Blog

  • অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

    অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

    ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে।

    রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

    তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

    অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া যত অস্ত্র— একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬ টি চাকু।

    প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার।

    এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই অন্তর্বর্তী সরকার ‘অপারেশ ডেভিল হান্ট’ পরিচালনার উদ্যোগ নেয়।

  • সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

    সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুদকের মামলা

    সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

    রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৫টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

    তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা, মানি লন্ডারিং ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার ও তার স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে মামলা করেছে দুদক।

    মামলায় শাহে আলমের বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ এনেছে দুদক।

    এ ছাড়া মামলায় শাহে আলমের স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।দুদক তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে।

  • নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

    নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

    সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ।  তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গুলিবিদ্ধ হন তিনি।

    অভিনেতার পারিবারিক সূত্র জানায়, রোববার ভোরে গ্রীল কাটার শব্দে আজিজের ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পান।  এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে অভিনেতার পায়ে তিনটি গুলি লাগে।  তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহারও (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাসহ সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

    শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত।

    এ বিষয়ে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় বেশকিছু কনটেন্টে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।

  • চৌদ্দগ্রামের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কোরআন শরীফ উপহার প্রদান

    চৌদ্দগ্রামের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কোরআন শরীফ উপহার প্রদান

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলার আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে গোপাল নগর তালীমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের মাঝে কোরআন শরিফ উপহার দেওয়া হয়েছে।
    এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম।
    রবিবার (২৩ফেব্রুয়ারি) সকালে উপজেলা কাশিনগর ইউনিয়ন গোপালনগর তালিমুল কোরআন মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা ওহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপালনগর তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি এবিএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম মোল্লা, জেলা ছাত্র অধিকারে সহসভাপতি এস এম রাসেল, উপজেলা শ্রমিক অধিকার সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুমন, জেলা ছাত্র অধিগার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন।
    এসময়ে উপস্থিত ছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ, অভিভাবক সহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ

  • চৌদ্দগ্রামে সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে পাটানন্দী চ্যাম্পিয়ন

    চৌদ্দগ্রামে সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে পাটানন্দী চ্যাম্পিয়ন

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    করপাটি দক্ষিন পাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনালে মধ্যম সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাটানন্দী পিভিসি ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। এরপর ট্রাইবেকারে ৪-৩ গোলে পাটানন্দী পিভিসি ক্লাব জয়লাভ করে।

    চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণ পাড়ার ফুটবলপ্রেমী কাজী মো: হাসান, রুবেল মোল্লা, ফাহাদ, শিপন, রাকিব, নিয়াজ, হাবিব,শফিউল্লাহ, অভি এই টুর্নামেন্টের আয়োজন করে। সবুজ-বাংলা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইমতিয়াজ উদ্দিন সবুজের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন করপাটি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন সমাজবিজ্ঞান বিভাগ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শেখ ফরিদ, কনকাপৈত ইউনিয়ন জামায়াত সেক্রেটারি পেয়ার আহমেদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রেজাউল করিম।

  • পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম

    পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম

    পাকিস্তান এবং বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে।

    এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়।

    চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে, এর প্রথম ২৫,০০০ টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে যাওয়ার পথে। দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে।

    এটি প্রথমবারের মতো, পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হবে, যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে।

    ২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং শিপিং সম্পর্ক পুনরায় শুরু হয়।  এবার সরকারি পর্যায়ে পণ্য আসছে পাকিস্তান থেকে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে।  বর্তমানে উভয় দেশ সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে।

  • যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ‘নোংরা খেলা’ খেলছেন নেতানিয়াহু: হামাস

    যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ‘নোংরা খেলা’ খেলছেন নেতানিয়াহু: হামাস

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি বলছে, ইসরাইল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা।

    যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, যা ১৯ জানুয়ারি শুরু হয়েছিল, ইসরাইলি বন্দিদের মুক্তি, গাজার কিছু অংশে ইসরাইলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে সব ইসরাইলি বন্দি মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা ছিল।

    হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাঈম আল জাজিরাকে শনিবার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আবারও এটি দায়িত্বজ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে খেলছে’।

    নাঈম আরও অভিযোগ করেছেন, ইসরাইল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।  তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, বেশিরভাগ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি, এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে।

