Author: নিউজ ডেক্স

  • ভারত থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে তিস্তার পানি; প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

    ভারত থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে তিস্তার পানি; প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

    এম এইচ মানিক সরকার, পাটগ্রাম, লালমনিরহাট:

    উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৪ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নিম্ন অঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে ভুট্টা ও বাদামের ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার মধ‌্য রাত পর্যন্ত পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তবে এরপর ধীরে ধীরে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার উজানে ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার।

    ভারতের সিকিম হিমালয়ের চিতামু হ্রদ থেকে সৃষ্টি নদী তিস্তা ভারতের সীমানা পেরিয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে।

    বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, রংপুর বিভাগে তিস্তার সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং তিস্তার পানি বিপৎসীমায় প্রবাহিত হতে পারে।

    স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন। তিস্তা নদীর পানি বাড়লে আগে ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলগুলো। তিস্তা পাড়ে চর রয়েছে ৭৬টি। এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার ঘরবাড়ি তুলনামূলক নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরাসরি বন্যার আশঙ্কা নেই তবুও স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

    হাতীবান্ধা উপজেলার চর ডাউয়াবাড়ী এলাকার আনোয়ার হোসেন বলেন, বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে মাঠের ফসল, গরু-ছাগল, বাড়ির জিনিস সব ভেসে যায়। এবারও ভয়ে আছি।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

    লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ‌্যমে তিস্তা নদীর পানি বৃদ্ধি ও তিস্তা পাড়ের খবর নিয়মিত নেয়া হচ্ছে।

  • নিবন্ধন ফিরে পেল জামায়াত

    নিবন্ধন ফিরে পেল জামায়াত

    নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার উচ্চ আদালতের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেয়েছে। তবে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

    রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে।

    বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিলো আপিল বিভাগ।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেয়।

    ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর।

  • জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ

    জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ

    রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হবে আজ রোববার (১ জুন)।

    এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার মামলাটি রায়ের জন এক নম্বরে রয়েছে।

    এর আগে ১৪ মে এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের জন্য ১ জুন দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত।

    ওইদিন আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

    ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত আপিল মামলাটি খারিজ করে দেন।

    এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন।

    এর আগে ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। চতুর্থ দিনের মতো শুনানি শেষে মামলার রায়ের দিন ধার্য করা হয়।

    ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

    রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আর্জি জানান।

    এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হক (পরে প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল হাইয়ের (বর্তমানে অবসর) হাইকোর্ট বেঞ্চ ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করেন। নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, ২০১০ সালের জুলাই ও নভেম্বরে দু’বার এবং ২০১২ সালের অক্টোবর ও নভেম্বরে দু’বার তারা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয় জামায়াত। এসব সংশোধনীতে দলের নাম ‘জামায়াতে ইসলামী, বাংলাদেশ’ পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়।

    ২০১৩ সালের ১২ জুন ওই রুলের শুনানি শেষ হয়। একই বছরের ১ আগস্ট জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন (বর্তমানে অবসর), বিচারপতি এম ইনায়েতুর রহিম (পরে আপিল বিভাগের বিচারপতি পদ থেকে পদত্যাগ করেন) ও বিচারপতি কাজী রেজা-উল-হকের (১৯ নভেম্বর পদত্যাগ করেন) সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর (লার্জার) বেঞ্চ।

    সে সময় সংক্ষিপ্ত রায়ে আদালত বলেন, এ নিবন্ধন দেওয়া আইনি কর্তৃত্ব বহির্ভূত। একইসঙ্গে আদালত জামায়াতে ইসলামীকে আপিল করারও অনুমোদন দিয়ে দেন। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের ৫ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত আপিল করে। ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তবে গত বছর জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এ আন্দোলনে গণহত্যার অভিযোগে ছাত্র-জনতা সরকার পতনের দাবি তোলে। এর মধ্যে ১ আগস্ট সরকার অঙ্গ-সংগঠনসহ জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে।

    ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। ২৮ আগস্ট সরকার আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে।

  • শিবগঞ্জে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

    শিবগঞ্জে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

    মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা। এ উৎসবকে ঘিরে শিবগঞ্জে জমে উঠেছে কুরবানীর পশুর হাটের কেনাবেচা।

    বগুড়ার শিবগঞ্জে কুরবানীর পশুর হাটগুলোতে উঠতে শুরু করেছে ঝকঝকে সাদা,লাল ও কালো রঙ্গের বিভিন্ন জাতের বিপুল সংখ্যক দেশি গরু-ছাগল। হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এতে করে যেনো জমে উঠেছে কুরবানীর পশুর হাট।

    আজ (৩১ মে) শনিবার শিবগঞ্জের গাংনগর কোরবানির পশুর হাটে সরজমিনে দেখা যায়, ঈদ-উল আজহা উপলক্ষে গাংনগর কোরবানির পশুর হাটে স্থানীয় ক্রেতা বিক্রেতাদের আগমন। এইসময় গরু-ছাগল কেনাবেচা করেন স্থানীয় ক্রেতা বিক্রেতারা।

    গাংনগর কোরবানির পশুর হাট সপ্তাহে দুদিন শনিবার ও বুধবার চলে বেচাকেনা। বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে বেচাকেনা। এলাকার ব্যবসায়ী ও কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতা হাটে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী কোরবানি ক্রয় করছেন ।

    ক্রেতা মাসুদ রানা জানান, “গরুগুলোর স্বাস্থ্য ভালো। দামের মধ্যে অনেক ভালো গরু পাওয়া যাচ্ছে। তাই পরিবার নিয়ে কোরবানির গরু কিনতে এসেছি।

    গরু বিক্রেতা বলেন, “এবার হাটে ক্রেতা তুলনামূলক কম আসতেছে। তবে মোটামুটি গরু বিক্রি হচ্ছে, দামও মোটামুটি ঠিক আছে। আশা করি সামনে আরও ভালো হবে।

    হাট ইজারাদার জানান, “হাটের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে আমরা কাজ করছি। বিক্রেতা-ক্রেতাদের যাতে কোনো ভোগান্তি না হয় সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে।”

  • রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

    রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

    আনোয়ারুল ইসলাম রনি, রংপুরঃ

    রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন (The Skyview) এ হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি এ বিষয়ে দ্রুত মামলা নেওয়ার জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

    এসময় তিনি বলেন, রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি ২৪ ঘণ্টার মধ্যে এন্ট্রি না করে তাহলে বুঝবেন জাতীয় পার্টি কী। তখন আমরা থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি দেব।

    নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শনিবার (৩১ মে) বিকেলে তিনি এ ঘোষণা দেন।

    এর আগে, জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিকেল ৪টায় সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাব ও টাউন হল এলাকা প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। এ সময় রংপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সারজিস আলম এবং তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

    সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দল হিসেবে একমাত্র জাতীয় পার্টি ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধীদের পাশে ছিল। তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বলতে চাই না কী ধরনের সহযোগিতা করেছি। আজকে এনসিপির সেই কুলাঙ্গাররা জাতীয় পার্টির বিরুদ্ধে লেগেছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তিমত্তা আছে কিনা আমরা রংপুরের মাটিতে জানান দিতে চাই। তারা অ্যাকশন করলে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।

    জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির বলেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করেছে। এসময় তারা গান পাউডার দিয়ে সেখানে থাকা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছে। প্রশাসনের লোকজনদের সামনে এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করতে গেলেও মামলা না নিয়ে বিলম্ব করে ওসি সাহেব অভিযোগ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করতে হবে। এছাড়া হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে হরতালের মতো কর্মসূচি দিতে পারি।

    এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় নেতা মিলন চৌধুরী, সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র সমাজের মহানগর আহ্বায়ক আমিরুল ইসলাম এবং জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

