Month: March 2025

  • চাঁদ দেখা গেছে, কাল ঈদ

    চাঁদ দেখা গেছে, কাল ঈদ

    দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

    ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

    উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

  • যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

    যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

    যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

    শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ১২:২০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

    তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কখা ভাবছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা জানিয়েছে, রোববার তারা ঘটনাস্থলে থাকবে বলে আশা করা হচ্ছে।

    সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।”

    সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

  • এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

    তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে।

    রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে,

    রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

    ঘরমুখো মানুষ সড়কপথের মতো ট্রেনযাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফল পাচ্ছি।

    স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এ বিষয়ে বলেন, যাত্রীদের সবাই খুশি। অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছে। ভোগান্তি একেবারে কম। কোথাও বাড়তি টাকা-পয়সা চাওয়া হচ্ছে না। এগুলো যাত্রীরা জানালেন। তারা ভালোভাবে গেলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।

  • এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

    এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

    আজ সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী, স্বাস্থ্যসম্মত টয়লেটের উপকরণ, ঢেউটিন, টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৮ রমজান) সকাল ১০ টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সহ কারী সেক্রেটারি আঃ হামিদ মিয়ার নিজ বাড়ীতে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশের শূরা সদস্য ও এনায়েতপুর থানা শাখার আমির ডা. মাওলানা মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডা. শেখ মোঃ আইয়ুব আলী, সহসভাপতি সোলায়মান হোসেন, জামায়াত নেতা মোঃ আবু বনিক হোসেন, শ্রমিক নেতা আব্দুল হামিদ মিয়া, ছাত্রশিবিরের এনায়েতপুর থানা সভাপতি মোঃ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাইয়ুম আলী শেখ প্রমুখ।

    উক্ত বিতরণ অনুষ্ঠানে এনায়েতপুরের থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মাওলানা মোঃ সেলিম রেজা বলেন রমযান মাসে কিছু উপহার নিয়ে আমরা আমাদের ভাই ও বোন দের বাড়িতে পৌছে দিতে চেয়েছি। কিন্তু আমরা তা করে উঠতে পারিনি। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরো বেশি পরিমাণে উপহার সামগ্রী আমাদের ভাই বোনদের বাড়িতে পৌছে দেয়ার চেষ্টা করব।

    এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী বলেন আমরা অসহায় মানুষের পাশে যতসামান্য কিছু দিতে পেরেছি, দোয়া করবেন আমরা যাতে আগামীতে আরো বেশি করে দিতে পারি।

  • চৌদ্দগ্রামে অবঃ সেনা সদস্যের উপর হামলার অভিযোগ

    চৌদ্দগ্রামে অবঃ সেনা সদস্যের উপর হামলার অভিযোগ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ মালিকীয় ভূমিতে নির্মাণকাজ চলমান অবস্থায় অব: সেনাসদস্য জয়নাল আবেদীন ও তার প্রতিবন্ধী পুত্রের উপর একাধিকার হামলার অভিযোগ করেছেন। শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভূমিদস্যু মোশারফ ও তার ৫ ছেলের অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণভয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন বলে জানান।

    লিখিত বক্তব্যে তিনি জানান, আমি অব:প্রাপ্ত সেনা সদস্য। মুন্সীরহাট ভূমি অফিসের আওতাধীন হাড়ীমুড়া মৌজার বিএস চুড়ান্ত ৩৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আবদুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২শতক, ১৮৪ দাগে ৫৬শতকসহ মোট- ৮৮শতক ভূমিতে ৩পুত্র ওয়ারীশ রাখিয়া মারা যান। মৃত আব্দুল হামিদের ওয়ারীশপুত্র খোরশেদ আলম ওয়ারীশসূত্রে মালিক হয়ে ২০১৬ সালের ২৩শে মার্চ ৮১১নং হেবার ঘোষনাপত্র মুলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫শতাংশ ভূমি তাহার পুত্র কামরুল ইসলামকে প্রদান করেন।