    এর আগে, ইসরাইলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসে হামাসের অভিযোগকে সঠিক বলে স্বীকার করেছিলেন, তবে ইসরাইল সরকার তা অস্বীকার করেছে।  চুক্তির অংশ হিসেবে, ইসরাইল ৬০,০০০ মোবাইল হোম এবং ২,০০,০০০ তাঁবু গাজায় পাঠানোর কথা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।  গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৯০ শতাংশেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে, এবং বিশাল অংশ গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

    এদিকে, নেতানিয়াহু গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়েছেন এবং তিনি ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা অঞ্চল দখল করার’ প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প বলছেন তিনি এই পরিকল্পনার জন্য বলপ্রয়োগ করবেন না ।

    নেতানিয়াহু বারবার বলেছেন, তিনি গাজার যুদ্ধের উদ্দেশ্যগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চান, যার মধ্যে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা অন্তর্ভুক্ত।

    রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ার আবু ঈদ আল জাজিরাকে বলেছেন, ‘নেতানিয়াহুর জন্য ডেরমারকে প্রধান আলোচক নেতা হিসেবে নিয়োগ দেয়া এক গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে।’

    আল জাজিরার নূর ওদে বলেছেন, ‘এই চিত্রটি আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি: ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, তারপর দোহা বা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছে এবং চেষ্টা করছে আলোচনা চালিয়ে যেতে’।

    একই সময়ে, আলোন পিঙ্কাস, নিউ ইয়র্কে ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত, আল জাজিরাকে বলেছেন, ‘যেহেতু প্রথম পর্যায়টি সফলভাবে শেষ হয়েছে, তাতে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আশাবাদী হওয়া উচিত নয়।’

    তিনি আরও বলেন, ‘এই পর্যায়টি গাজায় ইসরাইলি বাহিনীর শক্তি কমানো এবং এক সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহারের অন্তর্ভুক্ত। এটি যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যা নেতানিয়াহু চান না।’

    গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। কিন্তু ইসরাইল ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে এখনো মুক্তি দেয়নি।

    এ বিষয়ে নেতানিয়াহুর দাবি, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।  নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই শংকা তৈরি হয়েছে।

  • ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল নদী পাড়

    ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল নদী পাড়

    ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল তিস্তাপাড়। তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

    আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন।

    রংপুর অঞ্চলের মানুষজন তিস্তাপাড়ে জড়ো হচ্ছেন। তিস্তাপাড়ে কয়েক লাখ মানুষের সমাগম হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলো জন আকাঙ্ক্ষার দাবি। এ কারণে এ অঞ্চলের মানুষ ঘরে বসে নেই। তারা নিজ দায়িত্বে তিস্তাপাড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।’

    আসাদুল হাবিব দুলু কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।

    তিনি আরও বলেন, ‘আমরা লাগাতার ৪৮ ঘণ্টা তিস্তাপাড়ে অবস্থান করব। এখানে পালাগান, সারিগান, ভাওয়াই, লালন, লোকসংগীত ও গ্রামীণ খেলাধুলা হা-ডু-ডু, ঘুড়ি উড়ানো, গোল্লাছুট ও দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি।’

    তার ভাষ্য, ‘আমাদের ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচির পর সরকার আমাদের দাবি না মানলে আরও কর্মসূচির ডাক দেব।’

    তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষাকালে উজানে ভারতের পানিতে তাদের ভয়াবহ বন্যার কবলে পড়তে হয়। শুষ্ক মৌসুমে উজানে ভারত একতরফাভাবে তিস্তার পানি আটকে রাখে। এতে তিস্তার বুকে সেচের পানি পাওয়া যায় না। এ সময় তিস্তা শুকিয়ে মরা নদীতে পরিণত হয়। কর্মহীন হয়ে পড়েন তিস্তার ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও মাঝি।

    তারা আরও জানান, তিস্তা নদী ড্রেজিং না হওয়ায় প্রতি বছর নদী ভাঙনে কয়েক হাজার পরিবার আবাদি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে। পানির ন্যায্য হিস্যা পেলে ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা হয়ে উঠবে রংপুর অঞ্চলের জন্য আশীর্বাদ।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে তিস্তা নদী ১১৫ কিলোমিটার। তার মধ্যে তিস্তা ব্যারেজের উজানে ২০ কিলোমিটার, আর ভাটিতে ৯৫ কিলোমিটার। ভাটিতে তিস্তা নদী পানির অভাবে শুকিয়ে গেছে।’