  • বৃষ্টির মধ্যেই ঢালাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

    বৃষ্টির মধ্যেই ঢালাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

    মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ

    নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি উন্নয়ন প্রকল্পে কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মানের নির্মাণ সামগ্রী, সামান্য পরিমাণে সিমেন্ট ও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ চলায় দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে নির্মাণকাজের মান। সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির মধ্যেই চলছে ঢালাইয়ের কাজ। পানি জমে আছে নির্মাণস্থলে, তবু কাজ বন্ধ না রেখে চলছে ঢালাই, যা প্রকৌশলগতভাবে অনুচিত ও ঝুঁকিপূর্ণ।

    বিশেষজ্ঞদের মতে, কংক্রিট ঢালাইয়ের সময় পৃষ্ঠ শুকনো ও পরিষ্কার থাকা আবশ্যক। বৃষ্টির মধ্যে ঢালাই করলে কংক্রিটের মিশ্রণে পানি অতিরিক্ত ঢুকে যায়, ফলে কাঠামোর মান কমে যায় এবং ভবিষ্যতে ফাটল ও ধসের আশঙ্কা থাকে।

    পাশেই অবস্থিত নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও দেখা যায় একই চিত্র, বৃষ্টির মধ্যেই চলছে পার্কিং টাইলস ও সৌন্দর্য বর্ধনের কাজ।সেখানেও দায়িত্ব প্রাপ্ত কোনো ব্যাক্তির উপস্থিতি দেখা যায়নি।

    স্থানীয় এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উপরে চাপ রয়েছে কাজ শেষ করার। ফলে প্রকৌশলগত নিয়ম না মেনে বৃষ্টিতেও কাজ করতে হচ্ছে।”

    এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

    তবে স্থানীয়রা বলছেন, শুধু এই প্রকল্পই নয়, অতীতে একই ধরণের অনিয়ম একাধিকবার ঘটেছে। প্রয়োজনীয় তদারকির অভাব এবং জবাবদিহিতার ঘাটতি থাকার কারণে এমন পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে।

    এ বিষয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

  • মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

    মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।’

    শনিবার (৩১ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

     

    ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’

     

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিতেন। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

     

    গয়েশ্বর রায় বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই।’

     

    জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।’

  • নাসির নগরে নদীতে ডুবে আপন দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গোকর্ণ গ্রাম,

    নাসির নগরে নদীতে ডুবে আপন দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গোকর্ণ গ্রাম,

    মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

    নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। গতকাল (৩০ মে) বিকেলে আকাশিয়া মাঠ থেকে গরু আনতে গিয়ে খালের প্রবল স্রোতে ভেসে যায় গোকর্ণ গ্রামের আপন দুই বোন। রাতভর খোঁজাখুঁজির পর আজ শুক্রবার (৩১ মে) সকাল ছয়টার দিকে গোকর্ণ বেরিবাঁধ সংলগ্ন তিতাস নদীতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।তিতাস নদীতে মরদেহ উদ্ধারের মুহূর্তে গ্রামবাসীর ভিড় লেগে যায়।

    নিহতরা হলেন গোকর্ণ মধ্যপাড়ার প্রবাসী মিনার আলীর দুই মেয়ে। একজনের নাম মারিয়া (১১), অপরজন সামিয়া(০৮) । দু’জনেই ওইদিন দুপুরে পরিবারের গরু আনতে মাঠে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

    মেয়েটির বাবা মিনার আলীর ফোনে কান্নাজড়িত কণ্ঠে বলেন,“ওরা আমার আদরের সন্তান, কে জানতো এমনভাবে ফিরে আসবে! আমাদের সব শেষ হয়ে গেলো।”

