
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রযাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আজ সকালে রযাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় রযাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।
রযাব-১৩ জানায়, অভিযানে ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মহন্ত জানান, উদ্ধারকৃত এই প্রত্নবস্তুটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ বাসস