Author: নিউজ ডেক্স

  • সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

    সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

    ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

    আজ সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় এসে তারা জড়ো হন কর্মচারীরা। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে তারা এই জমায়েত করেন।

    ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

    এর আগে, গতকাল রোববার ২৫ মে সকাল ১০টায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে অবস্থান নেয়।

    জানা গেছে, সম্প্রতি সরকারি কর্মচারীদের দমন নিপীড়নের জন্য যে বিবর্তনমূলক ‘কালোআইন’ প্রণয়ন করেছে। সে আইন বাতিল করাসহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবীতে এই বিক্ষোভ।

    বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। ১৯৭৯ সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটিই করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন।

    অধ্যাদেশে যা আছে

    অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। অধ্যাদেশে এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে।

    অধ্যাদেশ অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্ত কর্মচারীকে দোষী সাব্যস্ত করা হলে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা যাবে।

    উল্লেখ্য, বর্তমানে দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। আইন অনুযায়ী সবাই কর্মচারী।

  • মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

    মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

    ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’

    এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

    মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

    রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

    মেলায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা প্রবিন চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দিপক সেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,হেডম্যান, কারবারি বিভিন্ন গনমাধ্যমে কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

    আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

  • একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

    একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত।
    এলজিইডির আওতাধীন এই রাস্তার আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনের অংশে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট জায়গায় কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে পুরো সড়কের মাটি কাটার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ অবস্থায় জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
    শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।
    বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, যার ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করে ইটের দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।
    এ বিষয়ে রাস্তার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মনিরুজ্জামান রেজওয়ান বলেন,
    “শুরু থেকে রাস্তার কাজ চলছিল। কিন্তু মতিউর রহমানের বাড়ি পর্যন্ত পৌঁছালে তার স্ত্রী হাজেরা বেগম কাজ করতে বাধা দেন। সেই থেকেই কাজ বন্ধ রয়েছে।”
    অন্যদিকে, মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানান,
    “রাতের অন্ধকারে রেজওয়ান তার লোকজন নিয়ে আমার ভবনের গা ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখানে রাস্তা করতে চাইছে, সেটি আমার ক্রয়কৃত জমি।”
    এ অবস্থায় এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
  • আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

    আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে রোববার (২৫ মে) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। যৌতুক নির্যাতনের মামলার বাদী নুসরাত জাহান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আদালতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নলছিটি শাখায় মামলার জামিন শুনানিতে হাজির ছিলেন উভয় পক্ষ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি আল আমিন হাওলাদারের সামনে বাদী স্ত্রী নুসরাত জাহান হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে সঙ্গে সঙ্গে কোর্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আল আমিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি কারাগারে আছেন।
    আইনজীবীর ভাষ্যমতে, মামলার পর স্বামী আল আমিন স্ত্রীকে স্বীকার করতে অস্বীকৃতি জানান, যা নুসরাতকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই মানসিক চাপ থেকেই স্বামীর জামিন শুনানির দিনে এমন চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
    ঘটনার পর নুসরাত জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
  • ঝালকাঠিতে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুর রাজ্জাক

