Author: নিউজ ডেক্স

  • নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

    নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

    নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন।

    ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আজ বুধবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দম কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

    খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।

    ১৩ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ধার্য দিনে আজ রায় হলো।

    কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

    দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।

    মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

    মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

  • সিরাজগঞ্জের ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

    সিরাজগঞ্জের ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

    সিরাজগঞ্জে পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    এ সময় একটি ইটভাটার চিমনি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়েসহ একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
    এর আগে,সোমবার দিনব্যাপী সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
    এতে অবৈধ ইটভাটার মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে।

    ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।

    পরিবেশ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটার মালিকেরা পরিবেশের ছাড়পত্র না নিয়েই ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‌্যাব-১২ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ,সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়।
    এছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

    সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

    বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এখন টিভিতে কর্মরত ছিলেন।

    জানা গেছে, মাসুমাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি হাসপাতাল থেকে মিরপুরে নেওয়া হয়েছে।
    সেখানে গোসলসহ লাশ সংরক্ষণের যাবতীয় কার্যক্রম শেষে নাটোরের গুরুদাসপুর নারায়ণপুরে গ্রামের বাড়িতে নিয়ে রওনা হবেন তার স্বজনরা।
    সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাসুমা আক্তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিল।
    কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী আহত হন।
    সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার আইসিইউর প্রয়োজন হয়।
    সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    মাসুমা ২০২৪ সালে এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগ দেন। এর আগে দীর্ঘ সময় কাজ করেছেন বাংলার জনপদ নামের  রাজশাহীর একটি অনলাইনে।

    এখন টিভির রাজশাহীতে কর্মরত হাসান রাজিব বলেন,
    ঢাকা থেকে মাছুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরে গুরুদাসপুর আনা হবে।
    পরিবার বলছে সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

  • জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত ড.রেজা কিবরিয়া

    জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত ড.রেজা কিবরিয়া

    জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত বলে মন্তব্য করেছেন ড.রেজা কিবরিয়া। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    রেজা কিবরিয়া বলেন, জামায়াত একটা শক্তিশালী এবং খুবই গণতান্ত্রিক দল। একাত্তরের জামায়াত তো এখনকার জামায়াতের সাথে একই জিনিস না।

    আমি জামায়াতের অনেক লোককে চিনি এরা বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং মেয়েদের পড়াশোনার ব্যাপারে তাদের কোন দ্বিমত নেই।
    তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ জাতির জন্য, মেয়েদের জন্য, সমাজের জন্য।

    তিনি বলেন, আমি মনে করি তাদের ভালো প্রস্পেক্ট আছে।
    তাদের সততা নিয়ে সাধারণ মানুষ বিশ্বাস করে আমি জানিনা কতটুকু সত্য।

    সাধারণ মানুষ মনে করে তাদের সততা বেশি অন্য দলের চেয়ে। দেখা যাক এটা নির্বাচনের সময় বোঝা যাবে।

    তিনি আরও বলেন, তাদের সমস্যা হলো যে সারাদেশে যদি তাদের উচ্চমাত্রা হলো সাড়ে আট শতাংশ ভোট এখন পর্যন্ত।

    নির্বাচনগুলি যদি দেখেন ইতিহাসে। আমি ধরলাম ডাবল হলো ১৬ শতাংশ ভোট কিন্তু ১৬ শতাংশে কোন ছিট তো পাওয়ার কথা না।

    ১৬ শতাংশ ভোটে তিন-চারটা পার্টি থাকলেও তারা জিততে পারবে না বেশি সিট। ১৬ শতাংশের কম তারা সিট পাবে এটা একটা সমস্যা।
    একটা এলাকার মধ্যে কনসেন্টক্রিয়েট হলে তখন ৫১ শতাংশ ভোট পেয়ে তারা একটা এমপিকে নির্বাচিত করতে পারবে সংসদে যেতে পারবে

  • স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জ্যৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

    দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিন দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা প্রয়োজন।

  • যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে

    যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে

    ইসরাইলে পৌঁছেছে মার্কিন ভারী বোমার চালান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রোববার এ ঘোষণা দিয়েছেন। আমেরিকান জাহাজে করে শনিবার এমকে-৮৪ ভারি যুদ্ধাস্ত্র ইসরাইলে পৌঁছায়। যুদ্ধাস্ত্রগুলো ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। খবর রয়টার্সের।

