Author: নিউজ ডেক্স

  • কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?

    কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?

    আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:

    দলীয় সিদ্ধান্ত মেনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করলে তাকে বিএনপির সাংগঠনিক পদে মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে সরকার গঠিত হলে যথাযথ সম্মান দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

    অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলেও তাকে জানানো হয়েছে।

    সূত্র আরও জানায়, জেলা বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ব্যক্তিগতভাবে ও দলীয় স্বার্থের কথা বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

    এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা। ফলে বিএনপির হাইকমান্ড ও জেলা বিএনপির কঠোর নির্দেশনার পর তাপস তার অবস্থান পরিবর্তন করেন কি না—সেদিকেই এখন রাজনৈতিক মহলের দৃষ্টি।

    তবে সংশ্লিষ্ট সূত্র ও তাপস ঘনিষ্ঠ মহলের দাবি, কাজী নাজমুল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। জনগণের ভালোবাসা, মাঠপর্যায়ের ব্যাপক সমর্থন এবং নবীনগরের সাধারণ মানুষের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ব্যাপারে অনড় রয়েছেন। তাপসের ঘনিষ্ঠরা বলছেন, নবীনগরের মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তাপস ভাই নির্বাচন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।

  • নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁয় বিচার বিভাগীয় কর্মকর্তা তথা বিচারকবৃন্দের সাথে জেলা পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বার্থ রক্ষা এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

    নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়। এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সম্মানিত পুলিশ সুপার এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়। এছাড়াও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

    মতবিনিময় সভায় মূলত বিচার বিভাগ ও পুলিশ বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

    আদালতের নিরাপত্তা এবং বিচারিক কার্যক্রমে পুলিশের অর্পিত দায়িত্ব পালন।

    আইনশৃঙ্খলার উন্নয়ন ও বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে উভয় বিভাগের যৌথ পদক্ষেপ।

    সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর মধ্যে সুসমন্বয় থাকা অপরিহার্য। এই

    ধরণের নিয়মিত মতবিনিময় সভা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। সভা শেষে দুই বিভাগের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছাস্মারক বিনিময় করা হয়।

  • গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

    গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

    এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    গণসংযোগকালে তারা বলেন, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হলে পশ্চিম আলীরগাঁওসহ গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

    তারা অভিযোগ করেন, দীর্ঘ সতেরো বছর ধরে এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। বিএনপি করার কারণে বহু নেতাকর্মী হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন।

    গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন অবিভক্ত আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মাসুক আহমদ মেম্বার, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমিল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন আহমদ জনি এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

  • নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা

    নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা

    মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

    গতকাল ১৯ শে জানুয়ারি সোমবার নাসিরনগর উপজেলার, নাসিরনগর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন কয়েকটি দোকানে (কম্পিউটার প্রিন্টিং এবং দলিল লেখার কাজ করা হয় এমন প্রতিষ্ঠান) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ।

    অভিযান চলাকালীন সময়ে ০১ টি প্রতিষ্ঠানে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের সীল, চেয়ারম্যানের সীল, এবং সংরক্ষিত মহিলা মেম্বারের সীল উদ্ধার করা হয়।

    প্রাপ্ত তথ্যমতে দলিল লেখক নুরুল হকের সহকারী নোমান মিয়া, সাং ধরমন্ডল সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারের সীল স্বাক্ষর নকল করে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অনৈতিক সেবা দিয়ে থাকেন। উদ্ধারকৃত সিলগুলো ব্যবহার করে জমি খারিজ, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়ন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করার কাজে ব্যাবহার করা হয়ে থাকতে পারে।

    এক্ষেত্রে গ্রহীতাকে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এবং প্রতারণার আশ্রয় নেয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ অভিযুক্ত নোমানকে না পেয়ে দোকান মালিক সন্জিত সরকারকে ১৫০০০/- (পনের হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা করে।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ সাংবাদিকদেরকে জানান, “অবৈধভাবে কোনো দপ্তরে জনপ্রতিনিধির সিল সংরক্ষণ ও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

  • নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

    নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

     মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর পত্নীতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।

    গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই একটি সাজানো সংসার তছনছ হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভুক্তভোগীরা রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতবেগে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে এবং সেটির সামনের কাঁচ ভাঙচুর করে।
    ঘটনার পর পর নজিপুর-ধামইরহাট সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে।

    পুলিশের বক্তব্য: পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর…

    বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর…

    মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে একটি বিয়েকে ঘিরে বিরল ধরনের ঘটনাপ্রবাহের তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বাসর রাতে ‘কনে বদল’ করা হয়েছে। এ ঘটনায় মামলা–মোকদ্দমা চলার মধ্যেই বর রায়হান কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ঘটনা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

    জানা যায়, পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার যুবক রায়হান কবির ঘটকের মাধ্যমে রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার একটি পাত্রী দেখেন। উভয় পরিবার বিয়েতে সম্মত হয়ে আগস্ট রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। গভীর রাতে রায়হান তার নববধূসহ নিজ বাড়িতে ফেরেন।

    অভিযোগ অনুযায়ী, বাসর রাতে অতিরিক্ত মেকআপ ধোয়ার পর রায়হান বুঝতে পারেন—যে মেয়েকে দেখানো হয়েছিল, বাসর ঘরে থাকা কনে সেই ব্যক্তি নন। পরে বিষয়টি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি করে।

    পরদিন পাত্রীকে শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর দীর্ঘ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হয়; তবে ব্যর্থ হওয়ায় দুই পক্ষই আদালতের শরণাপন্ন হয়।

    ২৭ আগস্ট মেয়ের বাবা জিয়ারুল হক ছেলেপক্ষের বিরুদ্ধে মামলা করেন।২ সেপ্টেম্বর রায়হান কবির পাল্টা মামলা করেন জিয়ারুল হক ও ঘটকের বিরুদ্ধে।

    বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও সোমবার(১৯ জানুয়ারি) রায়হানের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

    রায়হানের মামা জানান, ঘটকের দেখানো পাত্রী ভিন্ন ছিল। পরিবারের দ্রুত বিয়ের চাপ থাকায় নতুন করে পাত্রী দেখার সুযোগ হয়নি। তাদের অভিযোগ মেয়ের পরিবার ও ঘটক প্রতারণা করেছে।

    কনের বাবা জিয়ারুল হক বলেন, “ছেলেপক্ষ বাসায় এসে আমার মেয়েকেই দেখে গেছে।” তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর ছেলেপক্ষ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে তিনি জমি বিক্রির কথা বললেও সময় চাওয়ায় সমঝোতা ভেঙে যায়।

    ঘটক মোতালেব বলেন, তিনি অন্য কাউকে দেখাননি এবং পরবর্তী পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে গেছে।

    এই বিষয়ে বার কাউন্সিলের সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, কনে বদলের অভিযোগে মামলা চলমান রয়েছে এবং আদালতেই সত্য উদঘাটিত হবে।

    অস্বাভাবিক এই বিয়ের ঘটনাকে ঘিরে জেলাজুড়ে কৌতূহল দেখা দিয়েছে। কেউ প্রতারণা বলছেন, কেউ যৌতুক–বিরোধী আইনি জটিলতা বলছেন। এখন সবার দৃষ্টি আদালতের রায়ের দিকে।

     

  • মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

    মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

    ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

    নওগাঁর মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী চকউলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস,এম ইছমাইল হোসেন জানান দারিয়াপুর মৌজার আর, এস খতিয়ানে ৯২তে জমির পরিমাণ ১ একর ৪৪ শতাংশের মধ্যে ৫০ শতাংশ এবং ১৩৫ খতিয়ানে মোট জমির পরিমাণ ৪ একর ১০ শতাংশের মধ্যে ৩৪ শতক জমির ( বাড়ি ভিটা ১১) গ্রাম্য সালিশের মাধ্যমে ৭ নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চু গ্রাম্য মাতব্বর আমজাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে ইসমাইল গং দের দুইটি খতিয়ানে মোট ৮৪ শতক জমি ভোগ দখলের জন্য বুঝিয়ে দেন।