    ঝালকাঠিতে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুর রাজ্জাক

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠিতে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।
    নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৪ জন প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৭৬৩ জন; এর মধ্যে ৬৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
    ফলাফল অনুযায়ী—
    সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক সভাপতি টিপু সুলতান (প্রতীক: গোলাপ ফুল), যিনি পেয়েছেন ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান (প্রতীক: বাস) পেয়েছেন ২১৭ ভোট।
    সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রনি (প্রতীক: আনারস), যিনি পেয়েছেন ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন হাওলাদার (প্রতীক: চেয়ার) পেয়েছেন ২৯৬ ভোট এবং বাদশা মিয়া (প্রতীক: মাছ) পেয়েছেন ৭ ভোট।
    অন্যান্য নির্বাচিতরা হলেন—
    সহ-সভাপতি: মো. জলিল সিকদার (বাঘ প্রতীক) – ২৯৫ ভোট, মো. মিলন মিয়া (হাতি প্রতীক) – ২৬৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক: মো. মিলন হাওলাদার (কবুতর প্রতীক), মো. মানিক খান (মোরগ প্রতীক)। সাংগঠনিক সম্পাদক: মো. মতিয়ার রহমান (নারিকেল গাছ প্রতীক)। লাইন সম্পাদক: মো. হানিফ হাওলাদার (গরুর গাড়ি প্রতীক), মো. সুমন সিকদার (রেলগাড়ি প্রতীক)। প্রচার সম্পাদক: মো. মামুন ব্যাপারী (মাইক প্রতীক)। কোষাধ্যক্ষ: আলী আকব্বার (টেবিল প্রতীক)। দফতর সম্পাদক: মো. জামাল হাওলাদার (বই প্রতীক)। কার্যনির্বাহী সদস্য: মো. সোহেল ফকির (কলস প্রতীক)। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন: প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এবং বাস মালিক সমিতির আহ্বায়ক বাচ্চু হাওলাদার। নির্বাচন শেষে সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান,
    “ফ্যাসিবাদী শাসনের আমলে তফশিল ছাড়াই মনোনীত ব্যক্তিদের মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করা হয়েছিল। এবার শ্রমিকদের সরাসরি অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।”
  • মাভাবিপ্রবির শাহজামান দীঘি: দখলমুক্তি ও সংরক্ষণে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

    মাভাবিপ্রবির শাহজামান দীঘি: দখলমুক্তি ও সংরক্ষণে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি:

    টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক পীর শাহজামান দীঘি আজ অস্তিত্ব সংকটে। তিন শতাধিক বছরের পুরোনো এই দীঘিকে ঘিরে গড়ে উঠেছে একের পর এক অননুমোদিত দোকানপাট, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি সৌন্দর্যহানি ঘটাচ্ছে। এই প্রেক্ষাপটে দীঘিটি সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করতে আজ ২৫ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
    বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে ২য় গেট ঘুরে ১ম গেট হয়ে ‘প্রত্যয় একাত্তর’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলরের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
    দীঘিটির ইতিহাস অত্যন্ত গৌরবময়। ১৬৬৮ সালে পীর শাহজামান (রহ.) দীঘিটি খনন করান। পরবর্তীতে এটি সন্তোষ জমিদারের দখলে চলে গেলেও, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রচেষ্টায় এবং আদালতের রায়ের মাধ্যমে পুনরায় জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়।
    বর্তমানে দীঘিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকলেও এর চারপাশে গড়ে উঠেছে একাধিক অননুমোদিত স্থাপনা। বিশেষ করে দক্ষিণ সীমানায় খুঁটি ও বাঁশ পুঁতে দোকান নির্মাণ করা হয়েছে, যা পরিবেশ দূষণ ও নান্দনিকতা বিনষ্ট করছে। দীঘির পানিতে নিয়মিতভাবে আবর্জনা ফেলায় জলাধারটি দুষিত হয়ে পড়েছে।
    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীঘিটির ঐতিহাসিক গুরুত্ব ও পরিবেশগত গুরুত্ব অনস্বীকার্য। তাই অবৈধ দোকানপাট সরিয়ে দীঘির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
    বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমরা আমাদের স্থাপনাগুলো কীভাবে উন্নত ও সুন্দর করা যায় তা বিবেচনায় নিচ্ছি। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে।”
    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ফোরকান হোসেন বলেন, “আমরা চাই দীঘির দক্ষিণ পাশের দোকানগুলো সরিয়ে চারপাশে হাঁটার উপযোগী রাস্তা ও গাছপালা দিয়ে ঘেরা পরিবেশ বান্ধব এলাকা গড়ে তোলা হোক।”
    সিপিএস বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান সাজু বলেন, “দীঘিটি প্রায় ৩৫০ বছরের ঐতিহ্য বহন করছে। আমরা চাই এর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দীঘিটিকে সংস্কার করা হোক।”
    গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সোহাগ বলেন, “পীর শাহজামান দীঘি শুধু জলাধার নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও পরিবেশের অংশ। তাই এর সৌন্দর্য রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি।”
    স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
    ১. দীঘির চারপাশে বাঁধ নির্মাণ করে হাঁটার উপযোগী রাস্তা তৈরি।
    ২. বিশ্ববিদ্যালয়ের সীমানায় প্রাচীর নির্মাণ।
    ৩. দীঘির চারপাশে পরিকল্পিত বৃক্ষরোপণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
    ৪. নির্দিষ্ট দূরত্বে ময়লা ফেলার নির্ধারিত স্থান স্থাপন।
    ৫. দীঘির ইতিহাস তুলে ধরে একটি স্থায়ী ফলক স্থাপন।
    সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীঘিটি যেমন তার পুরোনো গৌরব ফিরে পাবে, তেমনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও আরও সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
  • রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর বসতঘরে দুর্বৃত্তদের আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

    রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর বসতঘরে দুর্বৃত্তদের আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি:
    ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
    আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান—
    “আমি ও আমার ভাই সোহেল খান দেশের বাইরে অবস্থান করছি। আমাদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। ওই সময় ঘরে কেউ ছিল না এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। দীর্ঘদিনের জমি বিরোধের জেরেই প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।”
    ঘটনাস্থলে উপস্থিত আত্মীয় হারুন খান বলেন—
    “রাতেই খবর পেয়ে ছুটে এসে দেখি ঘরটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই।”
    এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন—
    “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
    ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
  • চৌদ্দগ্রামে গরু বাজার কাঁপাবে বাদশা, লালু

    চৌদ্দগ্রামে গরু বাজার কাঁপাবে বাদশা, লালু

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    আসন্ন কোরবানি ঈদ গরু বাজার কাঁপাবে ৮০০ কেজির ‘বাদশা ও লালু।’ একসাথে বেড়ে ওঠা ফ্রিজিয়ান বাদশা ও শাহি ওয়াল লালুর মালিক দাম হাঁকিয়েছেন ১৬ লাখ। দেখতে খুব সুন্দর।  সর্বোচ্চ ওজন ও সৌন্দর্যে হৈচৈ ফেলেছে এলাকা জুড়ে। খাওয়া এবং গোসল একটু ব্যাতিক্রম হলেই চিৎকার শুরু করে। বাদশা খাইলে লালু খায় আর বাদশা দাঁড়ালে লালু দাড়ায়। একে অন্যের অনুপস্থিতিকে কেউ সহ্য করতে পারে না।
    লাল-কালো রঙের সুঠাম স্বাস্থ্যের এ দুটি ষাঁড় দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ২০মন অর্থাৎ ৮০০ কেজি। এদুটি ষাঁড় নিয়ে মালিকের অনেক প্রত্যাশা। ভালো দাম পেলে বিক্রি করে দিবেন।

    জানা গেছে, বাছুর বয়স থেকে দুটি ষাঁড় গরুকে লালনপালন করে আসছেন পৌরসভার রামরয় গ্রামের জান্নাত ডেইরির মালিক সবুজ। আদর করে ফ্রিজিয়ান জাতের কালো গরুটিকে নাম দিয়েছেন বাদশা ও  লাল শাহিওয়ালকে লালু। সকাল বিকাল পরম যত্নে খাওয়ান খাবার। দেশীয় গাস ভূষি ও সাইলেজ খেয়ে বড় হয়েছে বাদশা ও লালু। বিশালদেহী এই দুই ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় করেন উৎসুক জনতা। কোলাহলমুক্ত রাখতে বন্ধ রাখতে হয় খামারের গেট। আকর্ষণের কেন্দ্রে থাকা বাদশা ও লালুর দাম হাঁকানো হয়েছে ৮ লক্ষ টাকা করে।