    কামরুল ইসলাম উক্ত দলিলমূলে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ১০,১০৩/২০২১-২২মূলে সৃজিত ২৩৯নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন। পরবর্র্তীতে কামরুল ২০২৩ সালের ১৯শে অক্টোবর ৯২০৮নং সাফকবলা দলিলমূলে বিএস চুড়ান্ত ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি আমার ২ ছেলে শাহাদাত ও আনোয়ারের নিকট বিক্রি করিয়া মালিকানা হস্তান্তর করেন ও দখল বুঝাইয়া দেন। আমার ছেলেরা উক্ত দাগের ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক হয়ে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ৬,০৮৭/২০২৩-২৪মূলে সৃজিত ২৯৩নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন।

    আব্দুল হামিদের অপর ওয়ারীশ মোশারফ হোসেনের স্ত্রী কহিনুর বেগম বিজ্ঞ আদালতে নামজারী আপীল মোকদ্দমা নং- ৪৮১/২০২২-২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত ৪৫৫ দাগে প্রত্যেক ওয়ারীশ সমান হিস্যায় ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক মর্মে রায় প্রদান করেন। এছাড়াও সামাজিকভাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক বৈঠকেও আব্দুল হামিদের তিন ছেলে সমান হিস্যায় মালিক মর্মে রায় প্রদান করেন এবং জয়নাল আবেদীনের ছেলেদের মালিকানা বৈধ বলে ঘোষনা করা হয়। মোশারফ গং এতেও ক্ষান্ত না হয়ে আমার ছেলেদের দখল নেই মর্মে আদালতে ৩৫/২০২৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। উক্ত দেওয়ানী মামলার প্রেক্ষিতে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে তদন্ত করে আমার ছেলেদের দখলে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি রয়েছে মর্মে প্রতিবেদন দায়ের করেন।

    মোশারফ ও তার ছেলেরা রাষ্ট্রিয় আইনে, সামাজিকভাবে ব্যর্থ হয়ে আমার মালিকানাধীন ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় গত ০৫ই মার্চ বিকেলে আরও অন্তত ৮-১০জন সন্ত্রাসীসহ আমার প্রতিবন্ধী ছেলে সোহরাব হোসেনকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়।।

    সংবাদ সম্মেলণে উপস্থিত থেকে জয়নাল আবেদীনের সকল দাবী সত্য মর্মে বক্তব্য রাখেন মোশারফের ভাই খোরশেদ আলম, ফজলুর রহমান, ইয়াকুব শরীফ, মাষ্টার আইয়ুব আহমেদ।

    এদিকে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে

    মোশারফ ও তার স্ত্রী কহিনুর দাবী করেন, মামলা চলমান অবস্থায় জয়নাল আবেদীন উক্ত বিবাধমান ভুমি ক্রয় করেন। বিবাধমান ভূমিতে দখলে যাওয়াকে কেন্দ্র করে তাদের উপরও একাধিকবার হামলা হয়েছে বলেও দাবী করেন তারা।

  • তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাকরি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন।

    শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এসব কথা বলে ড. ইউনূস। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

    ড. ইউনুস বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।

    প্রধান উপদেষ্টা বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরীব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগনের সকল সমস্যার মূলে।

    তিনি বলেন, প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।

    প্রসঙ্গত, চারদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন সফরে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  • ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ

    ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ

    অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

    উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি–‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।

    প্রায় আট বছর আগে ‘ঈদ’ থেকে ‘ইদ’ বানান নির্ধারণ করেছিল বাংলা একাডেমি। এবার শব্দটির সেই আগের বানানেই ফিরছে দেশের ভাষানিয়ন্ত্রক সংস্থাটি।

    বাংলা একাডেমি ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা একটি কার্ডেও ‘ঈদ’ ব্যবহার করা হয়েছে। একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এতে সই করেছেন।

    ড. মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এই পরিবর্তন আনা হবে।

    ২০১৭ সালের দিকে বাংলা একাডেমি ‘ঈদ’ শব্দের বানান ‘ইদ’ লেখার প্রস্তাব করলে তখন ব্যাপক সমালোচনা হয়।

  • গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত

    গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত

    গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২ জন আহত হয়েছেন।

    হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া উত্তর গাজার জাবালিয়া শহরে নিহত হয়েছেন, গ্রুপটি প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরায়েলিরা গ্রুপের নেতৃত্ব এবং মুখপাত্রদের লক্ষ্য করে তাদের ইচ্ছা ভঙ্গ করবে না।

    জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি আবারও তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, উল্লেখ করে যে তাদের অবশিষ্ট খাদ্য মজুদ মাত্র দুই সপ্তাহের জন্য স্থায়ী হবে।

    স্থানীয় মিডিয়া এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়োহমোর আল-শাকিফে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের দেরদগাইয়া এলাকায় হিজবুল্লাহর একজন কমান্ডারকেও হত্যা করার দাবি করেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৯১০ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

    সূত্রঃ আল জাজিরা

  • সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত  চীন ও বাংলাদেশ

    সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

    চীন এবং বাংলাদেশ বৃহস্পতিবার তাদের সম্পর্ক গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বলেছে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদান করবে।

    এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

    বলা হয়েছে, চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বোআও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠক করেন এবং উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও পরিচালনা করেন। ডিং শুয়েশিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন। এবং তিনি বলেন, চীন আশা করে বাংলাদেশ অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সমৃদ্ধি এবং উন্নতি অর্জন করবে।

    বৈঠকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের দৃঢ় এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ঢাকা গর্বিত এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ।

    বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রা প্রকল্পের জন্য ঢাকা চীনা সমর্থন চেয়েছে এবং চীনের ঋণের সুদের হার ৩% থেকে ১-২% কমানোর জন্য অনুরোধ জানিয়েছে।  এছাড়া, চীনে বাংলাদেশের প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুতি ফি মওকুফ করার জন্যও আবেদন করা হয়েছে।

    প্রধান উপদেষ্টা চীনকে বাংলাদেশের প্রস্তুত-পোশাক, বৈদ্যুতিন যানবাহন, লাইট মেশিনারি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, চিপ উৎপাদন এবং সোলার প্যানেল শিল্পসহ চীনা উৎপাদন শিল্পগুলির স্থানান্তর সুবিধা দেওয়ার জন্য সহায়তা চেয়েছেন।

    ডিং শুয়েশিয়াং বলেন, চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যগুলির জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদান করবে, যা ঢাকা উন্নয়নশীল দেশ থেকে মধ্য-আয়ের দেশে পরিণত হওয়ার দুই বছর পর হবে।  চীন ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করার আগ্রহও প্রকাশ করেছে।

    নির্বাহী উপ-প্রধানমন্ত্রী বলেন, তার দেশ মংলা বন্দর এবং দাশেরকান্দি স্যুয়ারেজ প্রকল্পের আধুনিকীকরণের জন্য তহবিল প্রদান করবে।

    তিনি আরও বলেন, চীন গত বছর বাংলাদেশ থেকে আম আমদানি করার জন্য একটি প্রটোকল স্বাক্ষর করেছে।  সরকারি কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি এই গ্রীষ্মে শুরু হবে।  চীন বাংলাদেশের কাঠাল, পেপে এবং অন্যান্য জলজ পণ্যও আমদানি করবে, যা বাণিজ্যিক ঘাটতি কমানোর চেষ্টা হিসেবে করা হবে।

    তিনি বলেন, চীনা সরকার এবং তার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্রদের জন্য আরও স্কলারশিপ প্রদান করবে। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি ছাত্র চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

    উপ-প্রধানমন্ত্রী ঢাকা শিপিং কর্পোরেশন-এর জন্য ৪টি মহাসাগরগামী জাহাজ কেনার জন্য চীনা তহবিলের নিশ্চয়তা দেন।

    তিনি বলেন, চীন বাংলাদেশের সাথে মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি আলোচনার সুযোগ তৈরি করবে।