    এরপর থেকে শান্তিপূর্ণভাবে উক্ত জমি চাষাবাদ করে আসছেন ইসমাইল গং রা এমতাবস্থায় ১৯ জানুয়ারি সকাল ৯ টার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের প্রতিপক্ষের মোসলেম উদ্দিন সরদার , আব্দুর সাত্তার , উভয় পিতা আবের আলী, মজিবর ও তার ছেলে রইচ উদ্দিন হাবিবুর এর ছেলে নজরুল ইসলাম নজু সহ অন্যান্য আরও বেশ কয়েকজন ইসমাইল গঙ্গের ভোগ দখলীয় সম্পত্তি সীমানা পিলার উপরে ফেলে হাল চাষ করে জমির আইল কেটে জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে ।

    এ সময় ভুক্তভোগীরা বাধা প্রদান করতে গেলে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করে বিবাদীদের সঙ্গে শক্তিতে নানা পেরে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    এ ব্যাপারে অভিযুক্ত হবিবরের কাছে জমি জবর দখলের বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন সালিশের মাধ্যমে তাদেরকে জমি বের করে দিয়েছিলাম তারা দুইটি ফসল উৎপাদন করেছে । তাহলে কেন জমি জবরদখল করলে এমন প্রশ্নের জবাবে কৌশলে সাংবাদিকদের এড়িয়ে পালিয়ে যান ।

    এ বিষয়ে মাতব্বর আমজাদ হোসেন বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে জমি বের করে দেওয়া হয়েছিল । মোসলেম গং রা কোন ক্ষমতার বলে সেই জমি আবারো জবরদখলের চেষ্টা করছে ।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল বলেন, এই জমি নিয়ে বহুদিন দরবার হয়েছে। পরবর্তীতে দুই পক্ষের সম্মতিক্রমে কাগজপত্র যাচাই করে, ইছমাইল গংদের জমি বুঝিয়ে দেওয়া হয়, তারা ফসলও করছে। তাহলে কেন আবার তারা জোরপূর্বক জমি জবরদখলের চেষ্টা করছে এই বিষয়টি খতিয়ে দেখতে হবে ।

     

  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

    ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

    মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেশপুর গ্রামে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।

    রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মহেশপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন হাসপাতালে গিয়ে আহতদের অবস্থার খোঁজ নেন।

    আহতরা হলেন ওই এলাকার শিক্ষক ও মসজিদের ইমাম আবু সাঈদ (৩২), স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম (৩০) এবং সেলিম রেজার মা সেলিনা বেগম (৪৫)।

    স্থানীয়দের বরাতে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে আবু সাঈদের বাড়িতে যান। বৈঠক শেষে তিনি এলাকা ত্যাগ করার পর বাড়ির বাইরে থাকা মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

    সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে সেলিনা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

    আহত শিক্ষক আবু সাঈদ অভিযোগ করে বলেন মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

    অন্যদিকে জামিল সরকার সাদ্দাম দাবি করে বলেন, তারা পরিবারসহ বিএনপি সমর্থক হওয়ায় এলাকায় হঠাৎ ৫০-৬০টি মোটরসাইকেল ঢুকে পড়ায় তিনি নিষেধ করতে গেলে উল্টো হুমকি ও হামলার শিকার হন।

    এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান আহতদের চিকিৎসা চলছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তবে এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

     

  • ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

    ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

    এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংবাদিকদের সাথে মতবিনিময়

    সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় নিজস্ব অফিসে সাংবাদিকদের সাথে মতবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. রফিক ইসলাম চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।

    বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

     

  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

    শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

    কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ শতাধিক বসতঘরসহ বিভিন্ন স্থাপনা আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় অনেক পরিবার তাদের ঘরের কোনো জিনিসপত্র উদ্ধার করার সুযোগ পায়নি।

    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের ডি-৪ ব্লকে অবস্থিত একটি এনজিও পরিচালিত লার্নিং সেন্টার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। বাঁশ, ত্রিপল ও অন্যান্য দাহ্য উপকরণে তৈরি ঘনবসতিপূর্ণ ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের শেড ও বসতঘরে।

    রোহিঙ্গা কমিউনিটি নেতা মোহাম্মদ আজিজ জানান, এই অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে তিনি জানান।

    খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, টানা প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে রান্নার চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৬ ডিসেম্বর চার নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এর একদিন আগে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে অন্তত দশটির বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

  • বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

    বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালী বাউফল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসলিম তালুকদারকে। তিনি বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সোমবার (১৯ জানুয়ারি-২০২৬) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনা করে এবং জেলা বিএনপির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই পথ প্রদান করা হয়। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

    উক্ত পত্রে স্বাক্ষর করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

    আদেশের অনুলিপিটি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

  • লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    ​লালমনিরহাট প্রতিনিধি:

    ​লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র একটি দল সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ভারতীয় স্কাপসহ ৮৮৫ পিস ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

    আজ ১৯/০১/২০২৬ ইং সোমবার দিবাগত রাত আনুমানিক ৪:৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ও রংপুরের গংঙ্গাচড়া থানা এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা ঘটে।​

    পুলিশ সূত্রে জানা গেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় লালমনিরহাট জেলার ডিবি পুলিশের একটি টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি সদস্যরা তাৎক্ষণিক গাড়িটির পিছু ধাওয়া করেন।

    ধাওয়া​ চলাকালীন সময় কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গংঙ্গাচড়া থানা ধীন এলাকায় প্রবেশ করেন। তার পরও থেমে থাকেননি লালমনিরহাট ডিবি পুলিশ চৌকোশ টিম।

    রংপুরের গংঙ্গাচড়া থানায় ঢুকে লালমনিরহাটের ডিবি সদস্যরা ৫ নং লক্ষিটারী ইউনিয়ন এলাকায় রাস্তার ওপর বেঞ্চ ফেলে ব্যারিকেড তৈরি করেন। ব্যরিকেড ভেঙ্গে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে চালক। এক পর্যায় কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে সজোরে ধাক্কা দেয়।

    এই দুর্ঘটনার পরপরই অন্ধকার ও কুয়াশার সুযোগ ব্যবহার করে কার্ভাড ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক।

    ​পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮৮৫ পিস নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

    ঘটনাস্থলে ডিবি পুলিশ লালমনিরহাট ও গঙ্গাচড়া থানা পুলিশ উপস্থিত হয়ে গাড়ি ও মাদকদ্রব্য জব্দ করে।​ এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

    বর্তমানে রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখঃ ইস্কাপ ১৭৯ + ফেনসিডিল ৭০৬ পিচের হিসাবে মোট ৮৮৫ পিচ মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ লালমনিরহাট ও গংঙ্গাচড়া থানা পুলিশ।

    এই ঘটনায় ডিবি পুলিশ লালমনিরহাট যে সাহসিকতার দৃষ্টান্ত দেখিয়েছে তাতে করে এটাই প্রমান হয় যে,সত্যিই কঠোর আদেশ জারি ও মাদক নির্মূল পদক্ষেপ গ্রহণ করেছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশ।

  • ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী

    ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

    ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের আয়োজনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। নেতৃত্বগুণ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

    সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত ১০ম গোল্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সারাদেশের প্রায় ১৫০ জন তরুণের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুরস্কার গ্রহণ করেন।

    পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ইউশা জামান তূর্য্য, আসমা বিনতে রশিদ, মাবসুরাহ মোরশেদ, নওশিন আরাফা ভাবনা এবং কারিন সাফ্ফানা।

    ডিউক অব এডিনবার্গের আন্তর্জাতিক পুরস্কার কর্মসূচির সর্বোচ্চ স্তর গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের জন্য অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সমাজসেবা এবং অভিযাত্রামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য রিজওয়ান বিন ফারুক।

    অনুষ্ঠানে রিজওয়ান বিন ফারুক বলেন, “গোল্ড অ্যাওয়ার্ড অর্জন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতিফলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছেন।”

    এ অর্জনের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান মান ও শিক্ষার্থীদের বহুমাত্রিক সক্ষমতার প্রতিফলন।

     

  • কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

    কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

    মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নে এক রাতে তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে ধান বিক্রির বড় অংকের টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব আলিপুর গ্রাম এখন চুরির আতঙ্কে স্থবির। সোমবার রাতে যখন পুরো গ্রাম নিঝুম শান্ত, ঠিক তখনই পরিকল্পিতভাবে হানা দেয় চোর চক্র।

