Blog

  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

    আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই।

    শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতারা।

    এসময় তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহিদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না।

    রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় তারা বলেন, সতর্ক হয়ে যান নইলে আর একটি জুলাই দেখতে হবে। শুধরে যান নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।

    তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি।

    আহতরা বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

    সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা

  • ১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

    ১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

    ভোট দেওয়ার বয়স ১৬ ও নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

    তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

    গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

    সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’

    উল্লেখ্য, বর্তমানে ভোটার হয়ে ভোট দিতে ১৮ বছর হতে হয় একজনকে। আর নির্বাচনে প্রার্থী হতে ২৫ বছর পূর্ণ হতে হয়। যা এবার কমিয়ে আনার প্রস্তাব রাখতে যাচ্ছে তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।

  • সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ মাহমুদ

    সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

    জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানান।

    আসিফ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যেকোনো কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন।

    আসিফ মাহমুদদের সেনাপ্রধান বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি ৩০-৪০ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিৎ?

    আসিফ বলেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন বুকে পাথরচাপা দিয়ে আমি এ সিন্ধান্তটা মেনে নিয়েছি।

  • গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮৫ ফিলিস্তিনির

    গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮৫ ফিলিস্তিনির

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৮৫ ফিলিস্তিনির। এ নিয়ে ইসরাইলি বর্বরতায় গত তিনদিনের প্রায় ৬০০ জন নিহত হলেন।  এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।

    শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

    বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।

    মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

    এদিকে গত ৩ দিনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। আলজাজিরা বলছে, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরাইলি হামলায় ৫৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ।

    এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে।

    অন্যদিকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।  ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে হামলা চালানোর প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

    হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলি ‘গণহত্যার’ প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।

    ইসরালি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা থেকে ছোড়া একটি প্রোজাক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরাইল।

  • যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

    যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

    পাবনার চাটমোহরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
    বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে দেশীয় অস্ত্র এবং ওই গাঁজা উদ্ধার করা হয়।
    আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।

    স্থানীয় সূত্র জানাযায়,ইদ্রিস ও তার স্ত্রী  দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁনসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়।
    এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনা সদস্যরা। প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাড়িতে রাখা মাটির নিচে পলিথিনে মুড়ানো ৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) ও দেশীয় অস্ত্র দুটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করে সেনাবাহিনী।
    পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে ইদ্রিস আলী আগে থেকেই পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি।

    এ বিষয়ে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন বলেন, প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি।
    পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কে হস্তান্তর করা হয়েছে।

    এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃত রুবিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
    রুবিয়া এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। গাঁজা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় চাটমোহর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃত রুবিয়া খাতুনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

  • তারেক রহমানের দেশে ফিরেতে আর কোনো বাধা নেই

    তারেক রহমানের দেশে ফিরেতে আর কোনো বাধা নেই

    বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিম্ন আদালতে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা ‘হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেন’ এর অভিযোগ থেকে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত।

    বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

    এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

    এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস নেওয়া হয়। এক-এগারোর সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে মামলাটি করেছিল। ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ ৮ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছিলেন।

    বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

    গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া রাষ্ট্রের নির্বাহী আদেশে মুক্তি পান গত ৬ আগস্ট। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় তাদের সাজা হয়েছিল।

    হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীদের আগ্রহ, যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরছেন কবে সে বিষয়ে। বিভিন্ন সংবাদমাধ্যম তার ফেরার বিষয়ে বিভিন্ন সময়ের কথাও বলেছিল। তবে বিএনপির শীর্ষ নেতারা আইনি বাধা কাটানোর কথা জানিয়েছিল।

    যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, কেবল আইনি বাধা নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি ও তার নিরাপত্তার বিষয়টি জড়িত।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।

    আলোচনাকালে, সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।

    এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

    পরিশেষে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়।

    প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

  • অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

    অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

    বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০২৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

    বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

    এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয়।

    সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর।  সেই থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা।

    এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

  • তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

    তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সেটি গুরুতর বলে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

    যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান এক সাংবাদিক।

    জবাবে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া (তুলসী গ্যাবার্ডের বক্তব্যের) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। ওনার (তুলসী গ্যাবার্ড) বক্তব্য গুরুতর।