    প্রধান উপদেষ্টা চীনের নেতৃত্বের প্রতি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, আজকের বৈঠক বাংলাদেশ-চীন অংশীদারিত্বের আরও গভীর হওয়ার একটি মাইলফলক।

    প্রধান উপদেষ্টা বলেন, চলুন আমরা একসঙ্গে কাজ করার সংকল্প করি, যাতে আমাদের দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে একটি নতুন যুগের বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে পারি।

    বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি, রেলওয়ে ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড. খালিলুর রহমান এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

  • শিশুকে ধর্ষণের চেষ্টা, পুলিশের হাতে আলমগীর হোসেন নামে এক যুবক আটক

    শিশুকে ধর্ষণের চেষ্টা, পুলিশের হাতে আলমগীর হোসেন নামে এক যুবক আটক

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আলমগীর হোসেন প্রকাশ সোহেল নামে এক যুবককে আটক করেছে।

    বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সোহেল সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিব গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    মামলায় উল্লেখ করা হয়, শিশুর মা সদর দক্ষিণের বনফুল কোম্পানীতে চাকরি করে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দীর্ঘ নয় মাস চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে আরছ মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছে।

    কোম্পানীতে নাইট শিফটে ডিউটি করায় শিশুটিকে আশ-পাশের মহিলাদের কাছে রেখে যেতো। মঙ্গলবার রাত দশটার সময় পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন সোহেল শিশুটিকে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।

    শিশুটির চিৎকার শুনে আশ-পাশের প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন সোহেলকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পায়। এ সময় সে পালানোর চেষ্টাকালে খাটের নিচ থেকে বের হওয়ার সময় মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আলমগীর হোসেন সোহেলকে হেফাজতে নেয়।

    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুটির মা বাদি হয়ে যুবকের বিরুদ্ধে মামলা করেছে। যুবককে আটক করা হয়েছে’।

  • সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

    সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    দেশের লাইফ-লাইন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহাসড়কের ৪৩ কিলোমিটার সড়কের অবস্থান। এ মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের একাধিক স্থানে যানজট ছিল নিয়মিত চিত্র। ঈদের সময়ে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট বেড়ে আরও দ্বিগুন আকার ধারন করে। সড়কের পাশে ফুটপাতে ভ্রাম্যমান হকার, সড়ক দখল করে আন্ত:জেলা বাস সার্ভিসগুলো দাড়ানোয় চৌদ্দগ্রাম বাজার অংশে যানজট ছিল অবিচ্ছেদ্দ অংশ। এর ফলে চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে মহাসড়কে চলমান যাত্রীদের নেতিবাচক ধারনা ছিল।

    গত ২২শে মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে, চৌদ্দগ্রাম সেনাক্যাম্প, হাইওয়ে পুলিশ, চৌদ্দগ্রাম থানা পুলিশের সার্বিক সহযোগীতায় মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের ফুটপাত দখল উচ্ছেদ করা হয়। গত ২৩শে মার্চ থেকেই পাল্টে গেছে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের চিত্র।

    মহাসড়কের নিয়মিত যানজট এখন আর দেখাই যায় না। সেনাবাহিনীর তৎপরতার কারণে সড়কগুলোতে নিরবচ্ছিন্ন যানচলাচল নিশ্চিত করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের জন্য সড়ক পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটেছে, যার ফলে বাজার এলাকায় চরম ভোগান্তি লাঘব হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মধ্যবত্তি হিসেবে পরিচিত চৌদ্দগ্রাম উপজেলা যানজটমুক্ত হওয়ায় এর সুফল পাচ্ছে পুরো বাংলাদেশের ঈদযাত্রায় ঘরমুখো লক্ষ লক্ষ মানুষ। সংশ্লিষ্টদের আশা, এবারের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্থির।