    জান্নাত ডেইরির মালিক সবুজ জানান, কোনো প্রকার মেডিসিন ছাড়াই প্রাকৃতিকভাবে লালন করে মোটাতাজা করা হচ্ছে। আসন্ন কোরবানীর ঈদে আমার খামারে ক্রেতাদের জন্য প্রস্তত বিভিন্ন জাতের ৫০ গরু। তারমধ্যে ৮০০ কেজির বাদশা ও লালু রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রতিদিন ১০ কেজি খাবার খাওয়া বাদশা ও লালুকে গোসল করাতে হয় দুই বার।

    বাদশা ও লালু সম্পর্কে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, পশুপাখি কথা বলতে পারেনা, কিন্তু তাদের চোখেমুখে আচরণে প্রেম ভালবাসা ফুটে উঠে। পশুর প্রতি পশুর যে টান সেটা আপনি দেখতে পাবেন চৌদ্দগ্রামে জান্নাত ডেইরির গরু বাদশা ও লালুর মাঝে। এরা হচ্ছে বন্ধুবৎসল, একে অপরের অনুপস্থিতি সহ্য করতে পারেনা। একসাথে বেড়ে উঠা এই গরু দুটির বন্ধুত্ব দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

  • মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল

    মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে জাহিদুল-আশরাফুল

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ
    মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
    নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোমিন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে ছিলেন মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারওয়ার পারভেজ, এসআই মাহবুব, এএসআই শাহজাহান, এরশাদ ও সেলিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন পরিচালনায় পোলিং অফিসার হিসেবে ছিলেন তৌহিদ ইসলাম, ইমরান আলী, আল আমিন, মোঃ রুহুল আমিন, মোছাঃ মহসিনা বেগম ও মোছাঃ ইতি আক্তার।
    সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে জাহিদুল ইসলাম ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কা প্রার্থী পান ১৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম তালা মার্কা নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কা প্রার্থী পান ১৬০ ভোট, এবং মই মার্কা প্রার্থী পান ৬৭ ভোট।
    সহ-সভাপতি পদে গরুর গাড়ী মার্কা প্রার্থী ১৮৪ ভোট পেয়ে এগিয়ে থাকেন, অন্যদিকে টুপি পান ৫০, মাছ ৩৯, টেবিল ফ্যান ৯৪ এবং হরিণ মার্কা প্রার্থী পান ৯৯ ভোট।
    সহ সাধারণ সম্পাদক পদে আনারস মার্কা প্রার্থী ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মোটরসাইকেল পান ১০৭ এবং মোরগ মার্কা প্রার্থী পান ১৪১ ভোট।
    সাংগঠনিক সম্পাদক পদে মাইক মার্কা ৩১১ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে হাতী মার্কা প্রার্থী পান ১৬০ ভোট।
    কোষাধ্যক্ষ পদে আম মার্কা প্রার্থী ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, অপরদিকে সিএনজি মার্কা প্রার্থী পান ১৭৪ ভোট।
    ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ট্রাক মার্কা প্রার্থী ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাল গাছ মার্কা প্রার্থী পান ১০১ এবং হাত পাখা মার্কা প্রার্থী পান ১০৭ ভোট।
    নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো। নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
  • জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

    জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি:

    ‘৪র্থ মাভাবিপ্রবি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ মে, ২০২৫ দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
    দুই দিনব্যাপী এই উৎসবে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিতর্ক দল অংশ নেয়।
    চূড়ান্ত পর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দল চ্যাম্পিয়ন হয় এবং রানার্স-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন মিরাজ বিশ্বাস এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন কামরুল আহসান।
    পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির কো-মডারেটর ড. জিয়াউর রহমান, উপদেষ্টা ড. মোঃ আবু জুবাইর, ড. মোঃ আনিসুর রহমান আনিছ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ইমাম হোসেন।
    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিফ কোর এডজুডিকেটর রাসেল সরকার এবং কোর এডজুডিকেটর ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম হিমু।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান সভাপতি মোছাঃ রোকসানা রুকু।
    ভাইস-চ্যান্সেলর বলেন, “বিতর্ক শুধু কথার লড়াই নয়, এটি যুক্তির, নৈতিকতার ও মূল্যবোধের চর্চা। তরুণদের বিশ্লেষণী ক্ষমতা ও বিবেকবোধ গড়ে তুলতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
    তিনি আরও জানান, “আগামী বছর আরও বড় পরিসরে ও বেশি অংশগ্রহণকারী নিয়ে এই উৎসব আয়োজনের আশা করছি।”
    বিতর্ক উৎসবে সার্বিক সহযোগিতা করে প্রাণ, সজীব গ্রুপ, নব আলো, নাসির গ্রুপ, জব মেডিসিন ও জয়কালী মিষ্টান্ন ভান্ডার।
  • আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

    আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি:

    আজ ২৪ মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। “বিদ্রোহী কবি” নামে পরিচিত এই কালজয়ী ব্যক্তিত্ব ১৮৯৯ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান আজও বাঙালির চেতনায় দীপ্তমান।
    শৈশব ও শিক্ষা জীবন:
    নজরুল ইসলামের জন্ম এক সাধারণ মুসলিম পরিবারে। ছোটবেলায় পিতৃবিয়োগের পর সংসারের দায়িত্ব নিতে তিনি বিভিন্ন কাজ করেন, যার মধ্যে স্থানীয় লেটো গানের দলে অংশগ্রহণও ছিল। প্রাথমিকভাবে তিনি মক্তবে ইসলাম ধর্ম, আরবি ও ফারসি পড়েন। পরে হিন্দু ধর্ম ও সংস্কৃত শিক্ষারও সুযোগ পান। আর্থিক সঙ্কটের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা পূর্ণতা পায়নি, কিন্তু তিনি স্বশিক্ষায় নিজেকে গড়ে তোলেন।
    সামরিক জীবন ও সাহিত্যিক উত্থান:
    ১৯১৭ সালে নজরুল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। এই সময়েই তিনি লেখালেখি চালিয়ে যান। ১৯২০ সালে সেনাবাহিনী ত্যাগ করে তিনি কলকাতায় এসে সাহিত্য, সাংবাদিকতা ও সংগীতজগতে আত্মনিয়োগ করেন। ১৯২২ সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা তাঁকে বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি দেয়।
    সাহিত্য ও সংগীতে অবদান:
    কাজী নজরুল ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সাংবাদিক ও গীতিকার। তিনি চার হাজারেরও বেশি গান রচনা ও সুরারোপ করেছেন, যা নজরুলগীতি নামে পরিচিত। তাঁর গান ও কবিতায় ভালোবাসা, ধর্মীয় সম্প্রীতি, বিপ্লব এবং মানবতার বার্তা ছিল স্পষ্ট। তিনি হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন।
    উপাধি ও সম্মাননা:
    তাঁর বিদ্রোহী মনোভাবের কারণে তিনি “বিদ্রোহী কবি” নামে পরিচিত হন। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে “জগততারিণী স্বর্ণপদক” প্রদান করে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক “ডক্টর অব লিটারেচার (ডি.লিট.)” ডিগ্রি প্রদান করে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে তাঁকে “জাতীয় কবি” হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। ভারত সরকার প্রস্তাবিত “পদ্মভূষণ” পুরস্কার তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন।
    শেষ জীবন ও মৃত্যু:
    ১৯৪২ সালে নজরুল একটি দুরারোগ্য স্নায়বিক রোগে আক্রান্ত হন, যার ফলে তিনি বাকশক্তি হারান। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয়ভাবে ঢাকায় নিয়ে আসে এবং বিশেষ সন্মানে ভূষিত করে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।
    সারাদেশব্যাপী উদযাপন:
    জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান ও প্রদর্শনী।
  • সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

    কুড়িগ্রামে সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় করা মামলায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলায় তার বিরুদ্ধে বই পাচারের নির্দেশদাতা হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেন, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

