Author: নিউজ ডেক্স

  • সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার

    সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার

    মোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ:
    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন থেকে অপহৃত প্রবাসী মোহাম্মদ ইউনুছ (৪৫)কে দ্রুত অভিযান চালিয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। গত ১৮ মে রবিবার দুপুরে স্থানীয় একটি সেমিপাকা বাড়ি পরিদর্শনকালে সংঘটিত ঝগড়ার পর ইউনুছকে অপহরণ করে টাকা দাবি করা হয়।
    ইউনুছের স্ত্রী নাসিমা আক্তারের বরাত দিয়ে জানা যায়, দুপুর ১:৩০টায় মাইজ পাড়ার সেমিপাকা বাড়ির সামনে একদল ব্যক্তি ইউনুছের সঙ্গে ঝগড়া করে তাকে জোরপূর্বক অপহরণ করে। অপহরণকারীরা ইউনুছের মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ২ লক্ষ টাকা দাবি করে ও টাকা না দিলে অশ্লীল ভিডিও ফাঁস ও হত্যার হুমকি দেয়। নাসিমা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে।
    সাতকানিয়া থানার এসআই ইদ্রিস ও এএসআই মোস্তাকের নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে অপহৃত ইউনুছকে  দিবাগত রাত ১১:৩০টার মধ্যে উদ্ধার করা হয়। ইউনুছের বাড়ি সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলিমিলি এলাকায়। পুলিশ জানায়, অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
    ইউনুছের স্ত্রী ও সন্তানরা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তবে অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করেছেন তারা। ঘটনায় জড়িত অভিযুক্তদের পরিচয় ও অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশে পুলিশ সংযত রয়েছে।
    ইউনুছ ২০২৩ সালের নভেম্বরে প্রবাস থেকে দেশে ফিরে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন।
    অপহরণের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ও হুমকির প্রমাণ পুলিশের হস্তগত হয়েছে।
    থানার কর্মকর্তারা অভিযানের সাফল্য নিশ্চিত করেছেন এবং মামলায় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
  • শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া):
    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোকামতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
    অভিযানে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন না থাকা ও মেয়াদোত্তীর্ণ চিকিৎসা উপকরণ ব্যবহারের অভিযোগে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫,০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১,০০,০০০ টাকা, মোট ১,০৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
    অন্যদিকে, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কক্ষে বিধিমতো ব্যবস্থাপনা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
    অভিযানে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্বাস্থ্যসেবায় অনিয়ম কোনভাবেই বরদাস্ত করা হবে না।”
  • বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

    বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

    মোরশেদুল আলম, সাতকানিয়া, চট্টগ্রাম:
    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেরানিহাট-বান্দরবান মহাসড়কে পূরবী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সামিয়া জান্নাত নাজিফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে সাতকানিয়ার বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত শিশু নাজিফার চাচা আনছার উদ্দিন জানান, নাজিফা তার ফুফুর সাথে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এলাকায় বেড়াতে এসেছিল। হেঁটে ঘুরতে ঘুরতে তারা সত্যপীর মাজারের কাছে পৌঁছালে নাজিফা মহাসড়কের দক্ষিণ পাশে পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বান্দরবান থেকে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
    সামিয়া জান্নাত নাজিফা সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত গ্রামের আমতলা এলাকার বাসিন্দা। তার মা লাভলি আক্তার , তার বাবা আবছার উদ্দিন আরব আমিরাত প্রবাসী।
    সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, “মামলার প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। চালককে খুঁজে বের করতে তদন্ত ত্বরান্বিত করা হচ্ছে।”
    মহাসড়কটিতে গত কয়েক মাসে যানবাহনের বেপরোয়া গতি নিয়ে এলাকাবাসী দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানিয়েছেন।
    প্রশাসনের তদন্ত চলমান থাকলেও শিশুমৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

    OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি:

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন সেল (IQAC)-এর উদ্যোগে অর্থনীতি বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার, ১৯ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম।
    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়নে Outcome Based Education (OBE) অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি বিভাগে এই পদ্ধতির বাস্তবায়ন নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। কারণ OBE শুধু তাত্ত্বিক জ্ঞানের চর্চা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা, আচরণ ও নৈতিক উন্নয়নকেও গুরুত্ব দেয়।”
    তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই নির্দেশনাগুলো নির্ধারণ করাই এই কর্মশালার মূল লক্ষ্য। পাশাপাশি পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষণ কৌশলেও আধুনিকায়ন আনা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
    সারাদিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণ Outcome Based Education পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং তা ভবিষ্যতে পাঠদানে প্রয়োগ করার অঙ্গীকার করেন।
  • গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

    গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

    গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার- বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন।

    গত বছরের ৫ আগস্টের পর দেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এসব মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শফিকুল আলম।

    এ সময় গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

    শফিকুল আলম বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার।

    গণমাধ্যমের ওপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সঙ্গে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব।

    ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্যনির্ভর বলেও জানিয়েছেন প্রেস সচিব।

    এছাড়াও স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

  • গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

    গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

    মো. জিসান রহমান, মাভাবিপ্রবি:

    জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
    আজ, ১৩ মে মঙ্গলবার, বিকেল ৩ টা ৪৫ মিনিটের পর এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
    কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ জানান, “বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কমিটির সদস্যবৃন্দ, ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে মিডিয়া প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতার কারণে।” তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
    তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন শিক্ষার্থী, যা শতকরা ৪৫.৭৪ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬৮,১২৮ জন, যা শতকরা ৫৪.২৬ শতাংশ।
    অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, এ ইউনিটের পরীক্ষায় ৩৯টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১,২৫,৫৫৩ জন।
    এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫.৭৫। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৯৮ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১২.০২ শতাংশ।
    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশিত হলো।
    গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের খরচ ও সময় বাঁচার পাশাপাশি মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াও অধিক স্বচ্ছ হয়েছে বলে মত দিয়েছেন অনেকে।
    ফলাফল ও অন্যান্য তথ্য গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে জানা যাবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম নির্ধারণ ও ভর্তির বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে।
  • রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ

    রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ

    মোঃ মাহিন খান, রাজাপুর (ঝালকাঠি):
    ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুরে গ্রাহকদের ১২ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন একটি বেসরকারি এনজিও ‘গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র তিন শীর্ষ কর্মকর্তা। এনজিওটির কার্যালয়ের সামনে শনিবার (১০ মে) বিকেলে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
    প্রতিষ্ঠার ১২ বছরে সমিতিটি এলাকার ছয় শতাধিক মানুষ থেকে এফডিআরের নামে টাকা জমা নিয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই উধাও হয়ে যান। এতে দিশেহারা হয়ে পড়েছেন আমানতকারীরা।
    মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী ও কুরছিয়া জানান, জমানো অর্থ হারানোর ভয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
    এনজিওর ফিল্ড অফিসার মোসাঃ শাহনাজ দাবি করেন, মাসে ১ লাখ টাকায় ২ হাজার টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি অন্তত দেড় কোটি টাকা সংগ্রহ করেছেন গ্রাহকদের কাছ থেকে।
    এ বিষয়ে সমিতির সভাপতি এবং বড়ইয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকদের আসল অর্থ ফেরত দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এজন্য আপাতত মুনাফা বন্ধ রাখা হয়েছে। তিনি আশ্বাস দেন, আগামী দুই বছরের মধ্যে সবার টাকা ফেরত দেওয়া হবে।
    এদিকে ক্ষুব্ধ গ্রাহকরা সুষ্ঠু তদন্ত ও দ্রুত অর্থ ফেরতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
  • চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা

    চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা

    মো জিসান রহমান, মাভাবিপ্রবি:

    টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মা দিবস, যেন এক নিঃসঙ্গ দিন—যতটুকু ভালোবাসা ছিল, তা শুধুই স্মৃতিতে রয়ে যায়।আজ মা দিবস। বিশ্বজুড়ে সন্তানরা নানা উপায়ে মাকে ভালোবাসা জানাচ্ছে, সময় কাটাচ্ছে মায়ের সঙ্গে। কিন্তু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কাছে দিনটা যেন একটু অন্যরকম। এখানকার শিক্ষার্থীদের অনেকেই পরিবার থেকে বহু দূরে। সকালটা শুরু হয়েছে অন্যান্য দিনের মতোই—ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট কিংবা ক্লাস টেস্ট নিয়ে ব্যস্ততায়। কিন্তু হৃদয়ের ভেতরে আজ যেন এক অদ্ভুত শূন্যতা, নিঃশব্দে একরাশ মায়া।

    মা দিবসে অনেকেই খুব সকালেই ফোন করেছে বাড়িতে। মায়ের গলা শোনার পর কেউ হেসেছে, কেউ কেঁদেছে—কেউবা বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ, যেন মায়ের উপস্থিতি অনুভব করার চেষ্টা করছে। এমনকি কিছু ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা একসাথে বসে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছে, মাকে নিয়ে স্মৃতিচারণ করেছে। কেউ লিখেছে ফেসবুকে ছোট্ট আবেগঘন পোস্ট, কেউ পাঠিয়েছে মায়ের জন্য একটি কবিতা।
    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসেন(নাদভী) বলেন,“আজ মা দিবস। তবে আমার কাছে মা কোনো দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়। মা-ছেলের সম্পর্ক, ভালোবাসা, মায়া, মমতা—এগুলো প্রতিটি মুহূর্তেই বর্তমান।
    মা হচ্ছেন ভরসার আরেক নাম। পড়াশোনার কারণে টাঙ্গাইলে থাকি, প্রতিদিনই মায়ের অভাবটা অনুভব করি—মায়ের হাতের রান্না, সকালে ঘুম থেকে তোলার ডাকটা খুব মিস করি। বাসায় থাকলে মা না ডাকলে দুপুর ১২টাও বাজে, কারণ মায়ের ডাকের ভরসাতেই ঘুমাই।
    মা এমন এক জাতি, যিনি সন্তানের জন্য নিঃস্বার্থ। তাঁর ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। আমি যদি আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিই, আর মা তা পরে হাজার বছর হাঁটেন—তবুও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না।
    মায়ের কাছ থেকে ধার নিলে মা হাসতে হাসতে দেন, আমি কখনো শোধ করতে পারি, আবার অনেক সময় পারি না।
    ঝড়ে যাওয়া পাতাগুলো কি
    হেমন্তের ঋণ শোধ করতে পারে কখনো?
    মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা সম্ভব?
    মা দিবসের বিশেষ শুভেচ্ছা নয়, শুধু একটাই দোয়া—সব মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।
    “রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।”
    অর্থনীতি বিভাগের ফারিয়া ইমরোজ বলেন:
    ছোটবেলায় ভাবতাম, মা-বাবা আর চারপাশের কিছু মানুষজন—এই বুঝি জীবনাঙ্গন। কিন্তু না, একটু বড় হতে হতে যখন পা রাখলাম বাড়ির সীমানা ছাড়িয়ে বাইরের বিস্তৃত প্রান্তে, তখন ছোটবেলার সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে পৃথিবী আমার সামনে তুলে ধরল তার চিরন্তনতা। যেখানে মা ছাড়া সবকিছুই অসম্পূর্ণ লাগে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রান্তে দাঁড়িয়েও নিজেকে নির্ভরহীন লাগে শুধুমাত্র “মা”কে ছাড়া।
    দিনের শেষে মায়ের সঙ্গে যখন একটু কথা হয়, তখন নিজেকে সর্বসুখী মনে হয়। পৃথিবীতে একমাত্র ব্যক্তি এই ‘মা’, যার সঙ্গে সব রাগ ঝাড়লেও উল্টো রাগ দেখানো—এটা যেন মায়ের পক্ষে অসম্ভব ব্যাপার। কেন জানি না, মা এতো ভালো হয়!