    মেয়েটির চাচা জালাল আহমেদ কান্না করতে করতে বলেন,আমরা সারারাত নৌকা নিয়ে তাদের খুঁজেছি,ফায়ারসার্ভিস ও পুলিশ অনেক খোজাঁখুজি করে ও পাই নাই। আজকে সকালে একজনের লাশ নদীতে ভেসে উঠে, অপরজনের লাশ মাছের জালে আটক পরে। আমাদের সব কিছু শেষ ভাই , আমার কলিজা টুকরো গুলো শেষ হয়ে গেছে।

    একজন স্থানীয় কৃষক জানান,বিকেলের দিকে আমরা শুনি তারা খালের পাশে ছিল, হঠাৎ পানির স্রোত বেড়ে গেলে হয়ত তারা দুজনেই ভেসে যায়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন জানান, খবর পেয়ে আমি এসিল্যান্ডসহ রাত বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছাই, মেয়ে দুটোর মায়ের সাথে কথা বলে জানতে পারি গরু ছড়াতেই নদীর পাশে যায় তারা। পরে সন্ধার সময় গরুগুলো বাড়িতে চলে এলেও মেয়েরা বাড়িতে ফিরেনি। আমরা অনেক খোজাঁখুজি করেও তাদের সন্ধান পাইনি। পরে মাইকিং করে পুরো এলাকায় নিখোঁজের সংবাদ জানানো হয়। সন্ধা গড়িয়ে রাত গভীর হলেও কোন খোঁজ না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরবে ডুবুরিদের খবর দেয়। ডুবুরিরা আসার আগের সকালে লাশ দুটো নদী থেকে ভেসে উঠে । মেয়েগুলোর বাবা মিনার আলী কিছুদিন হলো বিদেশে গেছে। তার চার সন্তানের মধ্যে এক ছেলে বড় তারপরের দু’জন মেয়ের মৃত্যু হয়েছে , আরেক মেয়ে ছোট। আসলে এমন মর্মান্তিক ঘটনায় শান্তনা দেওয়ার কোন ভাষা নেই। তারপরও আমি মেয়ের মাকে যতটুকু সম্ভব শান্তনা দিয়ে এসেছি। এমন ক্ষতি কোনভাবেই পূরণ করার মতো নয়।

    ঘটনাস্থলে উপস্থিত গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান বলেন,এই ঘটনা খুবই মর্মান্তিক। আমরা এলাকাবাসীকে অনুরোধ করছি বর্ষার সময়ে নদী বা খালের ধারে গেলে সতর্ক থাকতে। পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

     

    নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,

    “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে এবং তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

     

    ঘটনার পর পুরো গোকর্ণ গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা মৃতদের বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করছেন। স্কুলের শিক্ষক-সহপাঠীরাও এদের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

  • রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

    রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

     

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. নাজমুল হাসান ভূঁইয়া।

    আজ ৩১ মে (শনিবার), ২০২৫ তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৭ মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

    প্রেসিডেন্ট ও সেক্রেটারি— উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী সাকিব হাসান খান ৯টি এবং সেক্রেটারি প্রার্থী মো. নাজমুল হাসান ভূঁইয়া ১০টি ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সকলের সামনে ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

    নবনির্বাচিত প্রেসিডেন্ট সাকিব হাসান খান বলেন, “আমি বিশ্বাস করি, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল শুধু একটি ক্লাব নয়— এটি একটি পরিবার। এখানে আমরা একে অপরকে শেখাই, অনুপ্রাণিত করি এবং সমর্থন দিই। ক্লাবটি একটি আন্তর্জাতিক সংগঠন, যা ক্যাম্পাসে ইতিবাচক কাজের মাধ্যমে সক্রিয়। সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা একটি সুন্দর রোটারি বর্ষ উপহার দিতে চাই।”

    নবনির্বাচিত সেক্রেটারি মো. নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “নেতৃত্ব মানে শুধু পথ দেখানো নয়, বরং সবার পাশে থেকে একসাথে এগিয়ে চলা। আমরা ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই দর্শনকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। এই নতুন রোটারি বছরে আমরা এমন কিছু করতে চাই, যা সমাজে বাস্তব পরিবর্তন আনবে, সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়াবে এবং তরুণদের নেতৃত্বে অনুপ্রাণিত করবে।”