    ওসি লুৎফর রহমান জানান, শেরপুর সদর থানায় দায়ের করা বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের থানা পুলিশের সহযোগিতায় অ্যাকাডেমিক সুপারভাইজারকে গ্রেপ্তার করে শেরপু‌রে নি‌য়ে গে‌ছে।

    এর আগে চল‌তি বছরের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি বই জব্দ করে পুলিশ। সেখানে ২০২৫ সালে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ৯ হাজার ৬৭০টি বই পাওয়া যায়।

    তদ‌ন্তে চুরি যাওয়া বই গুলো কুড়িগ্রামের রৌমারী থেকে নিয়ে যাওয়া হয়ে‌ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। পরে এঘটনায় শেরপুর থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক সজল মিয়া এবং বই পাচারের সঙ্গে জড়িত থাকা মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়া‌রি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক (পিয়ন) জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ২৪ জানুয়ারি শেরপুর আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে বই পাচারে জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

    জবানবন্দিতে জামাল উদ্দিন জানান, রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মুকতার হোসেনের নির্দেশে গোডাউন খুলে ট্রাকে বই তোলা হয়েছিল।

    শেরপুর থানার পুলিশ সূত্র জানায়, বই পাচারে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার মুকতার হোসেন এবং মাইদুল ইসলাম রয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়াও ঢাকার মাতুয়াইলে অবস্থিত রেজা প্রিন্টিং প্রেসের ম্যানেজার পদে কর্মরত মনির নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।

  • কুড়িগ্রামের রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে আহত-৪ জন

    কুড়িগ্রামের রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে আহত-৪ জন

    মোঃ মশিউর রহমান বিপুল , কুড়িগ্রাম:

    কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২২ মে) দুপুরের উপজেলার শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জ মিয়া  অপরপক্ষ মেহেদী হাসান রনি ও রাফি । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    স্থানীয় জনপ্রতিনিধি সুত্রে জানা যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নেয় সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ। ইতোমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলনও করেছেন সবুজ। আজ বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক সমন্বয়ক উপস্থিত হয়ে সবুজের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প ও অর্থের বিষয় কথা বলে বৈষ্যমবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান রনিসহ অনেকেই। এ বিষয় নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়।  উভয়ের মধ্যে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন সাজেদুল ইসলাম সবুজ ও, রনজু মিয়া ও মেহেদী হাসান

    রাফি ইসলাম।

    এ সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সাজেদুল ইসলাম সবুজ বলেন, কেন্দ্রিয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহীদ মিনার চত্বরে ডাকি। এসময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছিু ছেলে রনজু ইসলাম এর সাথে তর্কে জড়ায় এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করে।

    মেহেদী হাসান রনি জানান, সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিত ভাবে হামলা করে।

    রাফি জানায়, সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাম ভাঙ্গিয়ে উপজেলায় প্রকল্প, নানা-অনিয়ম দূর্নীতি করে আসছে। সে যেনো নতুন করে কোন অনিয়ম দূর্নীতি সহ সুবিধা নিতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে।

    রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং এখন পরিস্থিতি শান্ত। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে  ।

  • রেকর্ডেড ইন হিস্ট্রি: মাভাবিপ্রবিতে আতিক-মুন্নার হাতে গঠিত হিসাববিজ্ঞান ক্লাব

    রেকর্ডেড ইন হিস্ট্রি: মাভাবিপ্রবিতে আতিক-মুন্নার হাতে গঠিত হিসাববিজ্ঞান ক্লাব

    মো:জিসান রহমান,মাভাবিপ্রবি:

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে “মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাব” নামে একটি ক্লাব গঠন করা হয়েছে।
    ২২ মে ২০২৫, বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রেশমা পারভীন লিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিন মুন্না।
    ক্লাবের সভাপতি আতিকুর রহমান বলেন, “বিভাগ প্রতিষ্ঠার পর এতদিন কোনো ব্যবসায়িক ক্লাব না থাকায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সঙ্গে কার্যকরভাবে যুক্ত হতে পারিনি। সেই অভাববোধ থেকেই ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এই ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুন্না বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিকল্পনার ফলস্বরূপ আমাদের বিভাগে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হবে এই ক্লাবকে সক্রিয়ভাবে পরিচালনা করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত করা।”
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এ ক্লাবের মাধ্যমে তারা বাস্তবজ্ঞান, নেতৃত্বগুণ এবং কর্পোরেট সংযোগ বৃদ্ধির সুযোগ পাবেন, যা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
  • ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ

    ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশ প্রদান করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

    এছাড়া আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনগুলো নিয়মিত পরিদর্শন করবেন।

    আলোচনা সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এসময় প্ল্যাটফরমে বিনা টিকিটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্ল্যাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থি যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে এবং অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

    আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্টেশনসমূহ নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।

    আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন-সহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে ট্রেনের টিকিটে প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস হতে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

  • সিন্ডিকেটের যোগসাজশে একমাত্র দরদাতা আ’লীগ নেতা, অস্থায়ী গরু বাজার ইজারা বাতিল

    সিন্ডিকেটের যোগসাজশে একমাত্র দরদাতা আ’লীগ নেতা, অস্থায়ী গরু বাজার ইজারা বাতিল

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার অস্থায়ী গরু বাজারের দরপত্র ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কারসাজির অভিযোগে দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার দরপত্র মূল্যায়ন সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমার উপস্থিতিতে সিলগালা দরপত্র বাক্স খুলে মাত্র একটি শিডিউল পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিডিউলটি জমা দেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল।

    জানা যায়, পৌরসভা কর্তৃপক্ষ বাজার ইজারার দরপত্র আহ্বান করে গত ১৫-২১ মে বিকেল পর্যন্ত দরপত্র বিক্রয় করা হয়। ২২ মে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত শিডিউল ড্রপ করার সময় নির্ধারণ করা হয়। দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সকলের উপস্থিতিতে বিক্রিত ১২টি শিডিউলের মধ্যে ১টি শিডিউল জমা হওয়ায় দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ৭৪ হাজার ৭৫০ টাকায় দরপত্র নির্ধারণ করা হয়। ৭৫ হাজার টাকায় একটি শিডিউল জমা পড়ে। এ ক্ষেত্রে আমাদের মনে হয়, কোনো একটি পক্ষ অথবা দরপত্র ক্রেতারা পূর্ব যোগাযোগের মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করার উদ্দেশ্যে সম্মিলিতভাবে তারা এই ব্যবস্থা নিয়েছে। এই কারচুপির মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করা হচ্ছে প্রতীয়মান হওয়ায় টেন্ডারটি বাতিল করা হলো এবং রি-টেন্ডারের আহ্বান করা হয়েছে।

    অপরদিকে একইদিন বিকেলে উপজেলা পরিষদের  সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সকলের উপস্থিতিতে উপজেলা ৩৪টি গরু বাজারের শিডিউল বক্স খুলে দরপত্র মূল্যায়ন শেষে ৬ টি বাজারের অনিয়মের কারণে বাতিল করে ২৮ টি গরু বাজারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিঃ সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, সানোয়ার হোসেন প্রমুখ।

    পৌরসভা গরু বাজারে একমাত্র সিডিউলটি জমা দেওয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল বলেন,দরপত্র বাতিলের বিষয় আমার কোন বক্তব্য নাই। পৌর প্রশাসক যেটা ভালো মনে করছেন তিনি তাই সিদ্ধান্ত দিয়েছেন।

  • জাতীয় পুরস্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে প্রশাসনের সংবর্ধনা

    জাতীয় পুরস্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে প্রশাসনের সংবর্ধনা

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম, কুমিল্লা:

    কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পর্যায়ে শ্রম মিডিয়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (২৩ মে) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সংবর্ধনা দেয়া হয়। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

    উল্লেখ্য, পহেলা মে-২০২৫ ঢাকার বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘স্থিরচিত্র প্রতিযোগিতায়’ জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পান সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক আমার দেশ, দৈনিক কুমিল্লার কাগজ ও দৈনিক ফেনীর সময় পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ এমদাদ উল্যাহ। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হাত থেকে তিনি ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কারের টাকা গ্রহণ করেন। এরআগেও সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ মাইগ্রেশন, পোল্ট্রি ও পরিবার পরিবার পরিকল্পনা বিষয়ে ৬টি পুরস্কার লাভ করেন

  • মোকামতলা বাজারে ব্যবসায়ীদের ভোটের উৎসব

    মোকামতলা বাজারে ব্যবসায়ীদের ভোটের উৎসব

    আরিফুল ইসলাম (শিবগঞ্জ), বগুড়াঃ
    মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মে ২০২৫, শনিবার। এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজারে বইছে উৎসবমুখর পরিবেশ। বাজারজুড়ে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা ও গণসংযোগ। ব্যানার, পোস্টার, লিফলেট, স্লোগানে মুখরিত বাজার এখন যেন এক নির্বাচনী মাঠ।
    নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩০ জন। ভোটাধিকার প্রয়োগ করবেন তারা আগামী শনিবার সকাল থেকে নির্ধারিত কেন্দ্রে।
    এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। সহ-সভাপতি পদে আছেন ৫ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন ২ জন প্রার্থী।
    ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা স্পষ্ট। কেউ পুরনো নেতৃত্বে আস্থা রাখছেন, আবার কেউ চাইছেন পরিবর্তন। প্রতিটি দোকান আর চায়ের আড্ডায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা।
    স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, “নির্বাচন আমাদের বাজারের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন নেতৃত্ব চাই, যারা আমাদের সমস্যা শুনবে, বাস্তবসম্মত উন্নয়ন করবে।”
    বাজারে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
    মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। বর্তমান নির্বাচন ব্যবসায়ী সমাজের ঐক্য, সংগঠন ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করেছে অনেকেই।
    নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের আগ্রহও বেড়ে চলছে। সবার চোখ এখন ২৪ মে তারিখের দিকে—কে হচ্ছেন নতুন নেতৃত্ব, কার হাতে উঠছে সমিতির হাল?
  • আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

    আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ 
    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আজ (২১ মে) এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে টিন বিতরণ করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং এক প্রবাসীর সহযোগিতায় গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাচঁপাইকা গ্রামের বাসিন্দা বাহালুল ইসলামকে দুই বান্ডিল টিন প্রদান করা হয়।
    টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোকামতলা আদর্শ থানা শাখার সেক্রেটারি মো. আব্দুল আলিম।
    আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম বলেন, “আমরা সবসময় চেষ্টা করি সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই সহায়তা কার্যক্রম একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”
    স্থানীয়রা সংগঠনের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
    আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
  • বিতর্কের রাজপথে ৩২ দল, আয়োজনে মাভাবিপ্রবি

    বিতর্কের রাজপথে ৩২ দল, আয়োজনে মাভাবিপ্রবি

    মো: জিসান রহমান,মাভাবিপ্রবি:

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এই উৎসবে অংশগ্রহণ করছে।
    দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে সৃষ্টি হবে এক বুদ্ধিবৃত্তিক পরিবেশ। তীব্র যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মীতার সম্মিলনে এটি দেশের বিতর্ক অঙ্গনের একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।
    উৎসবটি ঘিরে গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।
    বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ অনেক জাতীয় পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
    ২৩ মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার সকল পর্ব বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ৪র্থ, ১০ম, ১১তম ও ১২তম তলায় অনুষ্ঠিত হবে।
    বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে :
    • প্রধান পৃষ্ঠপোষক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    • ওয়াটার পার্টনার: প্রাণ গ্রুপ
    • বেভারেজ পার্টনার: সজীব গ্রুপ
    • লজিস্টিক পার্টনার: নাসীর গ্রুপ
    • সুইটস পার্টনার: জয়কালী
    • অফিসিয়াল পার্টনার: নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার
    • মিডিয়া পার্টনার: চ্যানেল টুয়েন্টিফোর ও ডিবিসি নিউজ