    মূলত এমকে-৮৪ হলো ২০০০ পাউন্ডের বোমা, যা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইল এসব বোমা ব্যবহার করতে পারে, এমন উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন বোমাগুলোর রপ্তানি স্থগিত করেছিল। পরে মার্কিন মসনদে বসে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

    বোমা পাওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, গত রাতে ইসরাইলে যে অস্ত্রশস্ত্রের সরবরাহ এসেছে, তা বিমান বাহিনী এবং আইডিএফের জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ। ট্রাম্পের এই সবুজ সংকেত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধনের প্রমাণ।

    এ সময় কাটজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে ‘তাদের অবিচল সমর্থন’ এর জন্য ধন্যবাদ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য, আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।

    ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ বাহিনীর জন্য যুদ্ধাস্ত্র সংগ্রহ ও পরিবহনের জন্য তাদের চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৭৮টি ফ্লাইট এবং ১২৯টি সামুদ্রিক চালানের মাধ্যমে প্রায় ৭৬ হাজার টন সামরিক সরঞ্জাম ইসরাইলে এসেছে। যা ইসরাইল রাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বিমান ও সমুদ্র সরবরাহ অভিযানকে চিহ্নিত করে।

    প্রসঙ্গত, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইসরাইলের এই যুদ্ধাস্ত্রের চালান স্থগিত করেছিল। শপথ নেওয়ার পর গত ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালানগুলো পুনরায় চালু করেন। তখন নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস, যা ইসরাইল চেয়েছিল, অর্থও দিয়েছিল; কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন পথে রয়েছে।

  • গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

    গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি।
    রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
    বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি।
    মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।
    তিনি বলেন, ‘যে নামে আজ টুর্নামেন্ট হচ্ছে, জিয়া স্মৃতি টুর্নামেন্ট। প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’
    মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ-যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন।
    এর আগে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর বিভাগের সব জেলা থেকে আটটি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।
    সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিতে আরও বক্তব্য দেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।
  • যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

    যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ফ্যাসিস্ট হাসিনার সময়ে নির্যাতনের শিকার হয়েছেন, তারাই জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশগ্রহণ করেছেন। কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর মাধ্যমে এ বিজয় আসেনি। ফেসবুকে এক স্ট্যাটাস বা ঘোষণা দিয়ে এত বড় আন্দোলন হয়নি। এ আন্দোলনের মূল মাস্টারমাইন্ড যারা শহীদ হয়েছেন। দ্বিতীয় মাস্টারমাইন্ড আহতরা। তৃতীয় মাস্টারমাইন্ড গাজী’রা। চতুর্থ মাস্টারমাইন্ড পলিসিম্যাকাররা। আন্দোলনে পলিসিম্যাকারদের মধ্যে কয়েকটি লেয়ার ছিল। কোন দল বা ব্যক্তিকে মাস্টারমাইন্ড বলে জাতীয় চেতনাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
    রোববার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

    জাহিদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুথানে সাংবাদিকদের ব্যাপক ভুমিকা ছিল। ফ্যাসিবাদ পতনের পর আপনারা প্রপেশনালিজমকে বাস্তবায়নের জন্য নূন্যতম কোন ধরনের শঙ্কা বোদ করবেন না। সত্যকে সবসময় ফুটিয়ে তুলবেন। আপনারা জাতির বিবেক, তাই বিবেক দিয়ে সত্যকে তুলে ধরবেন। কারণ, সত্য এবং মিথ্যার মিংশ্রনকে আল্লাহতাআলা কখনোই পছন্দ করেন না। আর আমরা যদি বিগত সময়ে দেখি, ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে সাংবাদিকরা সত্য ও মিথ্যাকে মিংশ্রনের এক মহা উৎসবে পরিণত করেছিল। হাসিনার পতনের ক্ষেত্রে সাংবাদিকদের অতি চাটুকারিতার কারণে রাজাকার বিষয়ে প্রশ্ন আসছে এবং তিনিও হঠাৎ করে মন্তব্য করে ফেলেছে-তাহলে কোটা রাজাকারের নাতি-পুতিরা পাবে? আপনারা দেখেন, সেখান থেকে অতি চাটুকারিতার কারণে তাঁর ধ্বংসের কারণ।