    জানা গেছে, ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড মেম্বারদের তালিকা পরবর্তীতে প্রেসিডেন্ট ও সেক্রেটারির যৌথ সিদ্ধান্তে প্রকাশিত হবে। উল্লেখ্য, পূর্ববর্তী কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন রোটারেক্টর পলাশ হোসেন এবং সেক্রেটারি ছিলেন রোটারেক্টর সিফাত আহম্মেদ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে ধারাবাহিকতা ও সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

    শফিকুল ইসলাম, শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ

    সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে৷ শুক্রবার(৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাঘেরকোনা নবীনগর রাস্তার মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তবে নিহত ওই নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাগেছে৷

     

    পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন৷ তার বয়স আনুমানিক ৪৫ বছর৷ পড়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যানচলাচল স্বাভাবিক আছে।

     

    শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

  • “বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

    “বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

    মোরশেদুল আলম, চট্টগ্রামঃ

    সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে এক মর্মান্তিক বজ্রাঘাতের ঘটনায় এক কৃষক প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (৩০ মে) ০৮ নং ওয়ার্ডের মধ্যম মরফলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৪০)। তিনি স্থানীয় কৃষক ও ছিদ্দিক আহমদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন ক্ষেতের কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

     

    এ ঘটনায় গ্রামবাসী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জসিম উদ্দিনের মৃত্যুতে উপজেলার কৃষি সম্প্রদায়ও গভীরভাবে শোকাহত। স্থানীয় প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করে বলেছেন, “বজ্রপাত থেকে রক্ষায় গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ জরুরি।”

     

    বাংলাদেশে প্রতিবছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন ও উঁচু গাছ কমে যাওয়াকে এ ধরনের ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

  • শিবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে জেলা আমীর

    শিবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে জেলা আমীর

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

    গতকাল (২৯ মে) বৃহস্পতিবার দিনগত রাতে বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নেন সংগঠনের জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার।

    এসময় উপস্থিত ছিলেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল বাসেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা আমীর মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি আলাল উদ্দিন, সাবেক উপজেলা আমীর আব্দুল হালিম বিপ্লব, মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সামছুল আলম, রেজাউল করিম প্রমুখ।

  • নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে: মির্জা আব্বাস

    নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে: মির্জা আব্বাস

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে। এবং এই ডিসেম্বরে নির্বাচন করার কথা কিন্তু ইউনূস সাহেব নিজে বলেছেন। আমরা বলি নাই। পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে।

    তিনি বলেন, নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় নেবেন ড. ইউনূস।

    শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশে বসে ড. ইউনূস বলেছেন— একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চান না; তিনি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না।

    মির্জা আব্বাস বলেন, সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করেছেন বিদেশি লোকদের। জিয়া বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি, কাউকে আমদানি করেনি। কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শক এনেছে। সংস্কার সংস্কার করতে করতে আজ এমন অবস্থায় চলে গেছে, তারা নির্বাচন দিতে চায় না।

    তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগলিক অবস্থান ঠিক থাকবে না।

  • ভারতের সঙ্গে বিন্দু মাত্র আপোশ নয়ঃ সারজিস আলম

    ভারতের সঙ্গে বিন্দু মাত্র আপোশ নয়ঃ সারজিস আলম

    এম এইচ মানিক সরকার, পাটগ্রাম, লালমনিরহাটঃ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপস নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইনের মাধ্যমে এজেন্ট ঢুকে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত । তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণ ও পথসভা করে এসব কথা বলেন তিনি ।

    তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত । যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।

    এনসিপি নেতা সারজিস আলম বলেন, উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত । এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন ও বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।