    ‘তিস্তা ব্যারেজে পানি পাওয়া যাচ্ছে গড়ে দুই হাজার ৮০০ কিউসেক। এই পানি ছয় জেলার ৫৫ হাজার বোরো ধানের পানিতে সেচ দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী পানির হিস্যা পাওয়া গেলে শুষ্ক মৌসুমেও তিস্তা ব্যারেজের ভাটিতে নদীতে পানিপ্রবাহ থাকত,’ বলেন তিনি।

  • ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

    ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

    ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

    মিজানুর রহমান আজহারী বলেন, যে হাত কলম ধরে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক।

    ফেসবুক স্ট্যাটাসে আজহারী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণ থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’

  • ৬ জিম্মির বিনিময়ে ৬০০ ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

    ৬ জিম্মির বিনিময়ে ৬০০ ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

    যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার (২২ ফেব্রুয়ারি) আরও ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন।

    শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

    এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়।

    এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট।

    তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প।

  • চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাংচুর, সর্বত্র নিন্দার ঝড়

    চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাংচুর, সর্বত্র নিন্দার ঝড়

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে দূর্বৃত্তরা শহীদ মিনার ভাংচুর করেছে। শুক্রবার দিবাগত রাত ২টা পর উপজেলার গুনবতী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। সকালে শহীদ মিনারে ফুল দিতে এসে দুটি স্তম্ভ ভাঙা দেখে নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

    জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে বৃহস্পতিবার গুণবতী কলেজের শহীদ মিনার সাজানো হয়। রাত ১২টার পর কলেজ কর্তৃপক্ষ ও বিএনপিসহ কয়েকটি সংগঠন ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। রাত ২টার পর দূর্বৃত্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে।
    খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন ও থানা পুলিশ। এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও গুনবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনার পরিদর্শন করেছেন।

    গুনবতী ডিগ্রি কলেজের নৈশ প্রহরী সামছুল আলম বলেন, রাত ২টার পর শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাঙার আওয়াজ শুনেছি। কিছুক্ষণ পর সেখানে গিয়ে কাউকে দেখিনি।

    গুণবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ শহীদ মিনার ভেঙেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

    গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বার বলেন, দূর্বৃত্তরা গুনবতীর শান্ত পরিস্থিতিকে অশান্ত করতেই শহীদ মিনার ভাংচুর করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

    উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক। রাতের আধারে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলায় তীব্র নিন্দা জানাচ্ছি

    গুণবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ বলেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটনে কাজ চলছে। এদের নেতৃত্বে কমিটি গঠন হলে তারা তদন্ত কাজ করবে।
    চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

    অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই বিষয়ে শুনানি শেষে আদেশ দেন।

    এদিন সকালে জিয়াউল আহসানসহ এই মামলার ৮ জন আসামিকে আদালতের হাজির করার পর ১১টা ২৬ মিনিটে শুনানি শুরু হয়।

    চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পরিদর্শন করে বিভিন্ন ধরনের ছাড়পত্র, সার্টিফিকেট এবং নিহত কিংবা আহতদের শরীর থেকে উদ্ধারকৃত বুলেটসহ নানা আলামত জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রসিকিউশনের হাতে আছে বিভিন্ন ধরনের ভিডিও, যা ফরেন্সিক ও যাচাই বাছাই করার কাজ চলছে এবং এরপর তা তদন্ত প্রতিবেদনে সম্পৃক্ত করা হবে। এই বিষয়ে বিস্তৃত তদন্ত চলা দরকার, যা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ হওয়ার কারণে এই সময়ের প্রয়োজন।’

    শুনানির একপর্যায়ে জিয়াউলের আইনজীবী নাজনীন নাহার তাকে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের একটি ফটোকপি এবং একটি আইনি বই সরবরাহ করার আবেদন জানালে এতে আপত্তি জানায় প্রসিকিউশন।

    আইনজীবী নাজনীন নাহার বলেন, ‘আমার মক্কেলকে আত্মপক্ষ সমর্থনের জন্য তার বিরুদ্ধে যেসব অভিযোগ হয়েছে, তা জানা প্রয়োজন এবং আইন পড়ার অধিকার যেহেতু সবার আছে তাই এই বই তাকে দিলে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি। বই দুটির কোনোটিই ক্ষতিকর নয়। গত সাত মাস ধরে জেল কর্তৃপক্ষ আমাকে এই বইগুলো নিতে কিংবা আমার মক্কেলকে সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাই আমি আজ আদালতের দ্বারস্থ হয়েছি। এই বিষয়ে আমি আদালতের সুনির্দিষ্ট অর্ডার চাই।’

    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর বিরোধিতা করে বলেন, ‘তিনি সত্যিই জেলগেটে এই দুটি বইই নিতে চেয়েছেন কিনা এবং কারা কর্তৃপক্ষ ঠিক এই দুটি বইয়ের কারণেই তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন কিনা- সেটির কোনো প্রমাণ নেই। সেই সঙ্গে জিয়াউল আহসানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো চার্জ গঠিত হয়নি। সুতরাং আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখনো তৈরি হয়নি বলে আমরা মনে করি। তাই এই আবেদন মঞ্জুর করার কোনো যুক্তি নেই।’

    শুনানি শেষে আদালত সাবেক সেনা কর্মকর্তার এই আইনজীবীকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই দুটি তার মক্কেলকে প্রেরণ করার জন্য একটি আবেদন করতে বলেন এবং জানান এরপরও যদি কারা কর্তৃপক্ষ এই বই দুটি তাকে সরবরাহ করতে অস্বীকৃতি জানায় তবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে আদালত এই বিষয়ে প্রয়োজনে লিখিত নির্দেশনা দেবে।

    উল্লেখ্য, হাসিনার পতনের পর গত বছর ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয় জিয়াউল আহসানকে।

    অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে আছেন।

  • ক্ষমা চাইলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ

    ক্ষমা চাইলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ

    বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার চার ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। নিহত জিম্মিরা হলেন- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা নিহত ওই চার জিম্মিকে বাঁচিয়ে রাখতে ‘নিজেদের সাধ্যের সবকিছু করেছে।’ তারা আরও বলেছে, যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছে।

    এই চারজনের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। মরণোত্তর তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

    সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্ট করে হার্জগ লিখেছেন, ব্যথিত, আর কিছু বলার নেই। আমরা গোটা জাতি আজ শোকে বিহ্বল।

    তিনি ওই পোস্টে আরও বলেন, ইসরাইল রাষ্ট্রের পক্ষ থেকে আমি মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছি। সেই ভয়ঙ্কর দিনে আপনাকে রক্ষা করতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি।

    দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরাইলের হামলায় ৪৮ হাজার ২৯৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছে এক লাখ ১১ হাজার ৭৩৩ জন। নিখোঁজদের মৃত্যুর তালিকায় যোগ করলে নিহতের সংখ্যা হয় অন্তত ৬১ হাজার ৭০৯ জন।

  • নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

    নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

    আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেফতার আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডক্টর শফিকুর রহমান। নিজস্ব ভেরিফাইড ফেসবুকে তিনি এ আহ্বান জানান।

    তিনি তার পোস্টে উল্লেখ করেন :

    প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী,
    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন।

    একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

    তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।

    এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো।

    আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।

  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

    আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

    বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করা হবে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

    এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন-চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান।

    এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)। সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

    প্রসঙ্গত, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

  • আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

    আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

    আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সে দিন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরও অনেকেই। বাংলা ভাষার জন্য তাদের এ আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমি মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি।

    তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহিদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে।

    জামায়াতের আমির বলেন, দেশবাসী আজ এমন এক সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন সবেমাত্র দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকারার্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত-প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়াস চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত-আব্রু বজায় রেখে চলাফেরা করতে পারছে; যদিও নাগরিকদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এমতাবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারসহ সকল মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

    ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

  • চৌদ্দগ্রামে তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

    চৌদ্দগ্রামে তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা চৌদ্দগ্রামের নোয়াবাজারস্থ হোটেল ফুড প্যালেসের সামনে তাঁত ও বস্ত্র কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন।

    মেলার উদ্যোক্তা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মো: এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরী সদস্য আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক শাখায়াত শাওন, মামুন মজুমদার। এ সময় বিভিন্ন স্থান থেকে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চৌদ্দগ্রামে পৃথক দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার,জনমনে প্রশ্ন: হত্যা নাকি আত্মহত্যা?

    চৌদ্দগ্রামে পৃথক দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার,জনমনে প্রশ্ন: হত্যা নাকি আত্মহত্যা?

    চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে মো: তৈয়ব আলী (৪৫) ও জহিরুল ইসলাম(৪৫) নামের পৃথক দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে নিহতের বসতঘরের সামনে থেকে তৈয়ব আলী ও শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে জহিরুল ইসলামের(৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

    নিহত তৈয়ব আলী বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি রাঙ্গামাটিয়ায় থাকেন। তার স্ত্রী রহিমা বেগম বলেন, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আমার ছেলে আবদুল করিম জনি পাশ্ববর্তী নোয়াপাড়া গ্রামের এরশাদ হোসেনের মেয়ে মাদরাসা ছাত্রী মাইমুনা সুলতানা লুুবনাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় লুবনার মা মনোয়ারা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আমাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এ সময় তারা থানা পুলিশ ও কতিপয় বহিরাগত লোকজন নিয়ে এসে দ্রুত তাদের মেয়েকে ফিরিয়ে না দিলে আমাদের প্রাণে হত্যা করার হুমকি সহ গ্রাম ছাড়া করার হুমকি দেয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে আমার স্বামী তৈয়ব আলী মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। তিনি বাড়ির বাইরে বাগানে দীর্ঘসময় ধরে অবস্থান করেন। গতরাতেও লুবনার পরিবারের ভয়ে ঘরছাড়া হয়ে বাড়ির পাশের বাগানে ঘুরতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাকে বুঝিয়ে বাড়িতে দিয়ে যায়। একটু পরে তিনি আবার বাহিরে চলে যান এবং আমিও ভয়ে ঘরে তালা লাগিয়ে অন্য বাড়িতে গিয়ে ঘুমাই। বুধবার সকালে বাড়িতে গিয়ে আশেপাশে উনাকে খুঁজতে গিয়ে দেখি বাড়ির পাশের একটি ছোট আমগাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় আমার স্বামীর লাশ ঝুলে আছে। আমার চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও থানা পুলিশের দু’টি পৃথক টিম এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। আমরা এ মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

    মেয়ের মা মনোয়ারা বেগম জানান, তৈয়ব আলীর ছেলে জনি শনিবার সকালে আমার মেয়ে লুবনাকে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আত্মীয়-স্বজন ও পুলিশ নিয়ে মেয়ের খোঁজে তাদের বাড়িতে গিয়েছি, তবে কাউকে হুমকি ধমকি দেয়নি।

    রাঙ্গামাটিয়া গ্রামের রাশেদুল ইসলাম নামে এক যুবক জানান, মেয়ের পক্ষের লোকজন পুলিশ নিয়ে তৈয়ব আলীর পরিবারকে বিভিন্ন হুমকি ধমকি দেয়। আজ সকালে বাড়ির পাশের আম গাছে রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল রহস্য উম্মোচিত হোক।

    মোহাম্মদ আলী নামের অপর এক ব্যক্তি জানান, গত পরশু মেয়ের চাচা সহ পুলিশ এসে তৈয়ব আলীর হাত ধরে টানাটানি করে। উত্তেজিত পুলিশ তাকে চড়-থাপ্পর দেয়। গ্রামবাসীর প্রতিবাদে দু’দিনের সময় দিয়ে তারা চলে যায়। আজ তার এভাবে রহস্যজনক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে বের করা উচিত।

    এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অভিযাসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘তৈয়ব আলী নামের একজনের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে’

    অপরদিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে বসতঘর থেকে জহিরুল ইসলাম(৪৫) নামের এক যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আবদুস সোবহানের ছেলে। তথটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার এসআই সায়েদুর রহমান।

    এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম দুই বিয়ে করেন। প্রথম বউয়ের সাথে দাম্পত্য কলহের জেরে প্রথম তার নামে তিনটি মামলা করে। মামলায় জহিরুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামী। এ কারণে জহিরুল দীর্ঘদিন যাবৎ পলাতক। মাঝেমধ্যে সে বাড়িতে আসতো। প্রথম বউ তার(জহিরুল) ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এলাকায় সাঁটায়; যাতে লেখা ‘একে ধরিয়ে দিন।’
    এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করে এলাকাবাসী।

    চৌদ্দগ্রাম থানার এসআই সায়েদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

  • সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ মির্জা ফখরুলের

    সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ মির্জা ফখরুলের

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা।

    বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের কেউ কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

    গণহত্যকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

    এই বিএনপি নেতা বলেন, নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কিনা, এখন সেই প্রশ্ন উঠেছে। নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না।

    নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে, আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল, আমরা আরেকটি এক-এগারো চাচ্ছি। কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে, এক-এগারোতে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা (বিএনপি)। তাই হুঁশিয়ার করে বলতে চাই, আবারো এক-এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

  • নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

    নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

    নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন।

    ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আজ বুধবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দম কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

    খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।

    ১৩ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ধার্য দিনে আজ রায় হলো।

    কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

    দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।

    মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

    মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।