    ছাত্রদের নতুন গঠনের বিষয়ে শিবির সভাপতি বলেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিবে না। আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তত আছি। সেটা নতুন কোন দল হতে পারে বা পুরাতন কোন দল হতে পারে। কিন্তু এর বাইরে যারা অবস্থান নিবে। অথবা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আমরা সমর্থন দিবো না। মূলকথা হচ্ছে, আমরা তখনই নতুন দলকে সাপোর্ট করবো যখন তারা জুলাই-আগস্টের স্পিরিট ও চেতনাকে লালন করবে।

    উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারী জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের জেলা অফিস সম্পাদক মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহীম ভূইঁয়া আজাদ, ছাত্রকল্যান সম্পাদক নূরউদ্দিন মাহবুব, চৌদ্দগ্রাম উপজেলা সদর সভাপতি মোজাম্মেল হক, চৌদ্দগ্রাম উত্তর সভাপতি নাছিম মিয়াজী, চৌদ্দগ্রাম দক্ষিণ সভাপতি নূরুর রহমান জিন্নাহ, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি হোসাইন আহমেদসহ উপজলা অন্যান্য নেতৃবৃন্দু

  • আখেরী মোনাজাতে শেষ হলো চৌদ্দগ্রামে ছারছীনার পীরের মাহফিল

    আখেরী মোনাজাতে শেষ হলো চৌদ্দগ্রামে ছারছীনার পীরের মাহফিল

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লা চৌদ্দগ্রামে পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার দুদিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
    শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) স্মরনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করেন ছারছীনা দরবার শরীফের পীর ও হিযবুল্লাহ্র আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

    শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন উপজেলা পাশাকোট দারুসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ময়দানে জুমার নামাজ শেষে মিলাদ ও আখেরি মোনাজাতে বিভিন্ন মাদ্রাসার ছাত্র আশপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ অংশগ্রহণ করেন। উপজেলা হিজবুল্লাহ সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ইছালে ছাওয়াব মাহফিল তাফসীর পেশ করেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ বোরহান উদ্দিন সালেহী, ছারছীনা দারুস সুন্নাত দীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মহিবুল আল মাহমুদ।

    এসময় উপস্থিত ছিলেন হিযবুল্লার কেন্দ্রীয় নায়েবে আমীর শাহ্ আবু বকর মোঃ নেছারুল্লাহ, কুমিল্লার আমির মাওলানা ড. মোঃ রুহুল আমিনসহ অন্যরা। দুদিন ব্যাপী মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন প্রমুম।

  • সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল

    সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল

    সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে দেওয়া আদেশ বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

    রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ তথ্য জানিয়েছে। পরে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

    বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা প্রদান সংক্রান্ত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

    এর আগে গত মঙ্গলবার বিআরটিএ পুলিশকে ওই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

    এর প্রতিবাদে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ধর্মঘটের ডাক দেন সিএনজি অটোরিকশা চালকরা। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

    এছাড়া বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়ে রেখেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তবে তার আগেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হলো।

    ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবি করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা।  দাবিগুলো হলো-

    • সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।
    • সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।
    • বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।
    • ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেওয়া।
  • ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

    ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

    সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়।

    পরে নয় ঘণ্টা অতিবাহিত হওয়ার পর উদ্ধার কাজ শেষে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার পর ট্রেন চলাচল শুরু হয়।

    চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকের মোগলবাজার রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

    রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।

    স্টেশন সূত্র জানায়, উপবন এক্সপ্রেস রাতেই ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রীরা স্টেশনে রাত কাটান।

    সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। সেটির যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।

    রেলওয়ে কর্মকর্তারা আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।

    দুর্ঘটনার পর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামতকাজ এখনও চলছে। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

    এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হওয়ায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পেছনের কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, ভোগান্তিতে নগরবাসী

    রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, ভোগান্তিতে নগরবাসী

    আজ (রোববার) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন। রোববার সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

    দেখা যায়, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন।

    চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

    আন্দোলনকারীরা বলছেন, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

    এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

    রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, সকাল ৯টার পর থেকে রামপুরা এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছে সিএনজি চালকরা। তাদের রাস্তা অবরোধের কারণে রামপুরা এলাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা যেন এই সকালের সময়ে রাস্তা অবরোধ ছেড়ে দেয়।

    গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

    নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫ (৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে।

  • চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

    চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে জনতার অধিকার- আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গণ অধিকার পরিষদ ঘোলপাশা ইউনিয়ন নব- গঠিত কমিটির সংবর্ধনা ও দরিদ্র পরিবারকে ভ্যানগারি উপহার দেওয়া হয়েছে।
    শনিবার (১৫ জানুয়ারি) বিকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম রিপন।

    চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালীর পরিচালনায় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা সভাপতি ফয়েজ উল্লা, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম ফরিদ আমিন, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, কুমিল্লার দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি এমএইচ তামজিদ, ঘোলপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের আহবায়ক মীর হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ঘোলপাশা ইউনিয়নের গোরাগরা গ্রামের দরিদ্র ফ্যামিলি সন্তান জসিম উদ্দিনকে গণ অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা পক্ষ থেকে একটি ভ্যান গাড়ির উপহার দেওয়া হয়।

  • স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

    স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

    স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থপতি ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, শেষ ১৭ বছরে অবাধ সুষ্ঠু এবং সর্বজনগ্রাহ্য যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি, সেটি তো হওয়ার কথা ছিল না। ৯০ আন্দোলনের যে স্পিড ছিল, সেই স্পিড থেকে আবারও হোঁচট খেয়ে ব্র্যাক টেকিং হবে সেটি তো কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্র্যাক টেকিং নয় এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বিগত ১৭ বছরে সেটি তো বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সাইন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে। ভোটারদেরকে মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভোটকেন্দ্র গুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ১৬-১৭ বছরে।

    তিনি বলেন, শুধু তাই নয়, যারা বিরোধীদলের মনোনয়ন পেয়েছেন তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে। আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও হয়েছে, জাতীয় নির্বাচনে সময়েও হয়েছে।

    বিএনপির এই নেতা আরও বলেন, একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অত্যাচারের খড়গ এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের ওপরে সেটি বলে শেষ করা যাবে না। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হতো হামলা করা হতো।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এহসানুল হক হুদা, ইথুন বাবু, আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

  • বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

    বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

    চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি সারতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। তবে সেই প্রস্তুতিতে ঘাটটিই ফুটে উঠেছে দলটির। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এমন হারের পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বুদ্ধিজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

    করাচিতে ডে নাইটে হওয়া ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। যেখানে ব্যাট করে তার দল গুঁটিয়ে যায় মাত্র ২৪২ রানে। যার জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে পাকিস্তান। যা নিয়েই প্রশ্ন তুলেছেন শেহজাদ। তার মতে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ভুল ছিল রিজওয়ানের।

    রিজওয়ানের সমালোচনা করে শেহজাদ বলেন, ‘এটি একটি বিস্ময়কর সিদ্ধান্ত ছিল (প্রথমে ব্যাট করা) কারণ আমরা আগের ম্যাচে দেখেছিলাম যে রাতে ব্যাট করার জন্য পিচ আরও ভাল হয়ে যায়। স্পিনারদের জন্য বল পৃষ্ঠে গ্রিপ করে না। তারপরও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। বুদ্ধিহীন সিদ্ধান্ত, তাদের কোনো ধারণা নেই।’

    ম্যাচেও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে দল। আর ফাইনালে এমন দলের বিপক্ষে ভুল যে হারের কারণ সেটাও জানিয়েছেন শেহজাদ। বলেন, ‘ফাইনালে, আপনি শিশুসুলভ সিদ্ধান্ত নিচ্ছেন… ম্যাচে আপনি অনেক ভুল করছেন। আপনি তখনই জয়ের সুযোগ পাবেন যখন প্রতিপক্ষ সমমানের নিচে পারফর্ম করবে বা তাদের প্রধান খেলোয়াড়রা খেলবে না।’

  • লেবাননের রাজনীতিতে হারিরির প্রত্যাবর্তন, সরকারের সমর্থনে ঐক্যের ডাক

    লেবাননের রাজনীতিতে হারিরির প্রত্যাবর্তন, সরকারের সমর্থনে ঐক্যের ডাক

    রফিক হারিরির হত্যার ২০তম বার্ষিকীতে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। শুক্রবার এক ঘোষণায় তিনি বলেছেন তার দল ফিউচার মুভমেন্ট রাজনীতিতে প্রত্যাবর্তন করবে। তিন বছর ধরে রাজনীতি থেকে দূরে থাকার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