    সোমবার (১৭ মার্চ) নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে রয়েছে।

    সোমবার রাতেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    এক বিবৃতিতে সরকার বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা।

    তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

    এদিকে স্থানীয় সময় সোমবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো জবাব দেননি।

  • ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

    ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

    দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

    ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন এ তথ্য জানিয়েছেন।

    এর আগে প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় এই দৈনিকের ডিক্লেয়ারেশন বাতিল করে সরকার।

    অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।

    আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়।

  • জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

    জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ২৮৯ শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে, যারা কি না নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আন্দোলনকারীদের ওপর হামলায় আরও ১০ শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।

    উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা শেষে সোমবার রাত ৩টার দিকে  এক সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বেলা ১১টার দিকে সিন্ডিকেট সভা শুরু হয়।

    সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন— সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ রঙ্গন, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, তৎকালীন প্রক্টর আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজউল হাসান ও ইতিহাস বিভাগের অধ্যাপক হুসনিয়ারা।

    যে ১০ শিক্ষকের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠিত হয়েছে তারা হলেন— পলাশ সাহা, শফি মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনির উদ্দিন শিকদার, মহিবুর রউফ শৈবাল, আনোয়ার খসরু পারভেজ, সাইফুর রহমান ও অধ্যাপক এ এ মামুন।

    বহিষ্কার হওয়া ২৮৯ শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি। এদের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের সনদপত্র স্থগিত ও স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষার্থীদের ফল স্থগিত বা বিশেষ ক্ষেত্রে সনদপত্র স্থগিত এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে, আন্দোলনকারীদের ওপর হামলায় সংশ্লিষ্টতার দায়ে জাবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাবির দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

    কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সৎ দাদা বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দাদী আমেনা বেগমকে গ্রেফতার করেছে।

    ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ উপজেলার বাতিসার দৈয়রা পূর্বপাড়া। তথ্যটি সোমবার দুুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহাম্মেদ। গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলামের ২য় স্ত্রী।
    এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে দাদা ও দাদীর বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্রে জানা যায় , গত ১৪ মার্চ বিকালে ১১ বছরের শিশু কন্যা বাতিসা কালিকাপুর সীমান্ত ২১১০/১১ নং পিলার এলাকায় ফুটবল মাঠে খেলছিলো। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলাম (৪৫) কৌশলে ঐ শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার দাদী আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখে তার দাদা তাকে ধর্ষনের চেষ্টা করছে।

    ধর্ষনের বিষয়টি কাউকে না বলার জন্য দাদী তার শিশু নাতনীকে হুমকি দমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে গত ১৬ মার্চ স্থানীয় ভাবে একটি শালিসী সভা বসে। সভায় ঐ শিশু কন্যাটি প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদী তাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। সভায় তার সৎ দাদা নজরুল ইসলাম ও শিশু কন্যাটিকে মারধরের চেষ্টা করে।

    চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান এ ঘটনায় শিশুটির মা দাদা নজরুল ইসলাম ও দাদী আমেনা বেগমকে আসামী করে ১৬ মার্চ রাতে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দাদী আমেনা বেগমকে গ্রেফতার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলাম পালিয়ে যায়।

    শিশুটির বাবা অটোচালক বলেন আমি সারাদিন পরিশ্রম করি। গত একদিন আমিসমাজের কাছে এই অন্যায়ের বিচার চেয়েছিলাম,তারা আমাকে আইনের পরামর্শ দিয়েছেন। আমি এই অন্যায়ের বিচার চাই।

  • ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার

    ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার

    সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

    এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে এবার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার।

    সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেই সঙ্গে নিজের সেই বক্তব্যের বিষয়টিও স্পষ্ট করেন তিনি।

    বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

    এর আগে গত শনিবার (১৫ মার্চ) গণপরিবহণে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’

    তার এই বক্তব্যের পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ডিএমপি কমিশনারের এই বক্তব্য বাস্তবে ধর্ষকদের পক্ষ নেওয়ার শামিল।

    তিনি মনে করেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের মন্তব্য প্রত্যাহার করা উচিত।

    অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠনও ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানায়।