    চুরির শিকার প্রথম বাড়িটি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদত হোসেনের। শাহাদত জানান, তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি ঘরের এক পাশের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এই সুযোগে চোর চক্র কৌশলে অন্য পাশের বারান্দা দিয়ে প্রবেশ করে তালাবদ্ধ আলমারি ভেঙে লুট করে নেয় ধান বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার।

    মোঃ শাহাদাত হোসেন বলেন, “কষ্টার্জিত ধান বিক্রির টাকা এবং পরিবারের স্বর্ণালংকার হারিয়ে আমি এখন দিশেহারা। পরিকল্পিতভাবেই এই চুরি করা হয়েছে।”

    তবে চোরদের তান্ডব কেবল শাহাদতের বাড়িতেই সীমাবদ্ধ ছিল না। একই রাতে ওই গ্রামের আরও দুই বাসিন্দা মোঃ মহসিন ও মোঃ মনিরের বাড়িতেও হানা দেয় দুর্বৃত্তরা।

    ভুক্তভোগী মহসিন জানান, তার বাড়ি থেকে বড় ধরনের অর্থ লুট না হলেও মূল্যবান মালামাল লুটপাট করেছে এবং বেশ কিছু আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে নষ্ট করে দিয়ে গেছে চোররা।

    অন্যদিকে, তৃতীয় শিকার মোঃ মনির এখন আক্ষরিক অর্থেই নিঃস্ব। মনির জানান, ব্যবসার কাজে খাটানোর জন্য ঘরে জমানো ছিল নগদ ৫০ হাজার টাকা। চোররা সেই টাকা নিয়ে যাওয়ায় তার ব্যবসার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

    মোঃ মনির হোসেন বলেন, “ব্যবসায়ের জন্য টাকাগুলো অনেক কষ্টে জমিয়েছিলাম। সব নিয়ে গেছে, আমি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।”

    একই রাতে একই গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো এখন আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এলাকাবাসীর দাবি, পুলিশি টহল জোরদার করে দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনা হোক।

  • চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

    চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১০৬ জন বন্দি আবেদন করেছেন। বর্তমানে কারাগারে গড়ে ছয় শতাধিক বন্দি থাকলেও আবেদনকারীর সংখ্যা মোট বন্দির এক ষষ্ঠাংশেরও কম।

    নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের বিধান আগে থেকেই থাকলেও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে এবারের নির্বাচনে পোস্টাল ভোটিং বিষয়ে বিশেষ প্রচার-প্রচারণা চালানো হয়। এর ফলেই চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১০৬ জন বন্দি ভোটদানের জন্য আবেদন করেন।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, কারাগারে গড়ে প্রায় সাড়ে ছয় শতাধিক বন্দি থাকে। রোববার (১৮ জানুয়ারি) সকালে বন্দির সংখ্যা ছিল ৬৪২ জন। তাদের মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট প্রদানের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে ৯ জন মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট প্রদান করবেন।

    নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনগত হেফাজতে থাকা ভোটাররা এবার আইসিপিভি পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্দি ভোটারদের তালিকা যাচাই-বাছাই ও অনুমোদনের কাজ করবে।

    এ জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে জেলখানা বা আইনগত হেফাজত কর্তৃপক্ষ দুজন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন। নিবন্ধন শেষে সিল ও স্বাক্ষরযুক্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত পোর্টালে আপলোড করা হবে।

    নিবন্ধিত ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালট গ্রহণ করবেন। পোস্টাল ব্যালটের খামে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা, ঘোষণাপত্র এবং ফেরত খাম থাকবে।

    ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে গোপন ভোটকক্ষ প্রস্তুত করা হবে। পোস্টাল ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক ও প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা নির্ধারিত প্রতীকের পাশে টিক (√) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।

    ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে ভোটারের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর দিতে অক্ষম হলে অন্য একজন ভোটারের মাধ্যমে তা সত্যায়ন করা হবে।

     

  • আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

    আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

    অলি উল্লাহ (রিপন), বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    রাজনীতিবিদদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। আমরা এক আল্লাহরই তাঁবেদারি করি এবং ইসলামের হুকুমত কায়েমের চেষ্টা করি।