    হারিরি বলেন, তার প্রয়াত পিতার প্রতিষ্ঠিত দল তাইফ চুক্তি, রাষ্ট্র গঠন, পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের আদর্শে অটল থাকবে।  তিনি জোর দিয়ে বলেন, আমরা শুধু এমন একটি স্বাভাবিক রাষ্ট্র চাই, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকবে না।

    শুক্রবার সকাল থেকেই বৈরুত, বেকা ও উত্তর লেবানন থেকে হাজারো সমর্থক শহীদের চত্বরে জমায়েত হয়, লেবানিজ পতাকা ওড়ায় এবং হারিরির নামে স্লোগান দেয়।

    তিনি তাদের উদ্দেশে বলেন, ‘রফিক হারিরির অনুসারীরা এখানেই আছে, এবং আপনার কণ্ঠস্বর প্রতিটি জাতীয় মুহূর্তে শোনা যাবে। সময় এলেই সবকিছু হবে।’

    হারিরি বলেন, ‘আমাদের এখন একজন প্রেসিডেন্ট, একটি সরকার এবং নতুন আশা রয়েছে, যা প্রধানমন্ত্রী নওয়াফ সালামের উদ্বোধনী ভাষণ ও বিবৃতিতে প্রকাশ পেয়েছে। এটি একটি সুবর্ণ সুযোগ, এবং আমরা এটিকে সমর্থন করি, কোনো ষড়যন্ত্র বরদাশত করব না।’

    দক্ষিণ লেবানন, বেকা ও বৈরুতের দক্ষিণাঞ্চলের জনগণের উদ্দেশ্যে হারিরি বলেন, ‘আপনারা এই সুযোগের অংশীদার। আপনাদের ছাড়া এটি সম্ভব নয়। আপনারা যদি নিজেরা বাধা হয়ে দাঁড়ান, আধিপত্য বিস্তার ও অস্ত্রের মাধ্যমে শাসনের প্রতিচ্ছবি বহন করেন, তবে উন্নয়ন সম্ভব হবে না। আমাদের আরব বিশ্বের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে হবে, রাষ্ট্রের বৈধতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং শুধুমাত্র জাতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীই লেবাননের রক্ষক হবে।’

    তিনি বলেন, ‘একটি স্বাভাবিক রাষ্ট্র মানে এমন একটি রাষ্ট্র, যেখানে অস্ত্র কেবল সেনাবাহিনী ও বৈধ নিরাপত্তা বাহিনীর হাতে থাকবে, যেখানে অর্থনীতি স্বাধীন, উৎপাদনশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করে। এটি এমন একটি রাষ্ট্র, যেখানে বিচারব্যবস্থা স্বাধীন, আইন সমুন্নত, স্বাধীনতা সুরক্ষিত, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’

    হারিরি বলেন, ‘যারা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তাদের আশ্রয় দেওয়া নাগরিকদের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘দক্ষিণ থেকে বেকা, বৈরুত থেকে এর দক্ষিণাঞ্চল—আমরা সবাই একসঙ্গে দুঃসময়ে পাশে ছিলাম। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে পুনর্গঠনে মনোযোগ দিতে হবে।’

    তিনি প্রেসিডেন্ট ও সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘একটি কার্যকর রাষ্ট্র গঠনে আমরা সরকারকে সহযোগিতা করব। আমাদের আঞ্চলিক ভূমিকা পুনরুদ্ধার এবং আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে।’

    হারিরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও লেবাননের সেনাবাহিনীর প্রতি তার দৃঢ় সমর্থন ঘোষণা করেন, বিশেষত জাতিসংঘের রেজ্যুলেশন ১৭০১ বাস্তবায়নে এবং ইসরাইলি দখলদারিত্বের অবসান জান।

    সিরিয়ার জনগণের প্রতি সংহতি জানিয়ে হারিরি বলেন, ‘আমরা সিরিয়ার জনগণের স্বপ্ন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার: একটি স্থিতিশীল, পুনর্গঠিত সিরিয়া, যা লেবাননের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক বজায় রাখবে, যেখানে উভয় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত থাকবে।’