    ২৬শে মার্চ সরেজমিনে চৌদ্দগ্রাম বাজারে দেখা যায়, যানবাহন চলাচলকে সুষ্ঠু এবং নিয়ন্ত্রিত রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ। এদের পাশাপাশি দায়িত্ব পালন করছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের ২০ জন স্বেচ্ছাসেবক। সেনাবাহিনীর নেতৃত্বে এসব টিমের সদস্যরা ট্রাফিক আইন মেনে চলতে সকলকে সচেতন করছে এবং যানজট মুক্ত সড়ক ব্যবস্থা বজায় রাখা হচ্ছে। এই ব্যবস্থার ফলে, স্থানীয় জনগণের মধ্যে প্রশান্তি এবং ঈদ যাত্রার পথে ঝুঁকি কমেছে।

    বিশেষ করে বাড়ি পৌঁছানোর পথে কোনো ধরনের দেরি বা যানজটের সম্মুখীন হচ্ছেন না, ফলে তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত।

    উপজেলা সেনা ক্যাম্পের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াত, নিরাপত্তা এবং সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনী এই উদ্যোগ অব্যাহত রাখবে।

    চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন জানান, মহাসড়কে লাখো মানুষের ঈদযাত্রায় কোনভাবে যাতে প্রতিবন্ধকতা না হয় আমরা সে বিষয়ে বদ্ধপরিকর। চৌদ্দগ্রাম বাজারের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। মহাসড়কের নির্দিষ্ট স্থানে আন্ত;জেলা সার্ভিস চলাচলে নির্দেশনা দেয়া হয়েছে। সিএনজি, অটোরিক্সা, উল্টোপথে যানচলাচল একেবারেই নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এসব তদারকির জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, চৌদ্দগ্রাম থানা পুলিশসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের টিম কাজ করছে।

  • এনায়েতপুরে জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবসের র‍্যালী

    এনায়েতপুরে জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবসের র‍্যালী

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

    আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাট জামে মসজিদ চত্ত্বর থেকে র‍্যালী শুরু হয়ে এনায়েতপুর কেজির মোড়ে প্রেসক্লাব চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

    এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে পথসভায় বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেন প্রমুখ।

    বক্তাগণ বলেন, ১৯৭১ সালে আমরা পাক হানাদার বাহিনীকে হারিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আবার ২০২৪ এর ৫ আগস্ট এদেশের মানুষ একটি স্বাধীন পরিবেশ তৈরি করেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই স্বাধীন পরিবেশ ভুলুন্ঠিত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আওয়ামী ষড়যন্ত্র এ দেশের মানুষেরা বরদাশত করবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের শান্তিকামী মানুষ তাদেরকে দাত ভাংগা জবাব দিবে।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, অফিস সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, মসজিদ মিশন বিষয়ক সম্পাদক মাওলানা আমির হামযা, জামায়াতে নেতা ক্বারি গোলাম মোস্তফা, ইদ্রিস আলম সহ এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

  • আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে – কাজী নাহিদ

    আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে – কাজী নাহিদ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, আমরা চাচ্ছি নির্বাচন, এ নির্বাচনে জনগণ আ’লীগকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আমরা যারা জোটগতভাবে আন্দোলন করছি, আগামী দিনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট হবে, সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বিগত ২৫-৩০ বছর চৌদ্দগ্রামে যারা বিভিন্ন দল থেকে ক্ষমতায় ছিল, তাদের ভাই, ভাতিজারা, সংগঠনের ক্যাডাররা চৌদ্দগ্রামের মানুষকে চিবিয়ে খেয়েছে।

    তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    কাজী নাহিদ আরও বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে দেশ প্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না, এ বাহিনী আমাদের দেশের গর্ব । মনে রাখতে হবে, ১৯৭১ ও আর ২০২৪ সালের চেতনা এক নয়। ২৪ এর চেতনা অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

    মঙ্গলবার বিকেলে হোটেল ডলি রিসোর্টে উপজেলা জাতীয় পার্টির(জাফর) সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার।

    উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ওলামা পার্টির আহবায়ক মাওলানা আইয়ুব হোসেন, আলকরা ইউনিয়ন জাপা’র আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির আহমেদ জিকির, সদস্য সচিব জানে আলম দোভাষী, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ, শ্রীপুর ইউনিয়ন জাপা’র নেতা আবুল কাশেম, মুন্সিরহাট ইউনিয়ন জাপা’র আবদুল মালেক, আবদুল লতিফ, নুরুল ইসলাম, উপজেলা যুবসংহতির নেতা লুৎফুর রহমান, লিয়াকত আলী, জিসান আহমেদ, পাভেল মজুমদার, উপজেলা জাতীয় ছাত্রসমাজের নেতা মোবারক হোসেন, মিজানুর রহমান, ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি।

    এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

    প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুকিয়ানে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

  • বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

    বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণের উপর চৌদ্দগ্রাম বাজারে বিএনপির সাংগঠনিক সভায় প্রবেশের সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
    গতকাল সোমবার বিকালের এঘটনা তার ভাই আব্দুল কাদের মোল্লা বাবলু বাদী হয়ে রাতেই চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    মঙ্গলবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আহত সাজেদুর রহমান মোল্লা হিরণ। তিনি অভিযোগ করেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশেই কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা করে। পর পর দুই বার হামলার ঘটনায় তিনি মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করায়।

    তাঁর ভাই বিএনপি নেতা আবদুল কাদের মোল্লা বাবলু বাদি হয়ে কামরুল হুদা, গিয়াস উদ্দিন, আশিক, গাজী শহীদ, দুলাল পাটোয়ারী, লিটন, সুজন, সুমন মিয়াজী, শরীফুল ইসলাম দুলাল, মমিন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মীর হোসেন নয়ন, সাবেক অর্থ সম্পাদক একে শাহ আলম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের মোল্লা বাবলু, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ মজুমদার, সাবেক সহ সভাপতি রুহুল আমিন ভূঁইয়া প্রমূখ।
    এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

  • ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

    ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

    বাংলাদেশে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানের সময় এনজিএসও নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

    আগামী ৯ এপ্রিল দেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে গত রোববার তথ্য দিয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে।

    আমরা অনেকগুলো সংস্থা স্টারলিংকের সঙ্গে কাজ করছি। আমরা ডেমো ডে হিসেব ৯ এপ্রিল স্টারলিংক ব্যবহার করব। সুতরাং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান যেটা, সেটা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করব। দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হবে।

  • একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

    একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

    মুক্তিযুদ্ধকে অনেকেই ভুলে যাওয়ার চেষ্টা করছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে হত্যাযজ্ঞে সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলেন। এ ছাড়া সেসময় মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন মন্তব্য করে ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
    মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
    মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। এ ছাড়া যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন, তারা এখন গলা ফুলিয়ে কথা বলছেন। কিন্তু ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না।’
    বিএনপি মহাসচিব বলেন, ‘রাতের অন্ধকারে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। মানুষকে অরক্ষিত রেখে কোনো দিকনির্দেশনা না দিয়ে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের আগস্টেও তারা তাদের নেতাকর্মীদের রেখে হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেছেন। ‘আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করতো না। আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেয়ার কথা চিন্তা করতে পারি না’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
    তিনি বলেন, ‘৭১- এর সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। যারা এই ইতিহাস জানেন না, তারাই জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রশ্ন তুলেন। সংস্কার কোনো নতুন জিনিস নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় নিয়ে এসেছে। এর অনেক কিছুই জনগণ বোঝে না। বিএনপি এর প্রত্যেকটা নিয়ে মতামত দিয়েছে দেশের মানুষের কাছে। প্রথম সংস্কার নিয়ে এসেছেন জিয়াউর রহমান। এরপরে মৌলিক সংস্কার করেছেন খালেদা জিয়া। এবারও রাষ্ট্র সংস্কারে ৩১ দফার সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি।’
    তিনি আরও বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রে প্রবেশ করতে নির্বাচন লাগবে। নির্বাচন পিছিয়ে দিতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুতুব তৈরি হয়েছে, তারা বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিতে চায়। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত হতে দিতে পারি না।’
    এসময় সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের বিতর্ক না ছড়ানোর আহ্বান জানান ফখরুল। বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। যা মেনে নিতে পারি না।
    নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘এমন কোনো কথা যেন না শুনতে হয় যে বিএনপি খারাপ কিছু করছে। যারা ১০০ গাড়ি নিয়ে শোডাউন করে তারা কী করবে তা বোঝা যাচ্ছে। তাই নিজেরা সতর্ক থাকুন।’
    অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  • বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. মুহাম্মদ ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।

    কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।

    মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

    জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগ আমরা কোনোক্রমেই বৃথা যেতে দেব না।

    ড. ইউনূস বলেন, আজকের অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার পেলে যে আনন্দ, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য; তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই।

    প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেন আগামীতে একটা নিয়ম করতে পারি, যাদের মরণোত্তর পুরস্কার দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে যারা জীবিত অবস্থায় আছেন তাদেরকে যেন পুরস্কার দেই। তাদের প্রতি সম্মানটা আমরা দেই। তারা আমাদের জাতিকে মহান উচ্চতায় নিয়ে গেছেন। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না। আমরা বরং জাতি হিসেবে নিজের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের জীবদ্দশায় স্মরণ করতে না পারলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাবো। যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে আমরা যেন তা দেই।

    অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর সরকার ছয় জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। তারা সবাই বাংলার সূর্যসন্তান।

    এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    এবার স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন। তিনি পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।

  • চৌদ্দগ্রামে হান্ডা মাদ্রাসা ইফতার মাহফিলে কাজী নাহিদ

    চৌদ্দগ্রামে হান্ডা মাদ্রাসা ইফতার মাহফিলে কাজী নাহিদ

    চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা চিওড়া ইউনিয়ন হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ।

    হান্ডা মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ আহম্মদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছবির আহমদ মজুমদার, উপজেলা যুব সংহিতর আহবায়ক কাজী সহিদ, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল হোসেন, মোবারক হোসেন, সোলেমান হোসেন, আমিরুল ইসলা,এসময় আরও উপস্হিত ছিলেন চিওড়া ইউনিয়ন ছাত্র সমাজের নেতা সানোয়ার হোসেন, জিসান আহমেদ, শাহাদাত আহমেদ, হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, আবু মুছা হাজারী,শিক্ষক মাওলানা খোরশেদ আলম, মাহবুবুর রহমান, শামসুল ইসলাম, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, হাফেজ মাওলানা আইমান, হাবিবুর রহমার, মাওলানা খন্দকার গোলাম মাওলা।

  • ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

    ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

    আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

    ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ইথিকস ক্লাব’ এর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজুর রহমান, ইথিকস ক্লাবের সহসভাপতি নুশরাত জাহান বুশরা, সাংগঠনিক সম্পাদক তারেক খান প্রমুখ।

    মানববন্ধনে বক্তাগণ বলেন, ফিলিস্তিনেএই নির্মম হত্যাযজ্ঞের শিকার শুধুই মানুষ নয়—শিকার হয়েছে স্বপ্ন, শিকার হয়েছে স্বাধীনতার অধিকার, এবং সর্বোপরি, শিকার হয়েছে মানবতা। প্রতিদিন শত শত শিশু হত্যা করা হচ্ছে। মায়ের কোল খালি হচ্ছে, বাবার কাঁধে উঠছে লাশের বোঝা। হাসপাতালগুলো বিধ্বস্ত, খাদ্য ও ওষুধের সংকট তীব্র। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানএবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে বলেন।
    বক্তাগণ বলেন, মুসলমানদের ইসলামের নীতিমালা অনুযায়ী সংগ্রাম করে যেতে হবে। ফিলিস্তিনের বিজয় অনিবার্য।

    বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ, ফিলিস্তিনে ইসরায়েল কতৃক মানবতা বিরোধী অপরাধের বিচার, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য শক্ত অবস্থান নেয়া, ইসরায়েলকে সহায়তাকারীদের পণ্য বয়কট করা, ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার আহবান জানান।

    মানববন্ধনে আর উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।