    সবশেষ রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ধর্ষণ ধর্ষণই, তা ৮ বছর বয়সি শিশু বা ৮০ বছর বয়সি বৃদ্ধা, যে কারও ক্ষেত্রেই হোক না কেন। এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।

  • ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

    ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।

    এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

    তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

  • বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত,ডাঃ তাহের

    বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত,ডাঃ তাহের

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, মুসলমানদের সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মুসলমানরা যদি মানুষের কল্যাণ করে, সে সমাজটা ভালো হবে। বাংলাদেশে গত পনের বছরে একজনেই ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ইসলাম টাকা লুটপাট ও অসততা সমর্থন করে না। রাষ্ট্রপ্রধান যদি সৎ হতো, তাহলে এ ২৩৫ বিলিয়ন ডলার জনগণের জন্য খরচ হতো। এ টাকা জনগণের জন্য খরচ হলে চাল-ডালের ডাম কমে যেত, রাস্তাঘাট উন্নত হতো, ইন্ডাষ্ট্রি হতো, মানুষের কর্মসংস্থান হতো।

    যাকাত প্রথার মাধ্যমে মাত্র সাত বছরে দেশ অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ হতো, যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। যেমনিভাবে সৌদিআরবে যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা জাতিসংঘকে বলেছি, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এখানে সকল মত ও রাজনৈতিক দলের অধিকার থাকতে হবে। জামায়াত মানুষের কল্যাণে কাজ করতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

    তিনি (১৬ মার্চ) রোববার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন। চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন ও ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মফিজুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবীদ ও রাজনীতিবীদ সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

    বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    চৌদ্দগ্রামে বন্ধুত্বের অভিনয় করে বেড়াতে এসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভা চান্দিশকরা গ্রামে। আহত তিনজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    শনিবার সন্ধ্যা তথ্যটি নিশ্চিত করেন তারই ছোট ভাই চা দোকানদার জাকির হোসেন।

    স্ত্রানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে নাঙ্গলকোট থেকে খড় দিয়ে আসার পথে চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোডে চান্দিশকরা পশ্চিম পাড়ার লোকমান মিয়ার চা দোকানের সামনে দাড়ায় হাকিম আলীর ট্রাক চালক। ট্রাকটির ত্রুটি মেরামত শেষ করে অনেকক্ষণ খোশগল্প করে বিদায় নিয়ে চলে হাকিম আলী। ফরিদপুরে বাড়ি এতটুকুই জানেন বন্ধু লোকমান হোসেন। এভাবে লোকমান মিয়ার সাথে হাকিম আলীর বন্ধুত্ব গড়ে উঠে। প্রায় সময় ফরিদপুর থেকে মোবাইলে খোঁজখবর নিতেন লোকমান হোসেন ও তার পরিবারের।
    শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় হাকিম আলী পৌর এলাকার কালির বাজারে ট্রাক থামিয়ে বন্ধু লোকমান হোসেনের জন্য ফরিদপুর থেকে দুইটি তরমুজ ও চার লিটার আখের রস নিয়ে চান্দিশকরায় লোকমান হোসেনের বাড়িতে বেড়াতে আসে। লোকমানের পরিবার পর্যন্ত মেহমানদারি করেন হাকিম আলীর। রাতে কৌশলে হাকিম আলী বন্ধু লোকমান ও পরিবারের সবাইকে নেশাজাতীয় দ্রব্য মিশানো আখের রস আর তরমুজ খাইয়ে দেন। কিছুক্ষণ পর তার ঘুমিয়ে পড়েন। সেহেরী খাওয়ার সময় লোকমানের ঘরে আলো না দেখে পাশের ঘরের সবজি ব্যবসায়ী সুরুজ মিয়া লোকমানের মুঠোফোনে কল দেন। দীর্ঘক্ষণ কল রিসিভ না হওয়ায় সুরুজ মিয়ার স্ত্রী ও ছেলের বউকে লোকমানের ঘরে পাঠান। তারা দেখতে পান-লোকমানের হোসেনের ঘরের দরজা খোলা এবং লোকমানের স্ত্রী ফাতেমা বেগম শুধু বমি করতেছে। বিষয়টি বুঝতে পেরে সুরুজ মিয়ার স্ত্রী ও ছেলের বউ চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসে। তারা দেখতে পান মেহমান হাকিম আলী ঘরের লোকমান হোসেন স্ত্রী ফাতেমা বেগম ছেলে আলা আমিনকে সহ সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের লোকমানের পরিবারের তিনজনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার আহত লোকমান হোসেন, তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