    ফিলিস্তিন প্রসঙ্গে হারিরি বলেন, ‘আমরা ফিলিস্তিনের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ।’ তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমালোচনা করে বলেন, ‘নেতানিয়াহুর সমস্যা হলো, তিনি যুদ্ধকে প্রাধান্য দেন এবং শান্তি এড়িয়ে যান।’

    তিনি মিশর, জর্ডান এবং সৌদি আরবসহ আরব দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে ফিলিস্তিন সংকট সমাধানের চেষ্টা নিয়ে হুঁশিয়ারি দেন।

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রফিক হারিরিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি প্রকৃত অর্থে একজন রাষ্ট্রনায়ক ছিলেন।’ তিনি বলেন, ‘তার রাজনৈতিক অবস্থান জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছে, নাগরিক শান্তি রক্ষা করেছে এবং তাইফ চুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

    হারিরির সমাধির কাছে আয়োজিত স্মরণসভায় লক্ষাধিক লেবানিজ জনগণ উপস্থিত ছিল, যাদের মধ্যে ফিউচার মুভমেন্টের সমর্থকরাও ছিল।

    এদিকে, বৈরুতের আকাশে ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

    অন্যদিকে, লেবানন ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরুত থেকে ফিরতে ইচ্ছুক লেবানিজ যাত্রীদের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।  লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বলেন, ‘তেহরানে লেবাননের রাষ্ট্রদূতের মাধ্যমে এই প্রক্রিয়া চলছে।’

    বৃহস্পতিবার রাতে বৈরুত বিমানবন্দরের রাস্তাগুলো বিক্ষোভকারীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায়, যা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে খুলে দেওয়া হয়।

    হিজবুল্লাহর শত শত সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং অভিযোগ করে যে ‘লেবাননের সরকার ইসরাইলি ও মার্কিন চাপে নতি স্বীকার করেছে’।

    ইসরাইলি সামরিক মুখপাত্র আবিখাই আদ্রাই দাবি করেন, ‘কুদস ফোর্স ও হিজবুল্লাহ বৈরুত বিমানবন্দরকে অর্থ পাচারের জন্য ব্যবহার করছে।’

    এই প্রেক্ষিতে লেবাননের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৈরুত বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মান বজায় রেখেই বাস্তবায়িত হবে।

    ফেব্রুয়ারি ১৮ পর্যন্ত ইরানের ফ্লাইট সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

    একজন রাজনৈতিক সূত্র জানায়, ‘প্রাপ্ত গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, উড়োজাহাজটি হিজবুল্লাহর জন্য অর্থ বহন করছিল, যা নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।’

    হিজবুল্লাহর নেতা ইব্রাহিম আল-মুসাওয়ি ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ইসরাইল একাধিকবার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করছে। আমরা রাষ্ট্রকে ইসরাইলি হুমকির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।’

  • সিরাজগঞ্জ জেলা আ. লীগ সভাপতি হোসেন আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সিরাজগঞ্জ জেলা আ. লীগ সভাপতি হোসেন আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে ও সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে উপ-পরিচালক আবু সাইদ নিষেধাজ্ঞার আবেদন করেন।

    আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

  • সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

    সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ী গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রূপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
    সেইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় দেন।

    রূপ কুমার চন্দ্র সরদার উপজেলার বিনোদবাড়ী গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

    আদালতের পিপি এ্যাড. মাসুদুর রহমান আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৬ সালে রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়।
    বিয়ের পর থেকে রূপ কুমার তার শ্বশুরের কাছ থেকে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
    এ যৌতুকের টাকা দিতে না পারায় তিনি স্ত্রী ববিতাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এরই জের ধরে ২০১৬ সালের ৯ নভেম্বর ববিতাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

    এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
    এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চাজর্শীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লিখিত রায় ঘোষণা করেন।

  • চৌদ্দগ্রামে “অপারেশন ডেভিল হান্ট” কাউন্সিলর সহ আটক ৪

    চৌদ্দগ্রামে “অপারেশন ডেভিল হান্ট” কাউন্সিলর সহ আটক ৪

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    নাশকতা চেষ্টার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
    বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