    আইয়ুব খানের শাসনামলে তার সৈন্যদের হাফপ্যান্ট থেকে ফুলপ্যান্ট পরানো হয়েছে। বঙ্গবন্ধুকে দিয়ে ইসলামী ফাউন্ডেশন, জিয়াউর রহমানকে দিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং এরশাদ সাহেবকে দিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন চালু করানো হয়েছে।

    রোববার (১৮ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহর আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছারছিনা পীর সাহেব, শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন।

    বাউফল উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. ইসমাইলের সভাপতিত্বে এবং মাহফিল কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন—

    জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. হেমায়েত বিন তৈয়ব,
    ছারছিনা দ্বীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ,
    যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. মফিজ উদ্দীন
    এবং ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু ওয়াক্কার।

    উল্লেখ্য, মাহফিলে জিকির ও তালিম প্রদান করেন জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ আবু বকর মো. নেছারুল্লাহ।

  • জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

    জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

    রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিশ্ববিদ্যালয় ইউট্যাব, জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবর্তক এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে এক দূরদর্শী নেতা। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও আত্মমর্যাদার যে রাজনৈতিক দর্শন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।

    দোয়া ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

     

  • আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

    আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

    জাবি প্রতিনিধি:

    শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’–এর আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন জলসিঁড়ি।

    শুক্রবার ( ১৬ জানুয়ারি ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। নানা সেগমেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অংশ নিয়ে লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন এবং নজরুল সঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করে জাবির জলসিঁড়ি।

    এ ব্যাপারে জলসিঁড়ির বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সুরভী চক্রবর্তী বলেন, জলসিঁড়ি তার এ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখবে সবসময়।আমরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জাবির সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রতিজ্ঞাবদ্ধ।

    উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি দীর্ঘদিন ধরে লোকজ ও শুদ্ধ ধারার সংগীত চর্চায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।

  • চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

    চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াত একে অপরেরর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোঃ গুলজার আলম।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনার জের ধরে ওই ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ধনিজকরা বিএনপির অফিস অজ্ঞাতনামা ব্যক্তিরা ভাংচুর করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার বাসে কে বা কারা আগুন দেয়।

    একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদি দোকান,পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে জামায়াত অফিসসহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার দুপুরে ধনিজকরায় বাজারে জামায়াত-বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী ও সমর্থক শাহাদাত হোসেন এবং জামায়াতের সমর্থক তাসকিন আহত হয়।

    এদিকে মাদরাসার বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান।

    চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার তার প্রতিবেশির অর্থনৈতিক লেনদেন নিয়ে দু পক্ষের সংঘর্ষে ভাংচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি-জামায়াতের কেউ জড়িত নয়। এটা তাদের পারিবারিক ঘটনা। বিএনপি অফিস কে বা কারা ভাংচুর করেছে তা আমরা জানি না। তারা আমাদের তিনটি নির্বাচনী অফিস আগুনে জ¦ালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করে। এছাড়াও রোববার রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন বেতিয়ারা গ্রামে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বসে থাকার সময় জামায়াতের নেতাকর্মীরা সশ্রস্ত্র অবস্থায় এসে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। জামায়াতের দলীয় কার্যালয় এবং সমর্থকদের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপির উপর দোষ চাপিয়ে নির্বাচনে সুবিধা আদায়ের চেষ্টা করছে।

    চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

     

     

  • মোংলায় বিট পুলিশিং সভা

    মোংলায় বিট পুলিশিং সভা

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাটের মোংলায় সমাজ থেকে অপরাধ নির্মূল ও জনণনের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিট পুলিশিং এর আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জনসচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা রামপাল সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ শাহরিয়ার আলম,উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব মোঃ দেওয়ান জিয়াউর রহমান,মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান শাহীন। পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মানিক চন্দ্র গাইন।

    সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবার সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতন ভূমিকা এবং সময়মতো সঠিক তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়। এ সময় সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

    সভায় বক্তারা আরও বলেন, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই কেবল একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

    প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম বলেন,বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছি। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

    তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের তথ্য গোপনে পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।

    সভা শেষে বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।