কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক


শাহরিয়াজ, কক্সবাজার সদর প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের টহলদল টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আজ (১১ নভেম্বর) মঙ্গলবার বিকেলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টের টহলদল একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফগামী একটি চান্দের গাড়ি তল্লাশী করে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ১টি এবং REDMI NOTE 12 5G স্মার্টফোন ১টি জব্দ করে।

এসময় চান্দের গাড়ির চালক মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *