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ওইদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পরিক্ষার্থী ও অভিভাবক আসবেন। তারা এখানে এসে যদি খাবার সংকটে পড়েন, সেটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করবে।’

    ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘ কুমিল্লায় ওইদিন প্রায় ৭০ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আসবে সাথে তাদের গার্ডিয়ান আসবে। এমন দিনে গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হবে। যা কুমিল্লার প্রতি বিভিন্ন অঞ্চলের মানুষের একটি ভূল ধারণা তৈরী করবে। এই সিদ্ধান্তটি অতি দ্রুত পরিবর্তন করা উচিত।’

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন দূর-দূরান্ত থেকে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবক আসবেন। ওইদিন গ্যাস সরবরাহ না থাকলে সবাইকে খাবার নিয়ে ভোগান্তিতে পড়তে হবে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’

    ‎বারখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলে আলম বলেন, ‘ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে চিঠি দিয়েছে। কিন্তু এটা এভাবে বললেই তো আর সরবরাহ চালু রাখা যায় না। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন হয়েছে, সব জায়গায় মাইকিং করা হয়ছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন যদি ওইদিন কাজ করতে না পারে তাহলে সরকারের অনকে টাকার ক্ষতি হয়ে যাবে। তারপরও আমি নির্দেশ দিয়েছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করতে। আশাকরি বেশি সময় বন্ধ থাকবে না।’

     

  • মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    শিক্ষা, ধর্ম ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। তিনি বলেন, “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রান্তিক ও অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ অবদান রাখছে।”

    হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা শাহাজাহান মিয়া এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুলাল বর্মনসহ সদর ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    জেলা প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান জানান, চলতি বছর ঠাকুরগাঁও জেলার ১৭০টি শিক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫ জন উত্তম শিক্ষক ও ১০ জন উত্তম শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একইসঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে এই শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।