    আটককৃতরা হলো; পৌর সদরের চান্দিশকরা গ্রামের মৃত শামছুল হক পাটোয়ারীর ছেলে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী (৫৩), পৌরসভার লক্ষীপুরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬), মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে মফিজুর রহমান (৪৫), ঘোলপাশা ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।
    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা ৫ই আগষ্টের পূর্বে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। ৫ই আগষ্টের পরেও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ই ফেব্রæয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফ্যাসিবাদের কিভাবে বিদায় করতে হয় সেটা তারেক রহমান দেখিয়েদিয়েছে : কামরুল হুদা

    ফ্যাসিবাদের কিভাবে বিদায় করতে হয় সেটা তারেক রহমান দেখিয়েদিয়েছে : কামরুল হুদা

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    ফ্যাসিবাদের কিভাবে বিদায় করতে হয়, তারেক রহমান মাস্টারমাইন্ড হিসেবে সারা পৃথিবীকে দেখিয়েছেন’ বলে মন্তব্য করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, বিএনপিতে কোন বিভাজন নেই। বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। গত ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক লোভ দেখানো হয়েছে। আমরা যারা জিয়ার আদর্শের সৈনিক আমরা ষড়যন্ত্র করতে শিখি নাই। আজকে যারা দেশের মানচিত্র ষড়যন্ত্র করছে, তারাই কিন্তু চৌদ্দগ্রাম থেকে ষড়যন্ত্র শুরু করেছেন। অতীতে জাতীয়তাবাদী দলের ভোটে আপনারা নির্বাচিত হয়েছিলেন।

    নির্বাচিত হওয়ার আমাদের নিঃশেষ করার জন্য বেশি ষড়যন্ত্র হয়েছে। জাতীয় নির্বাচন আসলে চৌদ্দগ্রাম নিয়ে তারা আবার ষড়যন্ত্র শুরু করে। এক কথায়-চৌদ্দগ্রামের বিএনপি এখন অনেক শক্তিশালী, বিএনপিতে কোন গ্রুপিং নাই, প্রতিযোগিতা আছে।
    কামরুল হুদা আরও বলেন, ২০১৪ সালে আমি যখন প্রার্থী হয়েছিলাম। কেন্দ্রে গিয়ে দেখি ২৮০০ ব্যালট পেপার। আমি শুধু সিম্পল একটি ভিডিও করতে চেয়েছিলাম। কিন্তু একজন সাব ইন্সপেক্টর আমার কলার চেপে ধরে বের করে দিয়েছে। এই ছিল আ’লীগের তামাশার নির্বাচনগুলো। সুতরাং মানুষ উন্মুখ হয়ে আছে, বিএনপিকে ভোট দেয়ার জন্য।

    তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান সুদুর লন্ডনে বসে সারা পৃথিবীকে একটা এক্সাম্পল লিডারশীপ দেখিয়েছেন। কিভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করতে হয়। তারেক রহমান লন্ডনে বসে আমাদেরকে রাজপথে রেখে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। আজকে যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক বলে থাকেন, ওনারা নাকি ৫ দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, মামলা খেলাম আমরা, জেল খাটলাম আমরা, নির্যাতিত হলাম আমরা। ওনারা একাত্তরকে অস্বীকার করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তর সালের বীরত্বগাঁথাই হচ্ছে ১৬ ডিসেম্বর। সুতরাং, ১৬ ডিসেম্বরকে বিতর্কিত করা যাবে না। যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছেন, তারাই আজকে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করছেন। আপনারা দেখেছেন, তারা দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছেন। ইতোমধ্যে তারা বলতে শুরু করেছেন, তারা ক্ষমতায় আসবেন।

    মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবক কথা বলেন।

    বাতিসা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম ভুঁইয়া ও সদস্য সচিব শিপন খন্দকারের পরিচালনায় বাতিসা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু সাঈদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। বিশেষ বক্তা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ যোবায়ের হোসেন, সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার। অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুনুর অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সহ সাধারন সম্পাদক মোঃ এনামুল হক ছুট্টু, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি ও বিএনপি ওয়ার্ল্ড ফোরাম অফ চৌদ্দগ্রাম উপজেলার সিনিয়র সহ-সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আবু বকর সিদ্দিক, মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শরীফ হাসান, আজম খান, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, উপজেলা যুবদলের সদস্য মোঃ সাকিব চৌধুরী শরীফ, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলাদলের সহ-সভাপতি গোলশান আরা পুতুল।

    এ সময় বাতিসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।