    জানি, বছরে এই একদিন শুধু একটু ভালোবাসা দেখালেই মায়ের ঋণ শোধ হবে না, সম্ভবও নয়। তবুও আজকের মা দিবসে সকল মায়ের জন্য রইল অসীম ভালোবাসা। আমাদের প্রত্যেকের ভালোবাসার প্রথম স্থানটা শুধুই মায়ের জন্যই বরাদ্দ থাকুক!
    হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণ স্বর্ণা বলেন:
    “এটি একটি খুবই আবেগপূর্ণ অনুভূতি। মা দিবস একটি বিশেষ দিন, যেদিন আমরা আমাদের মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু ক্যাম্পাসে থাকার কারণে মাকে কাছে না পাওয়ার যে তীব্র অনুভূতি—তা কেবল দূরে থাকা সন্তানরাই বোঝে। তবুও দূর থেকেই বলি, ‘অনেক ভালোবাসি মা।’
    শুভ মা দিবস!”
    ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সমাপ্তী খান বলেন,
    “মাকে নিয়ে আসলে যেভাবে কিছু বলা যায় না। মাকে কতটা ভালোবাসি, সেটাও বলা হয় না—কারণ এই ভালোবাসাটা কোনো শব্দের মাধ্যমেই পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু মায়ের কাছে এখনো সেই ছোট্ট মেয়েটাই আছি। নিজে সব করতে পারি, কিন্তু কোনো কিছুই মার মতো সুন্দর হয় না। মা ছাড়া সবকিছুই অপূর্ণ লাগে। মাঝে মাঝেই ভাবি, ‘মা না থাকলে কী হতো!’ মা দিবসে একটা কথাই বলব— ‘ভালোবাসি, আম্মা।’”
    ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মো আবু রায়হান শিকদার বলেন,
    “মা দিবসে সকল মায়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
    মা, মা, মা!!
    তুমি আছো বলেই পৃথিবীটা গোছানো মনে হয়। তোমার আঁচলটাই আমার একমাত্র নিরাপদ আশ্রয়। পৃথিবীর সবচেয়ে সুখকর মুহূর্ত তোমার মুখের মৃদু হাসি।
    ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে যখন হাত ভেঙেছিল, তখন তোমার অগোছালো কান্না প্রথমবার দেখেছিলাম। শেষ রাতে ঘুম ভেঙে দেখতাম—তুমি একরাশ দুশ্চিন্তা নিয়ে পাশে শুয়ে আছো।
    মা, যখন কোনো বিপদে পড়ি, তখন তোমার সান্ত্বনাই সবচেয়ে বড় সাহস। আর যখন বলো, ‘তুমি পারবে রায়হান’, তখন সত্যিই বিশ্বাস হয়—আমি পারব।
    তোমার সেই নির্ভরতা, বিশ্বাস আর নিঃশব্দ ত্যাগেই আমি আজকের আমি।
    সবচেয়ে বড় চাওয়া—দিন শেষে যেন তোমার মুখে শুনতে পাই,
    ‘আমার আদরের কালো মানিক আসছে, আমার আর কোনো অভিযোগ নেই।’
    শুধু এটাই চাই, তুমি ভালো থেকো মা, সুস্থ থেকো।
    শুভ মা দিবস, মা!”
    ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের অনেকেই জানায়, মা দিবসে তারা নতুন করে উপলব্ধি করে, মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা মাঝে মাঝে মাকে সময় না দেওয়ার উপলক্ষ তৈরি করলেও, এই একটি দিন মনে করিয়ে দেয়—সবকিছুর ওপরে একজনই, তিনি মা।
    আজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকাশে যেমন ছায়া-মেঘের আনাগোনা, তেমনি শিক্ষার্থীদের মনেও চলছে স্মৃতির হালকা ঝড়। কিন্তু সব অনুভূতির কেন্দ্রে শুধুই একজন—মা।
  • কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক

    কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক

    মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম:

    কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় নয়ন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০৯ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন ও নগদ ৩ হাজার ৩ শত টাকাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

    রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের পুত্র।

    পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১৯টি মামলা রয়েছে ।

  • কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক

    কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক

    চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল লিঃ-এ আজ (১০ মে) এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল ।
    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাকির পাড়ার মরিয়ম বেগম (৩০) একসঙ্গে ৬ নবজাতকের মা হয়েছেন। স্বামী নুর মোহাম্মদসহ পরিবারের আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। চিকিৎসকদের মতে, একই গর্ভে ৬ সন্তানের জন্ম দেওয়া মায়ের সাহস, ধৈর্য এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রার এক অনন্য উদাহরণ।
    মেডিকেল টিমের নেতৃত্বে ডা. নাজনিন সুলতানা লুলু:
    গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. নাজনিন সুলতানা লুলু (এফসিপিএস) এর নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় এই জটিল ডেলিভারি প্রক্রিয়া। ডা. লুলু বলেন, “এটি একটি চ্যালেঞ্জিং মেডিকেল কেস ছিল। মা ও শিশুদের সুস্থতায় আমাদের টিম দিনরাত কাজ করেছে। আল্লাহর অশেষ রহমতে সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে।”
    প্রসবের পর মরিয়ম বেগম ও ৬ নবজাতককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়, শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেওয়া বিশ্বব্যাপীই অত্যন্ত বিরল, যা মেডিকেল ইতিহাসে একটি মাইলফলক হিসেবে রেকর্ড হবে।
    আল্লাহর রহমত ও মায়ের সাহস:
    মরিয়ম বেগমের পরিবার এই সাফল্যকে “আল্লাহর অলৌকিক দান” বলে অভিহিত করেছেন। স্বামী নুর মোহাম্মদ বলেন, “সবকিছু আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে। স্ত্রীর সাহস আর ডাক্তারদের প্রচেষ্টায় আজ আমরা ৬ সন্তানের বাবা-মা হয়েছি।”
    ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামের ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর আলম জানান, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের মুহূর্ত। এই সাফল্য চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যকে বিশ্বদরবারে আরও উজ্জ্বল করেছে।”
    মরিয়ম বেগম ও তার পরিবারের এই আনন্দ শুধু একটি পরিবারই নয়, গোটা দেশকে আশাবাদী করছে। চিকিৎসক, পরিবার এবং সর্বোপরি ঐশ্বরিক সহায়তায় এই অসম্ভবকে সম্ভব করার ঘটনা আগামী দিনেও মানুষের মনে প্রেরণা জোগাবে।
  • কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই সহোদর  ভাই নিখোঁজ

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই সহোদর ভাই নিখোঁজ

    মোঃ মশিউর রহমান বিপুল ,কুড়িগ্রাম:

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে।

    শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।

    নিখোঁজ দুই ভাই ওই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

    স্থানীয়রা জানান, ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হলে তারা চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকেন।

    শনিবার আনুমানিক বিকেল ৩টায় তাদের সহপাঠী রাফি ইসলামসহ (১৩) ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে নিখোঁজ হয়।

    বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস‌্য লোকমান হাকিম।

    উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এখুনি খোঁজ নেওয়া হচ্ছে।

  • মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

    মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

    মো.জিসান রহমান, মাভাবিপ্রবি:

    টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইল সদর থানা ও সংলগ্ন এলাকা।
    আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কাজল দেবনাথ, তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
    ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে (১০ মে) কাজল দেবনাথ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার “কোলকাতা বিরিয়ানি” রেস্টুরেন্টে খেতে গেলে তিনজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে সেখানে এসে তার বাড়ি কোথায়—এমন প্রশ্ন করে। পরে কথা বলার একপর্যায়ে তারা মোটরসাইকেলের চাবি, কাচের গ্লাস এবং হাত দিয়ে কাজলকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। হামলার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
    কাজল দেবনাথ জানান, “হামলাকারীদের কাউকেই তিনি চিনতেন না এবং কেন এমন হামলার শিকার হলেন, তাও বুঝতে পারছেন না।”
    ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং টাঙ্গাইল সদর থানা ঘেরাও করে অবস্থান করছেন। সন্ধ্যা ৭টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন। রাত ৯ টায় শিক্ষার্থীরা দাবিতে বলেন, আজ রাত ১টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
    শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
    এ ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
  • আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইবিতে বিজয়ের উল্লাস

    আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইবিতে বিজয়ের উল্লাস

    সুবংকর রায়, ইবি:
    অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও স্বৈরাচার দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    শনিবার (১০ মে) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জিয়া মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
    এসময় সেখানে উপস্থিত ছিলেন ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবীর, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, খেলাফত ছাত্র মজলিশের সভাপতি সাদেক আহমেদসহ আরো কয়েকশত শিক্ষার্থী।
    আনন্দ মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; এই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; যমুনা থেকে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ইনকিলাব জিন্দাবাদ; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; লীগ ধর, জেলে ভর ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
    সমাবেশে শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই ভারতের তাবেদারি করার জন্য আমার সেনাবাহিনীর ভাইদের হত্যা করেছিল। বিশ্বের বুকে মাথা উচু করে দাড় করাতে চাওয়া নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা বিভিন্ন সময় আমাদের দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদের কখনোই সহ্য করতে পারেনি। আওয়ামী সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”
    ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “জুলাই অভ্যুত্থানের পরেই আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দীর্ঘ একটি সময় পেরিয়ে গেলেও অবশেষে আমাদের সেই দাবি পূরণ হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত আওয়ামী লীগকে সর্বোতভাবে নিষিদ্ধ কর‍তে হবে। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ওসামার এই বাংলায় আমরা আর কোন কালো হাত সহ্য করবো না। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ভাইদের রক্তের বদলা এই ইন্টেরিমকে নিতে হবে।”
    ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরে আরেকটা বিষয় প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের মানুষ যা বলবে সরকার তা করতে বাধ্য। বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামী বাংলাদেশের কোন পথে যাবে। বাংলাদেশের ছাত্রজনতা যে ম্যানডেট দিবে সেই পথেই আগামী বাংলাদেশ চলতে বাধ্য। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলনে ছিলেন না তাদের বলতে চাই, রাজনৈতিক ভাবে মানুষ ভুল করে, আমরা তা ভুলে যেতে চাই। আগামীতেও আপনারা যদি ভুল করেন, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল আপনাদেরও সেই অবস্থা হবে। জুলাইয়ের ঘোষণাপত্র পাওয়ার আগ পর্যন্ত বিপ্লবীদের জীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। ঘোষণাপত্র দিতে ৩১ কার্যদিবস হলেও আমরা আন্দোলনে নেমে পড়ব৷”
    প্রসঙ্গত, অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
    শনিবার রাত ১১ টায় উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
  • কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা

    কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা

    মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম:

    চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায়  সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

    সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মে.টন চাল সংগ্রহ করবে সরকার।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলা ও ইংরেজি জাতীয় দৈনিক দি এশিয়ান এজের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবার রহমান, চাতাল -মিল ব্যবসায়ী ও বিএনপি নেতা সহিরুজ্জামান সাজু, মিলার মুকুল, রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। এ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সকলকে জানানোর অনুরোধ রইলো। যেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।

  • ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

    ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

    দিপন কুমার সরকার, লালমনিরহাট:
    বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
    বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে। অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তার সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
    পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছ মৌজায়। সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে দেখা যায়, আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
    লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।
  • শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

    শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

    মো. জিসান রহমান,মাভাবিপ্রবি:

    গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে প্রায় ১,৪২,৭১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
    ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সংশ্লিষ্ট সবার প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
    তিনি বলেন, “আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থাগুলোর সহযোগিতা অতীব প্রয়োজন।”
    তিনি আরও জানান, পরীক্ষার সফল আয়োজন নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
    এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথাক্রমে ২৮ এপ্রিল এবং ৫ মে উক্ত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় পরীক্ষাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আশাবাদী যে ‘এ’ ইউনিটের পরীক্ষাটিও একইভাবে সম্পন্ন হবে।
    উপাচার্য ড. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে শিক্ষার্থীদের যাত্রা এবং পরীক্ষার সম্পূর্ণ সময়কাল নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
    প্রসঙ্গত, ‘এ’ ইউনিটে সাধারণত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। পরীক্ষার কেন্দ্রগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে পরীক্ষা দিতে পারে।
  • শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

    শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ 
    বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ আবুল কালাম আসাদ। তাঁর যোগদানে কলেজ পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে বইছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা।
    অধ্যক্ষ আবুল কালাম আসাদ পূর্বে জয়পুরহাট সরকারি কলেজের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ ২২ বছর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষকতা করেছেন। তিনি বগুড়া সদরের হাজরাদিঘী শশীবদনী গ্রামের কৃতি সন্তান এবং ১৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
    যোগদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কলেজের সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”
    নবাগত অধ্যক্ষকে কলেজ পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ছারোয়ার জাহান, ছানোয়ার হোসেন, সীমান্ত কুমার, সোহেল রানা, এমদাদুল হক, সিরাজুল ইসলাম, মইনুল ইসলাম সজল, শাহীনুর রহমান, মোস্তাফিজার রহমান, মোহাম্মদ আলী ও মোজাফ্ফর হোসেন।
    সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  • দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন তৎকালিন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। এরপর রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

    পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন।

    তার নামে হত্যা মামলা ছিল। এটা এসবি জেনেও কি ক্লিয়ারেন্স দিয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোন হত্যা মামলার আসামি এটা আমরা জানি না। আর হত্যা মামলা থাকলেই যে তাকে ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয়। এটা আদালতের নির্দেশনা লাগবে। তাকে গ্রেপ্তারে বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না।

    তিনি আরও বলেন, সংবিধানের ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না। যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আর্জি বা আবেদন ছিল না।

    জানা গেছে আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

    সুবংকর রায়, ইবি:
    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাঠচর্চা ও একাডেমিক মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে লালন শাহ হলের গণরুম রিডিং রুমে পরিণত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে আট টায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফিতা কেটে এ রিডিং রুমের উদ্বোধন করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়কসাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ আবাসিক শিক্ষার্থীরা।
    রিডিং রুম পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই এধরণের উদ্যোগ নেওয়া উচিত৷ ছাত্রদের পড়াশোনার জন্য পাঠাগার প্রতিটি হলের অংশ হওয়া উচিত। ছোট আকারের এধরণের পাঠাগার দেখলেই মন ভরে যা। ব্যক্তিগত দান এবং প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে৷ আমাদের দেশ সহ কম উন্নত দেশে হল গড়ে উঠেছে ক্যামব্রিজ মডেলে। ওই হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা তা হাউজ টিউটররা দেখাশোনা করে। আমরা আগামীতে চেষ্টা করবো যেন হলের সাথেই হাউজ টিউটররা থাকেন।”
    হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, “রিডিং রুমটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। এখানে পর্যাপ্ত আলো-বাতাস, ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও আরামদায়ক আসন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তিনি আরও বলেন, “এই রিডিং রুম শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা যেন পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে উৎকর্ষ সাধন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
    উদ্বোধনের পর উপাচার্য রিডিং রুম ও হলের ডাইনিং ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা জানান, হলজীবনে একটি মানসম্পন্ন রিডিং রুম দীর্ঘদিনের চাওয়া ছিল। এটি চালু হওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।
  • শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

    শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

    চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

    পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর কাছ থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব।

    বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন।

    চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, উপজেলা থানা মসজিদের সাবেক ইমাম ও বাতিসা ইউনিয়ন জামায়াত আমির সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনি: সহ-সভাপতি সংবর্ধিত সাংবাদিক এমদাদ উল্লাহ, সহ-সভাপতি হাসান মোঃ জহির, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, কার্যনির্বাহী সদস্য এফ এম রাসেল পাটোয়ারী।

    এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম প্রমুখ।

    অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সমিতি ও ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিক এমদাদ উল্লাহ কে গৌরবময় এই অর্জনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।