    একই বাড়ির সবজি ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, সেহেরীর সময় লোকমান হোসেনের ঘরে আলো না দেখে মুঠোফোনে কল করি। কিন্তু সাড়াশব্দ না পেয়ে আমার স্ত্রী ও ছেলের বউকে তাদের ঘরে পাঠিয়ে দেখি-চতুর বন্ধু নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়।

    লোকমান হোসেনের ভাই চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা রোডের চা দোকানদার জাকির হোসেন বলেন, ‘আমার ভাই লোকমান হোসেনের ক্ষনিকের বন্ধু হাকিম আলী নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ঘরের থাকা নগদ এক লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। মালামাল লুট করতেই বন্ধুত্বের ফন্দি করেছিল চতুর হাকিম আলী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি প্রশাসনের নিকট অনুরোধ করছি’।

    চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জাবেদ হোসেন বলেন, নেশাদ্রব্য খাওয়ানো তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বলেন, ‘সাংবাদিকদের মধ্যে তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

     

  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে কাচ্চি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ডায়ানামিক ট্রেডার্সের স্বত্তাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।

    চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, জাতীয় পার্টি (কাজী জাফর) উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জিয়া, থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম, আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী মুফতি খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল, ছাত্র প্রতিনিধি মামুন মজুমদার।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। সাংবাদিকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মোঃ এমদাদ উল্যাহ, জহিরুল হাসান, আবু বকর সুজন, মনোয়ার হোসেন, আবদুল মান্নান, কামাল হোসেন, এএফএম রাসেল পাটোয়ারী। এ সময় প্রেস ক্লাবের কার্যকারী কমিটির সদস্য, সাধারন সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর এই প্রথম সুন্দর আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত সকলেই এ সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

  • ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

    ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

    চার দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

    সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং প্রায় এক কোটি রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে।

    এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রিশাতকে (১৪) আজ দুপুরে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।
    অভিযুক্ত রিশাত শিশুটির মামাতো ভাই। সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে ও হাবিবুল্লাহ নগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
    এই বিষয়ে শিশুটির নানী খোদেজা বেগম জানান, গত শনিবার রাতে আমার চার বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো অসুস্থতার জন্য কান্না করছে। পরদিন ধর্ষণের বিষয়টি আমি জানতে পারি।
    পরে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে আজ শুক্রবার (১৪ মার্চ) সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সেখানেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
    এদিকে শুক্রবার দুপুরে খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলীসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার শিশুটির নানীর সাথে কথা বলেছেন। শিশুটির বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করে এবং তার মেয়ে নানীর কাছে থাকে।
    এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের কাছে প্রশ্ন করা হলে তিনি এখনই বিস্তারিত জানাতে চাননি, অধিকতর তদন্ত করে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

  • চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামিয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক মো: খোরশেদ আলম।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাছারীপাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: আমিনুল ইসলাম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো: তরিকুল ইসলাম তরুন, সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা মজুমদার, সহ সভাপতি মো: মনোয়ার হোসেন।

    জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি দৈনিক কালবেলা চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: আবু বকর সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান মজুমদার, মো: ইউছুফ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, অর্থ সম্পাদক কাজী সেলিম, প্রচার সম্পাদক মো: আব্দুর রউফ, দফতর সম্পাদক আব্দুর রব লাভলু, কার্যনির্বাহী সদস্য মো: সাইদুল হক, সাংবাদিক হোসাইন মোহাম্মদ মামুন, আব্দুর রব খন্দকার সবুজ, মো: মাছুম, এম এ নোমান, মাস্টার মো: আরমান হোসাইন ইভু, বিশিষ্ট সমাজসেবক মো: শাহআলম, মো: শাকিল মজুমদার, দ্বীন মোহাম্মদ, মো: মাজহারুল ইসলাম উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী মো: ওবায়েদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।