রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয় একটি একতলা ভবনের দোকানঘরে দলীয় কার্যালয়টি স্থাপন করা হয়েছিল।
অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই দলীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে তাদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।