    এনসিপি-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।

    পথসভা শেষে তিনি লালমনিরহাটের হাতীবান্ধায় লিফলেট বিতরণে অংশ নেয় । ওই সময় উত্তরঅঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ পথসভায় জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী

    বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে শহর কার্যত অচল হয়ে পড়েছে। কখনও টানা, কখনও থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন শহরবাসী।

    টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ি। রিকশা ও অটোরিকশাচালকরা জীবিকার তাগিদে রাস্তায় নামলেও যাত্রী না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেশিরভাগ দোকানও বন্ধ দেখা গেছে।

    সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে পানি। প্লাবিত হয়েছে নিচু এলাকা ও আশপাশের কৃষিজমি। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

    ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, “এভাবে যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

    পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানিয়েছেন, “নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।”

    জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রস্তুতির কথা জানানো হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, “যদিও সরাসরি কোনো সতর্কতা সংকেত নেই, তবুও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। শুকনো খাবার ও অন্যান্য সহায়তা মজুত রাখা হয়েছে।”

    প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাতের এই ধারা ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

  • ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক

    ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠি শহরের বিকনা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

    জেলা ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে বিকনা এলাকার হোল্ডিং নম্বর ৪০৫, মৃত মোসলেম উদ্দিন মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মো. নাফিউল ইসলাম তুর্য (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়। তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট তল্লাশি করে হলিউড ব্র্যান্ডের একটি সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

     

    জিজ্ঞাসাবাদে নাফিউল জানায়, ঘটনাস্থলে তার সঙ্গে মোস্তাফিজুর রহমান তনয় (১৭) নামের আরও একজন কিশোর ছিল, যিনি অভিযান শুরুর আগেই পালিয়ে যান। পরে নাফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ মোড় এলাকা থেকে মোস্তাফিজুর রহমান তনয়কে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা।

     

    জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

  • মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

    মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

    মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

    টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঘাটাইল উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “এমবিএসটিইউ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঘাটাইল”-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

    আজ ২৯মে (বৃহস্প্রতিবার) ২০২৫ইং তারিখে ঘাটাইল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি আদহাম অভি এবং উপদেষ্টা মো. তৌকির আহমেদ।

    নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদয় তালুকদার।

    নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান রাকিব বলেন, “বিগত সময়ের যে ঘাটতিগুলো করে রয়েছে সেগুলো কাটিয়ে নতুন করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব। নতুন কিছু পরিকল্পনা রয়েছে যা সবার সহযোগিতার মাধ্যমে এবছর বাস্তবায়ন করবো। আশা করি ভালো একটা সেশন উপহার দিয়ে যেতে পারবো।”

    সাধারণ সম্পাদক উদয় তালুকদার বলেন, “সকলের সহযোগিতায় সামনে এগিয়ে যাব। নতুন যারা আসবে তাদের নতুনভাবে কাজ করবো। সবার মাঝে নতুন করে আবার সম্প্রীতির বিস্তার লাভ করবে বলে আশা করছি।”

    এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হাসান তৌফিক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), মোঃ রফিক হাসান (অর্থনীতি), মোঃ রিমন তালুকদার (রসায়ন), ইমরান হোসেন (রসায়ন), মোছাঃ আফরোজা খাতুন (ব্যবস্থাপনা) এবং মোঃ শাহজামাল (ব্যবস্থাপনা)। যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন হোসাইন (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি), মোঃ শামীম (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স), তাহমিনা ইয়াসমিন (অর্থনীতি), মোঃ মহিউদ্দীন হাবিব (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) এবং সাকলাইন এহসান সাব্বির (অর্থনীতি)। সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ (হিসাববিজ্ঞান) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান সুমন (রসায়ন)। অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান (হিসাববিজ্ঞান)। আইন বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র বর্মন (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স)। নারী বিষয়ক সম্পাদক মির্জা রিমা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি) এবং ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হোসেন শিশির (হিসাববিজ্ঞান)। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাবিলা জান্নাত রিয়া (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি) এবং জয় কর্মকার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। দপ্তর সম্পাদক মোঃ রাসেল খান (অর্থনীতি)। প্রচার সম্পাদক সোহাগ শিকদার (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স)। ক্রীড়া সম্পাদকের মমিনুল ইসলাম আরজু (পদার্থবিজ্ঞান)। সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিঝুম নিশু (হিসাববিজ্ঞান) এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিলা আক্তার সিথী (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স), ইমতিয়াজ মাহমুদ (ব্যবস্থাপনা) এবং সাদিয়া আক্তার (অর্থনীতি) হিসাবে দায়িত্ব পালন করবেন।

    উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরের অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান মোঘল, অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, সহকারী অধ্যাপক মৌসুমি দত্ত এবং প্রভাষক হাফিজা আক্তার মিম।

    বিভিন্ন বর্ষ ও বিভাগ থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ।

    পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন আদহাম অভি এবং সাধারণ সম্পাদক ছিলেন মোঃ হাবিবুল্লাহ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে ধারাবাহিকতা ও সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • শিবগঞ্জে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা

    শিবগঞ্জে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্য হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে এঘটনা ঘটে। তবে পরিবারের দাবি তাহসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    নিহত শিশুর নাম তাহসিন। সে মধুপুর গ্রামের বাসিন্দা সৌরভ ইসলামের ছেলে।

    নিহত শিশুর জ্যাঠা রুবেল মিয়া বলেন, আমার মেয়ে রুহা মনি ভাতিজা তাহসিনকে নিয়ে আমার অটোভ্যানের মধ্যে খেলাধুলা করছিলো। এসময় পাশের বাড়ির সাইদুলের মেয়ে কুলছুম এসে আমার ভাতিজাকে নিতে চায়। তখন আমি আমার মেয়েকে বললাম ওর কাছে যেন বাচ্চা দিও না। তারপরেও সে আমার ভাতিজাকে নিয়ে যায়। পরে আমি কাজ থেকে এসে শুনি যে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। তাহসিনকে কুলছুম হত্যা করেছে বলে দাবি করেন রুবেল মিয়া।

    মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, বাচ্চার মৃত্যুর সংবাদ পেয়ে বগুড়া সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম সহ আমার একটি টিম নিয়ে এখানে আসি। বাচ্চার মৃত্যুর কারণ সম্পর্কে একেকজন একেক ধরনের মতবাদ দিচ্ছেন। আমরা বুঝতে পারছি যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আছে। এই সন্দেহ নিশ্চিত করতে মরদেহটি ময়না তদন্তের ব্যবস্থা করেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কিশোরী কুলছুম ও তার মাকে থানায় নেয়া হয়েছে।

  • রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

    রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা। বুধবার (২৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
    রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. খ. ম রেজাউল করিম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী কর্মশালায় বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে কলেজের একাদশ-দ্বাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের জীবনে সফল ক্যারিয়ার গঠনের উপায়, অনুপ্রেরণা, এবং মহৎ চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে নানা পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তব জীবনের গুণীজনদের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যার মাধ্যমে তারা অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে উৎসাহিত হয়।
    ছাত্রছাত্রীরা জানান, “আজকের কর্মশালার মাধ্যমে আমরা জানতে পেরেছি কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কীভাবে সফল ব্যক্তিত্ব হতে হয়। শিক্ষকরা যেভাবে মহান ব্যক্তিদের জীবনীচিত্র দেখিয়ে আমাদের বুঝিয়েছেন, তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে এমন সুন্দর একটি আয়োজনের জন্য।”
    প্রধান অতিথি ড. খ. ম রেজাউল করিম বলেন, “আমরা সবসময় চেষ্টায় থাকি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে। কিন্তু অনেক সময় শিক্ষার অভাবে তারা ভুল পথে চলে যায়। তাই শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের দিকনির্দেশনাও প্রয়োজন। আজকের এই আয়োজন ছিল সেই উদ্দেশ্যেই। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌছাতে গুণীজনদের জীবন-চিত্র তুলে ধরে পথ দেখাতে।”
    কর্মশালার শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান, ধন্যবাদ জ্ঞাপন এবং ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
    এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রস্তুতির ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে। রাজাপুর সরকারি কলেজের এই কর্মশালাটি শিক্ষার্থীদের আত্মউন্নয়নে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।
  • মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম – বাগচী ‎

    মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম – বাগচী ‎

    মো:জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যসংগঠন মাভাবিপ্রবি থিয়েটার (সিডিসি) এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের অনির্বাণ বাগচী।

     

    মঙ্গলবার (২৭ মে) ক্লাবের সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল এক বিবৃতির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।

    নতুন কমিটির উল্লেখযোগ্য সদস্যরা:

    সহ-সভাপতি: শফিকুল ইসলাম বাপন, মো. ইমরান কায়েস

    যুগ্ম সাধারণ সম্পাদক: মিথিলা ফারজানা, সেলিম হোসেন শিশির

    সাংগঠনিক সম্পাদক: সাদিব হাসান সঞ্জিত, মো. রাকিব হাসান

    দপ্তর সম্পাদক: শুভ্রা পাল, দিয়া বিশ্বাস

    উপ-দপ্তর সম্পাদক: সাকিব আলভী

    প্রচার সম্পাদক: সাহেদ বিন সুলতান

    কাহিনী ও সংলাপ সম্পাদক: মেহেবুবা মাহরিন নোভা

    সঙ্গীত ও বাদ্যযন্ত্র সম্পাদক: আসাফ উদ্দিন নাবিল

    রূপসজ্জা সম্পাদক: লামিয়া সানজানা অরিন, অনন্দিতা শাহা উপমা

    আলোকসজ্জা সম্পাদক: তানভীর আহমেদ রাকিব

    স্টেজ সেটিংস সম্পাদক: মো. আল-আমিন

    ফিল্ম অ্যান্ড মিডিয়া: আসাদুজ্জামান শুভ

    ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মো. মেহেদি হাসান

    তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নাজমুস সাকিব নাফিয়ান

    কোষাদক্ষ: মো. হাবিবুর রহমান

     

    কার্যকরী সদস্য: মো. আব্দুল্লাহ ইবনে মাসুদ, শ্রেয়া শাহা, তাবাসুম জান্নাত মেঘলা, জেরিন তাসনিম, মিনহাজ আহমেদ ইশান, মিথুন হাসান, মো. সাফিয়ান আল বারি, জান্নাত আক্তার

     

     

    উপদেষ্টা মণ্ডলী: সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, দীপ্তি ভৌমিক ও মো. আব্দুর রাজ্জাক।

     

    নেতৃত্বের বক্তব্য:

     

    নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল-নাইম বলেন,

    “নাটক শুধু বিনোদন নয়—এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার ভাষা এবং আত্মঅন্বেষণের এক অসাধারণ মাধ্যম। সিডিসি আমাদের কাছে একটি আবেগ, একটি পরিবার এবং আত্মনির্মাণের যাত্রা।”

     

    সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী বলেন,

    “সিডিসি কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং একটি পরিবার—যেখানে আমরা একসাথে স্বপ্ন দেখি, কাজ করি এবং নিজেদের প্রকাশ করি। আমরা বিশ্বাস করি নাটকের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

     

    উন্নয়ন পরিকল্পনা:

     

    নতুন নেতৃত্ব ক্লাবের অগ্রগতির জন্য কয়েকটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে—

    ১. নিয়মিত নাট্যকর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন

    ২. নবীন সদস্যদের জন্য প্রযোজনাভিত্তিক অভিনয় শেখানো

    ৩. সৃজনশীল ও বিনোদনমূলক নাটক মঞ্চায়ন

    ৪. সমাজ সচেতনতামূলক নাটকের আয়োজন